নাকে রুমাল চেপে পথ চলা...
শাহানা আক্তার হেঁটে যাচ্ছেন বন্দরবাজার মধুবন মার্কেটের সামনের পাকা সড়ক ধরে। উত্তর থেকে দক্ষিণে। তাঁর পাশ দিয়ে আরও অনেকেই হেঁটে যাচ্ছেন। প্রায় ২০ গজ হাঁটার পর তিনি একটি নির্দিষ্ট স্থানে এসে আগের চেয়ে একটু বেশি দ্রুত হাঁটা শুরু করলেন। ডান হাত দিয়ে শাড়ির আঁচলটা এনে নাকে চেপে ধরলেন। এই শীতের সময়েও তাঁর গা ঘিরে ভনভন করছে মাছি। হাতের বাঁ দিকের একটি দুর্গন্ধময় স্তূপ ঘিরে অসংখ্য মাছি যেন কিলবিল করছে। শাহানা আক্তারের ক্ষোভ ঝরে এ কথায়, ‘তাকাতেই বমি বমি ভাব এসে গেল। এই ভর দুপুরেও ময়লা-আবর্জনাগুলো পরিষ্কার করা হয়নি। প্রতিদিন একই অবস্থা। নগরের ব্যস্ততম সড়কে যদি হয় এই অবস্থা, তাহলে অন্যগুলোর যে কী অবস্থা, তা একমাত্র আল্লাই জানেন!’মঞ্জুরুল হাসান নামের আরেক পথচারী জানান, নগরে সিটি করপোরেশনের নির্দিষ্ট ডাস্টবিন ছাড়াও যত্রতত্র রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলায় অবস্থা আরও বেগতিক হচ্ছে। ফলে নগরজুড়ে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সরেজমিনে দেখা গেছে, নির্দিষ্ট ডাস্টবিন ছাড়াও নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, দাড়িয়াপাড়া, বাগবাড়ি, পাঠানটোলা, সুবিদবাজার, আম্বরখানা, ধোপাদিঘীর পার, জেলরোড, কুমারপাড়া, রায়নগর, নাইওরপুল, লামাবাজার, শেখঘাট, কাজিরবাজার, কালীঘাট, লালদিঘীরপার, কাস্টঘর, কাজীটোলা, চালিবন্দর, উপশহর গার্ডেন টাওয়ারের পাশে, নতুন পুলের মুখ, কালামগর, চৌহাট্টাসহ প্রায় অর্ধশতাধিক স্থান ‘আবর্জনার ভাগাড়’ হিসেবে ব্যবহূত হচ্ছে। এলাকাবাসী রাতের বেলা এসব স্থানে নিয়মবহির্ভূতভাবে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন। অথচ এ ব্যাপারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোনো দায়িত্বশীল ভূমিকা রাখছে না বলে সচেতন লোকজন অভিযোগ করেছেন।মীরাবাজার এলাকার সাদেক হোসেন বলেন, উপযুক্ত তদারকির অভাবে মানুষজন বিভিন্ন রাস্তার পাশে আবর্জনা ফেলছেন। সারা দিন বাসাবাড়িতে জমা করা এসব ময়লা রাতের বেলা ফেলা হয়। তাই সকাল বেলা পথ চলতে পথচারীদের ভোগান্তির শিকার হতে হয়। এ অবস্থা থেকে রেহাই পেতে হলে জনসচেতনতা বাড়াতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কিংবা সভা-সেমিনার করা যেতে পারে। সবাইকে বোঝাতে হতে হবে যে আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত।