নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন, চেয়ারম্যান নাক, কান, গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।সমস্যা: আমার মায়ের বয়স ৫০ বছর। তিনি একজন গৃহিণী। তিন বছর ধরে তিনি কানের সমস্যায় ভুগছেন। কানের ভেতর সব সময় শাঁ শাঁ শব্দ শুনতে পান। মাঝেমধ্যে এত শব্দ করে যে তাঁর মাথা ধরে যায়। নাক, কান, গলা বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু তেমন কোনো উপকার পাননি। চিকিৎসকেরা বলেছিলেন, এটি তেমন কোনো সমস্যা নয়। কানের কয়েকটি পরীক্ষা করানো হলেও কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু এখন আমার মায়ের এ সমস্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমার মা কী ধরনের সমস্যায় ভুগছেন? কীভাবে এর সমাধান হতে পারে?সাদিক, হোসেনপুর।সমাধান: আপনার মায়ের কানের মধ্যে যে শব্দ হয়, এটা এক ধরনের উপসর্গ, কোনো রোগ নয়। চিকিৎসাবিজ্ঞানে আমরা একে টিনিটাস বলি। এটা কখনো কানের রোগের সঙ্গে, আবার কখনো শরীরের অন্য সমস্যার জন্য দেখা দিতে পারে। ৫০ বছর পর সাধারণত বয়সজনিত বধিরতা, উচ্চ শব্দজনিত বধিরতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোস্কেলেরোসিস ও মেনিয়াজ রোগের কারণে এমনটা হতে পারে। আর কানবর্হিভূত রোগের মধ্যে এনিমিয়া, থাইরয়েডের সমস্যা, স্নায়ুরোগ, হতাশা ও দুশ্চিন্তায় এমন উপসর্গ দেখা দিতে পারে। আপনার মায়ের কানের অডিও মেট্রি বা শ্রবণমাত্রা পরিমাপ করা প্রয়োজন। কানে যদি শ্রবণমাত্রা কম থাকে, তাহলে কানের রোগ আছে বলে মনে করা যাবে। অনেক সময় কিছু ওষুধের সাহায্যে টিনিটাস ভালো হয়; আবার টিনিটাস মাসকার ব্যবহার করলেও উপশম পাওয়া যেতে পারে। তাই শিগগিরই একজন নাক, কান, গলা বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।