নাইজেরিয়ায় সাম্প্রদায়িক হামলায় নিহত ৩০০
নাইজেরিয়ার রাজধানী জোস থেকে কিছুটা দক্ষিণে গতকাল রোববার ভোরে দোগো-নাহাওয়া, জোট ও কাছাকাছি অন্তত আরও দুটি গ্রামের খ্রিষ্টান অধিবাসীদের ওপর মুসলিম পশুপালকদের এক হামলায় কমপক্ষে ৩০০ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, আশপাশের পাহাড়ি অঞ্চল থেকে ভোর তিনটার দিকে দা হাতে একদল লোক খ্রিষ্টান অধ্যুষিত গ্রামগুলোর ওপর হামলা চালায়।দোগো-নাহাওয়া গ্রামের অধিবাসী পিটার জ্যাং রয়টার্সকে বলেন, প্রথমে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালায়, যাতে লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। এরপর যেসব গ্রামবাসী ঘর থেকে বেরিয়ে আসে হামলাকারীরা তাদের দা দিয়ে কুপিয়ে হত্যা করে। জোস উপত্যকার তথ্যবিষয়ক রাষ্ট্রীয় কমিশনার বলেন, হামলায় ৩০০ জনেরও বেশি, যাদের অধিকাংশই নারী ও শিশু নিহত হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস থেকেই নাইজেরিয়ায় খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে দাঙ্গা চলছে। দাঙ্গা যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য নাইজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গুডলাক জোনাথন গতকাল রোববার ওই হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে এবং জোস নগরের চারপাশের অঞ্চলগুলোতে আর কোনো অস্ত্র যাতে প্রবেশ করতে না পারে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন।