নাগপুর টেস্ট: ভারতকে সাধারণ মানে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা
কেউ কেউ ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজকে বলছিলেন ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব ক্রিকেট’। আইসিসি র্যাংকিংয়ের অন্যতম দুটি শীর্ষ দলের এ লড়াইকে তো তা বলাই যায়। কিন্তু নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের ফলাফল অন্তত সেই বিশেষণকে তেমন একটি সমর্থন জানাচ্ছে না। ভারতের মাঠে এতটা একপেশে টেস্ট জয় বোধকরি দক্ষিণ আফ্রিকান দলপতি গ্রায়েম স্মিথও আশা করেননি। চার দিন আগে টসে হেরে ফিল্ডিং করতে নেমে ভারত মাত্র ৬ রানের মধ্যে ফেলে দিয়েছিল ২টি প্রোটিয়াস উইকেট। ভারতের প্রাথমিক সাফল্যের পর থেকে বাকি সময়টা নাগপুরে কর্তৃত্ব করেছে আফ্রিকান স্প্রিংবকেরা। নিজেদের মাটিতে ভারতকে এতটা অসহায় শেষ কবে মনে হয়েছে, সে জন্য ক্রিকেট ইতিহাসবিদদের প্রচুর গবেষণার প্রয়োজন রয়েছে।গৌরচন্দ্রিকা বাদ দিয়ে এবার আসল কথায় আসা যাক, সংবাদটি হলো নাগপুর টেস্টে ভারতকে দক্ষিণ আফ্রিকা পরাজিত করেছে ইনিংস ও ৬ রানের ব্যবধানে। হাশিম আমলা আর জ্যাক ক্যালিসের অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার সংগৃহীত ৫৫৮ রানের পাহাড় দুবার ব্যাট করেও ডিঙাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানেরা। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষণের সমন্বয়ে গড়া ভারতের ‘অসাধারণ’ ব্যাটিং লাইন আপের জন্য নাগপুর টেস্টের ফলাফল খুব ‘সাধারণ মানের’ হয়ে গেল নয় কি?ভারতের ব্যাটসম্যানদের যে বর্তমানে সময়টা খুব ভালো যাচ্ছে না, তার কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছিল সর্বশেষ বাংলাদেশ সফরেই। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৫৮ রান সংগ্রহ করতে নেমে কেবল বীরেন্দর শেবাগ ও সুব্রামেনিয়াম বদ্রিনাথকেই চোখে পড়েছে। শেবাগের ১০৯ আর বদ্রিনাথের ৫৬ রানের ইনিংস দুটি না হলে ভারতের যে কী হতো তা বলাই বাহুল্য। ভারতের ব্যাটসম্যানদের ব্যর্থতার সঙ্গে বলতে হবে প্রোটিয়াস ‘পেস মিসাইল’ ডেইল স্টেইনের নাম। তিনি ভারতের প্রথম ইনিংসে ৫১ রানে ৭ উইকেট নিয়ে ‘বিশ্বজয়ী’ ব্যাটিং লাইনআপকে বড় সাধারণ পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছেন। প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৯২ রান থেকে ২৩৩ রানে অলআউট হওয়াই প্রমাণ করে ডেইল স্টেইনের স্পেলটি দুঃস্বপ্নেরই আরেক প্রতিশব্দ ছিল ভারতীয় শিবিরে।ফলোঅন করতে নেমে ভারত কেবল প্রথম ইনিংসে নিজেদের সংগ্রহকেই ছাড়িয়ে যেতে পেরেছে। এই ইনিংসে ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যাটি ছিল কোনো ব্যাটসম্যানেরই নিজেদের ইনিংসগুলোকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে না পারা। শচীন টেন্ডুলকার নিজের জন্য আরও একটি সেঞ্চুরি তুলে নিতে পেরেছেন ঠিকই, কিন্তু সেঞ্চুরি করার পর আর এক রানও করতে পারেননি ‘মাস্টার ব্লাস্টার’। এই ইনিংসে শচীন ছাড়া ভারতের ব্যাটিংয়ের অন্যান্য রথী-মহারথীরা ব্যর্থ হওয়ার কারণে শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই পরাজয় মেনে নিতে হয় ভারতকে। শচীনের ১০০ রানের পাশাপাশি ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ হরভজন সিংয়ের। আর সেই অঙ্কটা ৩৯। ডেইল স্টেইন এই ইনিংসেও নিজের বোলিং প্রতিভাটা ঝালাই করে নিয়েছেন। এই ইনিংসে তাঁর সংগ্রহ ৩ উইকেট। তাঁর পাশাপাশি হ্যারিসেরও সংগ্রহ ৩ উইকেট।নিজের অনবদ্য ২৫৩ রানের জন্য ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন হাশিম আমলা। ভারতীয় বোলারদের মধ্যে জহির খান আর হরভজন সিংকে কিছুটা সফল বলা যেতে পারে। কারণ, তাঁরা ভারতীয়দের অন্তত কিছুটা আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা ৫৫৮/৬ (ডিক্লেয়ার)হাশিম আমলা ২৫৩, জ্যাক ক্যালিস ১৭৩জহির খান ৩/৯৬, হরভজন সিং ২/১৬৬ভারত (১ম ইনিংস) ২৩৩শেবাগ ১০৯, বদ্রিনাথ ৫৩ডেইল স্টেইন ৭/৫১ভারত (২য় ইনিংস) ৩১৯শচীন টেন্ডুলকার ১০০ডেইল স্টেইন ৩/৫৭, হ্যারিস ৩/৭৬দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৬ রানে জয়ীম্যান অব দ্যা ম্যাচ: হাশিম আমলা২ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১-০ ব্যবধানে