নাখালপাড়ার মামলায় ড্যাবের মহাসচিব জাহিদ গ্রেপ্তার
রাজধানীর নাখালপাড়ায় নির্মাণাধীন হাসপাতাল ভবনের ভিত তৈরির জন্য করা দেয়াল (শোর পাইলিং) ধসে পড়ার মামলায় চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে মগবাজারের উদয়ন টাওয়ারের চেম্বার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।চিকিৎসক জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব।নাখালপাড়ার ঘটনায় রাজউক একটি এবং আশপাশের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ছয়টি মামলা করেছেন। ক্ষতিগ্রস্তদের করা তিনটি মামলায় জাহিদ হোসেন আসামি বলে জানা গেছে। ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নাখালপাড়ার মামলায় জাহিদ হোসেন এজাহারভুক্ত আসামি। আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় জাহিদ হোসেনের ১৩ বছরের সাজা হয়। দুর্নীতির মামলায় তাঁর স্ত্রী রিফাত হোসেনেরও তিন বছরের সাজা হয়েছিল। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। পরে চাকরিচ্যুত হন।