নাখালপাড়ায় হেলেপড়া পাঁচতলা বাড়িতে রাজউকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নাখালপাড়ায় হেলেপড়া পাঁচতলা বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে আজ। ৫ জুন বাড়িটি হেলে পড়ে। এ ছাড়া আজ মালিবাগেও একটি ছয়তলা বাড়িতে অভিযান চালানো হয়।আজ সকালে রাজউক এক প্লাটুন পুলিশ ও নিজস্ব শ্রমিকদের নিয়ে ৫৩৭/১ পূর্বনাখালপাড়ার বাড়িতে উচ্ছেদ অভিযান চালায়। অভিযানকালে এলাকার কিছু লোক ভাঙার কাজে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে পুলিশ ও রাজউকের কর্মকর্তাদের অনুরোধে তাঁরা সরে পড়েন।রাজউক সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে নির্মিত নাখালপাড়ার এই বাড়িটির কোনো অনুমোদনই ছিল না। বাড়িটির পাশে কোনো রাস্তাও নেই। তার ওপর সমবায় সমিতির একটি রাস্তার অংশ দখল করে বাড়ি সম্প্রসারণ করা হয়।রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা জানান, আজ বাড়িটিতে অভিযানকালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।ম্যাজিস্ট্রেট বলেন, রাজধানীর অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন ভাঙায় রাজউকের উদ্যোগের অংশ হিসেবে নাখালপাড়ার এই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে।কোনো রাস্তা না থাকায় বাড়ি ভাঙার কাজে বুলডোজার ব্যবহার করা যায়নি। রাজউকের শ্রমিকেরা শাবলের সাহায্যে আজ বিকেল চারটা পর্যন্ত কাজ করে বাড়ির বিভিন্ন তলার সীমানা দেয়াল ভেঙে দেয়। বাইরের দেয়ালও ভাঙা হয়।রাজউকের অথারাইজড কর্মকর্তা শফিকুর রহমান জানান, বাড়িটির বাকি অংশ আগামী রোববার ভাঙা হবে।এদিকে গতকাল মালিবাগে ১৪৮ নম্বর বাড়িতেও রাজউক অভিযান চালায়। গতকাল দুপুরের দিকে ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলার নেতৃত্বে উচ্ছেদ কাজ শুরু হয়। ম্যাজিস্ট্রেট জানান, একচুয়াল ডেভেলপার নামের একটি কোম্পানি বাড়িটি নির্মাণ করছে। ছয়তলা বাড়ির চারপাশে পাঁচ ফুট বাড়তি অংশ তৈরি করা হয়েছে, যা বাড়িটির জন্য ঝুঁকিপূর্ণ। বাড়ির বাড়তি অংশের দেয়াল ও রড ভেঙে দেয় শ্রমিকরা।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজউক পাঁচ হাজার ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে। তালিকার বাইরেও রয়েছে আরও সমানসংখ্যক ভবন। পর্যায়ক্রমে সবই ভাঙা হবে। আগামী শনিবার ও সোমবার বেগুনবাড়ি এলাকায় অভিযান শুরু হবে।