নাগপুরে স্টেইন-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল হোল্ডিংয়ের প্রশংসাই কি জ্বেলে দিল ডেল স্টেইন-আগুন? কাকতালীয়ভাবে হলেও ঘটনা যেন সে রকমই।গতির ঝড়, বাউন্সার, ইয়র্কার, সুইং—কী নেই ডেল স্টেইনের বলে? সব মিলিয়ে ডেল স্টেইন মানেই ব্যাটসম্যান-কুলের আতঙ্কের নাম। অগ্নিমূর্তি ধারণ করে মুহূর্তেই আমূল পাল্টে দিতে পারেন ম্যাচের রং। মাত্র ৪৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে আর ২১টি টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এর প্রমাণ বহুবার দিয়েছেন এই সময়ের সেরা পেসার ডেল স্টেইন। পরশু নাগপুরের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি একেবারে তরতাজা উদাহরণ।বীরেন্দর শেবাগ আর গৌতম গম্ভীরের সহায়তায় শচীন টেন্ডুলকারের উদ্ধত ব্যাট যে ভারতকে দিচ্ছিল ৩৫০ রানের স্কোর পেরোনোর ইঙ্গিত, ডেল স্টেইন-আগুনে পুড়ে সেই ভারত গুটিয়ে গেল তিন শর আগেই! মাত্রই ২ আর ১.৪ ওভারের অতি ছোট দুটি স্পেল, তাতেই গর্জন তুলে এগিয়ে চলা ভারত-বাঘ ভূপাতিত। ১ উইকেটে ২৬৭ থেকে ২৯৬ রানে অলআউট! মাত্র ২৯ রানে ৯ উইকেটের পতন!দুর্দান্ত ফর্ম আর প্রচণ্ড সাফল্য-পিপাসু স্টেইনকে নিয়ে আলোচনা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ছিল। কিন্তু টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে স্টেইন-আগুন যেন জ্বলছিল না। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ২৪ রানে ৩ উইকেট, হল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ১টি, ইংল্যান্ড ম্যাচে ১ উইকেট ৩৭ রানে—পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। কিন্তু বল হাতে অগ্নিমূর্তি বলতে যা বোঝায়, সেটাই পারছিলেন না স্টেইন। অবশেষে বিশ্বকাপ দেখল বর্তমানের সেরা বোলারটির আসল রূপ। তাতে সর্বনাশ ভারতের। ব্যর্থ হলো ‘ব্যাটিং বিস্ময়’ টেন্ডুলকারের ৯৯তম আন্তর্জাতিক সেঞ্চুরি।এখানেই কাকতালীয় বলা যায়, মাইকেল হোল্ডিংয়ের প্রশংসাকে। নাগপুরের এই ‘হাই-ভোল্টেজ’ ম্যাচের দিন দুই আগেই ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিং বলে দেন বর্তমানে একমাত্র ডেল স্টেইনকেই পরিপূর্ণ ফাস্ট বোলার বলা যায়। স্টেইনও ওয়ানডেতে প্রথম ৫ উইকেট তুলে নিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন হোল্ডিংকে।অথচ শুরুতে শেবাগ-টেন্ডুলকারের সামনে স্টেইন ছিলেন অসহায়। উদ্বোধনী স্পেলে ৩ ওভারে দেন ২৪ রান, দ্বিতীয় স্পেলে ১ ওভারে দেন ১০। তৃতীয় স্পেলে ২ ওভারে ৭। মোট ৭ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট নেই। সেই স্টেইনের ম্যাচ শেষে বোলিং বিশ্লেষণ ৯.৪-০-৫০-৫! মানে পরের ২.৪ ওভারে মাত্র ৪ রানে ৫ উইকেট! গম্ভীর, ইউসুফ পাঠান, হরভজন, নেহরা আর মুনাফ প্যাটেল তাঁর শিকার।স্টেইন ভারতকে বেঁধে ফেললেন সাধ্যের সীমানায়। দক্ষিণ আফ্রিকানরাও ঘরে তুলল মূল্যবান জয়। স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে স্টেইনের হাতে। যদিও স্টেইন এই জয়কে বলছেন দলীয় প্রচেষ্টার ফসল, ‘প্রথম ৫ ওভার পর আমি আবার নতুনভাবে শুরু করেছিলাম। এতেই আমরা দারুণভাবে ম্যাচে ফিরে আসি। এটা দুর্দান্ত এক দলীয় পারফরম্যান্স। একটা উইকেটের পর আমরা আরেকটা উইকেটের জন্য ঝাঁপিয়ে পড়েছি এবং চাপ অব্যাহত রেখেছি।’এভাবে জাদুর মতো ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়া নায়কের প্রশংসা করা তো অধিনায়ক স্মিথের কর্তব্যের মধ্যেই পড়ে! স্মিথও স্টেইন-প্রশংসায় পঞ্চমুখ। তথ্যসূত্র: ইএসপিএন।