মুসলিম বিশ্বে সহিংস বিক্ষোভ সৃষ্টিকারী ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর নির্মাতা ও প্রযোজক মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নাকুলা বাসিল নাকুলাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জামিন অযোগ্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠান।ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে নির্মিত হয়। চলচ্চিত্রটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো মুসলিম বিশ্ব বিক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। লিবিয়ায় হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন ক্রিস্টোফারসহ চার আমেরিকান নাগরিক নিহত হন। মিসর, পাকিস্তানসহ কয়েকটি দেশে পুলিশ-বিক্ষোভকারী সহিংসতায় মারা যায় অনেকে। নাকুলা বাসিল নাকুলা ছদ্মনাম স্যাম বাসিল ব্যবহার করে চলচ্চিত্রটি নির্মাণ করেন। ২০১০ সালে একটি ব্যাংক জালিয়াতির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর নাকুলা কারাগারে ছিলেন। ২১ মাস কারাভোগ শেষে পরবর্তী পাঁচ বছর পুলিশের নজরদারিতে থাকার শর্তে ২০১১ সালে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। নাকুলা জামিনের সেই শর্ত ভেঙেছেন কি না, তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই চলচ্চিত্রটির বিষয়ে তদন্ত করছে না। মার্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার নাকুলাকে গ্রেপ্তারের পর অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের আদালতে হাজির করা হয়। তখনো নাকুলার পরনে ছিল সাধারণ পোশাক। তবে তাঁর হাতে হাতকড়া এবং কোমরে বেড়ি পরানো ছিল। শুনানি শেষে আদালতের বিচারিক হাকিম সুজানে সেগাল তাঁর জামিন আবেদন নাকচ করে দিয়ে বলেন, ‘এ মুহূর্তে বিবাদীপক্ষের ওপর আদালতের বিশ্বাস নেই।’ আদালতের নথিপত্রে দেখা যায়, নাকুলাকে জামিনে কারাগার থেকে মুক্তির জন্য দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল তাঁকে পর্যবেক্ষণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি ইন্টারনেট বা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন না। বর্তমানে তাঁকে এ রকম আটটি শর্ত লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। জামিনের আবেদন বাতিলের আদেশে বিচারক সেগাল বলেছেন, নাকুলার পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বেশ কয়েকটি ছদ্মনাম ব্যবহার করাসহ নানা প্রতারণার আশ্রয় নিয়েছেন। মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভের মুখে নাকুলা গত দুই সপ্তাহের বেশির ভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে ছিলেন। গত সপ্তাহে পাকিস্তানের রেলমন্ত্রী গোলাম আহমেদ বিলৌর নাকুলাকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন। শুনানিকালে বিবাদীপক্ষের আইনজীবী স্টিভ সেইডেন আদালতে যুক্তি উপস্থাপন করে বলেন, আত্মগোপনে থাকার সময়ও পর্যবেক্ষণকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল নাকুলার। তবে আদালত এ যুক্তি গ্রহণ করেননি। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হলে নাকুলাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিতে আদালতের কাছে আবেদন করেন। রয়টার্স ও এএফপি।