বাংলাভিশনে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক মিথ্যা তুমি দশ পিঁপড়া। মেজবাউর রহমানের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শিবু কুমার শীল, পরিচালনা করেছেন মেজবাউর রহমান। এখানে অভিনয় করছেন তানিয়া হোসাইন। কথা হলো তাঁর সঙ্গে।‘মিথ্যা তুমি দশ পিপড়া’ নাটকের কাজ কবে করেছিলেন?নাটকটির প্রথম কাজ করেছিলাম ২০০৯ সালের জুন মাসে। ১৩ পর্বের শুটিংয়ের পর আর শুটিং হয়নি। শুনেছি আগামী মাস থেকে আবার শুটিং শুরু হবে। এখানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমার বিপরীতে অভিনয় করেছেন শিরোনামহীন ব্যান্ডের তুহিন।নাটকটির গল্প নিয়ে কিছু বলুন।নাগরিক ও নগরের গল্প নিয়ে নাটকটি। প্রতিটি চরিত্রের কথা বলার ভঙ্গি, গঠন ও গড়ন আলাদা, কিন্তু প্রধান চরিত্রের দশজনের একটি জায়গায় খুব মিল। আর তা হলো, তারা মিথ্যা কথা বলে। ‘যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না’-চরিত্রগুলো এ রকম পণ করেছে বলে মনে হবে। বাংলাভিশনের ‘নো প্রবলেম’ নাটকের ফ্লোরার কী খবর?বিজ্ঞাপন এজেন্সিতে ফ্লোরার কাজ আর স্বামীকে (হিল্লোল) নিয়ে সংসার ভালোই চলছিল। সামনের পর্বে ইন্তেখাব দিনারকে নিয়ে ফ্লোরার সংসারে জটিলতা তৈরি হবে। আপনি তো ভ্রমণ নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।এবারই প্রথম ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এটিএন বাংলার ‘ডেস্টিনেশন আনলিমিটেড’ অনুষ্ঠানের ২৬ পর্বের কাজ করেছি ফিলিপাইনে। সুন্দর একটা দেশ। ফিলিপাইনের ১৫টি দ্বীপে আমরা শুটিং করেছি। সেখানকার আদিবাসীদের সঙ্গে মিশেছি, তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জেনেছি। ফিলিপাইন ট্যুরিজম বোর্ডের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। দেশের বাইরে নাকি যাচ্ছেন?হ্যাঁ। ৫২ পর্বের একটি নাটকের শুটিংয়ের জন্য ১৫ জুন ব্যাংকক যাচ্ছি। পাতায়া এবং এর আশপাশে নাটকটির শুটিং হবে। ৩০ জুন দেশে ফিরব। এসেই ঈদের নাটকের কাজ করব।