ভারতের বিপক্ষে যা হওয়ার হয়েছে, ওই ম্যাচ নিয়ে বলার আর বেশি কিছু নেই। তবে আত্মবিশ্লেষণের সুযোগ আছে। ভারত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস এবং ভুল থেকে শিক্ষা নেওয়া চাই। ২৫ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ। অবশ্যই আমরা ফেবারিট। এখন কথা হচ্ছে, আমাদের একাদশ কী হওয়া উচিত? একাদশে কি আশরাফুলের অভাব বোধ করছি না? কেমন রণপরিকল্পনাই বা নেওয়া যায়?টিম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই ভাবছে। আমি যেটা মনে করি, একাদশে পরিবর্তন তেমন একটা প্রয়োজন নেই। শুধু নাঈমের জায়গায় সোহরাওয়ার্দীর কথা ভাবব আমি। বাকি দশজনই অপরিবর্তিত থাকুক। সোহরাওয়ার্দীর কথা ভাবছি দলে তিনজন স্পেশালিস্ট স্পিনার খেলাতে চাই বলে—রাজ্জাক, সাকিব ও সোহরাওয়ার্দী। আইরিশরা ফাস্ট বল ভালো খেলে, কিন্তু স্পিনে ভালো নয়। এ জন্যই তিন জেনুইন স্পিনার।শুধু তাই নয়, আমি তো আয়ারল্যান্ডের বিপক্ষে এক পাশ থেকে স্পিনার দিয়ে বোলিং শুরু করতে চাইব। অন্য পাশে পেসার এবং অবশ্যই শফিউল। হ্যাঁ, ভারতের বিপক্ষে শফিউল ভালো করেনি। তার পরও নতুন বলে ও-ই আমার সেরা পছন্দ। রুবেলকে ইনিংসের মাঝপথে বেশি ব্যবহার করা যায়। বল পুরোনো হলে সে ভালো রিভার্স সুইং করাতে পারে। তিন জেনুইন স্পিনারের সঙ্গে দুই পেসার—এই হলো আয়ারল্যান্ড ম্যাচে আমার বোলিং বিভাগ।আসছি ব্যাটিং প্রসঙ্গে। শুরুতেই আভাসটা দিয়েছি, আশরাফুলকে আয়ারল্যান্ড ম্যাচে আমি চাই কি না। চাইছি না, কারণ, ভারতের বিপক্ষে আমাদের ব্যাটিংটা ভালোই হয়েছে। এই মুহূর্তে পরিবর্তনের দরকার নেই। হ্যাঁ, টপ অর্ডারে কেউ খারাপ করলে আশরাফুল অবশ্যই আসবে। আসলে আশরাফুলের কাছে আমাদের চাওয়া অনেক। সেই সুযোগও তাকে দিতে হবে। যেহেতু আমরা ভারত ম্যাচে ২৮৩ করলাম এবং এটাও বোঝাতে পারলাম যে এখন ৩০০ রানের ওপরেও তাড়া করতে পারি, কাজেই ব্যাটিং লাইনআপটা অপরিবর্তিতই থাকুক।তবে ভারত ম্যাচে আশরাফুলকে একাদশে রাখা উচিত ছিল। আশরাফুল এমন এক খেলোয়াড়, যাকে বড় ম্যাচের খেলোয়াড় বলা যায় নির্দ্বিধায়। ওই ম্যাচে আমি আশরাফুলকে রাখতাম দলে।টস জিতলে কী করা উচিত, সেটিও নিশ্চয়ই অনেকের মনে কৌতূহল জাগাচ্ছে। ভারতের বিপক্ষে টস জিতেও সাকিব কেন বোলিং নিল—এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ টানাই ভালো। আমি আগের ম্যাচে প্রথমে বোলিংয়ের পক্ষপাতী ছিলাম না হয়তো, তবে আয়ারল্যান্ড ম্যাচে বাংলাদেশ টস জিতলে বোলিং বেছে নিলে কিছু মনে করব না। ভারত আর আয়ারল্যান্ড তো এক নয়!তবে আয়ারল্যান্ডকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। এই দলটা সম্পর্কে আমরা তো তেমন জানি না, এটাই বড় সতর্কবার্তা। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই ভালোভাবে খোঁজখবর নিচ্ছে, ওদের ভালো-খারাপ দিকগুলো নিয়ে কাজ করছে। মাঠে নামার আগ পর্যন্ত এটা করে যাবে আশা করছি। হোমওয়ার্ক ভালো হওয়া উচিত।