নাইজেরিয়ায় সিসার বিষক্রিয়ায় ১০০ শিশুর মৃত্যু
অবৈধভাবে সোনা উত্তোলনের কারণে নাইজেরিয়ায় গত কয়েক মাসে বিষাক্ত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১৬৩ জন মারা গেছে। মৃতদের অধিকাংশই শিশু এবং প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। দেশটির সরকারি একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এ তথ্য জানায়। নাইজেরিয়ার স্বাস্থ্য দপ্তরের মহামারি-বিষয়ক কর্মকর্তা হেনরি আকপান বলেন, উত্তরের জামফারা রাজ্যের ছয়টি স্থানে ৩৫৫টি এমন ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১১১টি শিশু রয়েছে, যাদের বয়স পাঁচ বছরের কম। তিনি আরও জানান, আক্রান্তরা সোনা আহরণ করতে মাটি খনন করেছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই এলাকাটি সিসা-সমৃদ্ধ এলাকা। এদিকে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় অধিবাসীরা মাটি খুঁড়ে অবৈধভাবে সোনা সংগ্রহ করায় অধিক সিসাযুক্ত এলাকায় গত মার্চ মাস থেকে শিশু মৃত্যুর এ হার বৃদ্ধি পায়।এর আগে গ্রামবাসী বলেছিল, শিশুরা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে সম্প্রতি আন্তর্জাতিক একটি সাহায্য সংস্থার সদস্যরা রক্ত পরীক্ষা করার পর এলাকার লোকজনের রক্তে বিষক্রিয়ার ব্যাপারটি নিশ্চিত করে। এ ঘটনায় এলাকার পানিও দূষিত হয়ে পড়েছে বলে জানা গেছে।