নাইজেরিয়ায় সেনা ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১২
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সেনা ব্যারাকের ভেতরে একটি পানশালায় গতকাল রোববার বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। দেশটির পুলিশ কমিশনার মুহাম্মেদ ইনদাবাওয়া জানান, উত্তরাঞ্চলীয় বুচি শহরের প্রান্তে একটি সেনা ব্যারাকের ভেতরে মামি মার্কেটে গতকাল স্থানীয় সময় রাত আটটায় বিস্ফোরণটি ঘটে। তবে কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদ্ধারকর্মী বার্তা সংস্থাকে বলেন, তাঁরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া ২৫ ব্যক্তি ওই বিস্ফোরণে আহত হয়েছে। তবে হাসপাতালের একজন মুখপাত্র বলেন, বিস্ফোরণে চারজন নারীসহ ১০ জন নিহত হয়েছে।জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইউশুয়া শুয়াইব জানান, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। তবে এতে হতাহতের সংখ্যা জানাতে তিনি অপরাগতা প্রকাশ করেছেন। শুয়াইব আরও জানান, রাজধানী আবুজার শহরতলি জুবায় গতকাল একটি মদের আসরে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ হয়েছে। এতে তিন ব্যক্তি সামান্য আহত হয়েছে।প্রেসিডেন্ট হিসেবে গুডলাক জোনাথন গতকাল শপথ গ্রহণ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ বিস্ফোরণ ঘটে। গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জোনাথন। এ নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃতি দিলেও নির্বাচন-পরবর্তী সহিংসতায় আট শতাধিক লোক নিহত হয়েছে।বিশ্লেষকেরা বলছেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিকে ঐক্যবদ্ধ রাখা এখন প্রেসিডেন্ট জোনাথনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।