নাকের বদলে নরুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীর জয়শিং ঘাটে একসময় ফেরি দিয়ে চলত পারাপার। কিন্তু ফেরিটি তিন বছর আগে ঘাট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন লোকজানকে বর্ষায় নৌকা ও এখন বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ফলে এলাকার ব্যবসায়ী থেকে ছাত্র সবাইকে ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা সদর থেকে সোনাহাটা বাজার হয়ে জেলা সদরে যেতে জয়শিং ঘাট পার হয়ে যাওয়াই সংক্ষিপ্ত পথ। বাঙ্গালী নদীর এই ঘাটের দুই পারের রাস্তাই পাকা করা হয়েছে। অথচ ঘাটে সেতু না থাকায় এলাকাবাসী যোগাযোগসুবিধা থেকে বঞ্চিত। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ১২ জুন সরকারিভাবে জরাজীর্ণ একটি ফেরি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে ফেরিটি প্রায়ই বিকল হয়ে পড়ে থাকত। তার পরও ফেরির কল্যাণে এলাকার ব্যবসা-বাণিজ্যসহ যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটে। কিন্তু ২০০৭ সালের ১৫ ডিসেম্বর সড়ক ও জনপথ বিভাগ ফেরিটি ঘাট থেকে সরিয়ে নেয়। পরবর্তী সময়ে জেলা পরিষদ থেকে ওই ঘাট ইজারা দেওয়া হয়। ফলে এলাকাবাসীকে আবারও শুস্ক মৌসুমে বাঁশের সাঁকো এবং বর্ষায় ডিঙি নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে।জয়শিং গ্রামের কৃষক আফছার আলী বলেন, ‘কয়েক বছর ধইরা হামাইংগোরে জমির ফসলের ভালো দাম পাচ্ছুনি। এইংকা করে লদী পার হওন যায় না। ফসল বেচানোর জন্নি অনেক পথ ঘুরোন লাগুচ্ছে। হামরা সময়মতো হাটোত না পুচতে পাইরা ফসলের ভালো দাম পাচ্ছুনি।’নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, জয়শিং ঘাট থেকে ফেরি সরে নেওয়ায় যানবাহনসহ এলাকাবাসীর পারাপারে সমস্যা দেখা দিয়েছে। এ এলাকার মানুষ কৃষি-নির্ভর। ঘাটে পারপারে সুবন্দবস্ত না থাকায় কৃষকেরা তাঁদের পণ্য জেলা শহরে নিতে পারছেন না। এ ছাড়াও এলাকাবাসীকে ২০ কিলোমিটার বাড়তি পথ ঘুরে ধুনট সদর হয়ে জেলা শহরে যেতে হয়। এতে অর্থ ও সময় দুই-ই ব্যয় হচ্ছে বেশি।জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, একটি ঘাটে ফেরি চালাতে গেলে যে পরিমাণ যানবাহন ও পথচারী পারাপার হওয়া দরকার, ওখানে তা হয় না। ফলে ফেরি চালাতে গেলে আর্থিক ক্ষতি হয়। এ কারণে ফেরিটি সারিয়াকান্দিতে নেওয়া হয়েছে। সেখানে সেতুর নির্মাণকাজে সেটি ব্যবহার করা হচ্ছে।