নাগরিক ও স্থায়ী বাসিন্দারা অর্পিত সম্পত্তি ফেরত পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রেখে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল ২০১১ সম্পর্কে কমিটির প্রতিবেদন উপস্থাপিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বহুল আলোচিত বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন উত্থাপন করা হয়। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এই প্রতিবেদনটি উপস্থাপন করেন। সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির জেলাওয়ারি তালিকা তৈরি করে সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেটে উল্লেখ করা জমির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করলে তা গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দাবির সমর্থনে প্রমাণাদিসহ জেলা কমিটির কাছে আবেদন করতে হবে। জেলা কমিটি ১২০ দিনের মধ্যে আবেদন যাচাই-বাছাই করে লিখিত সুপারিশ জেলা প্রশাসকের কাছে দেবে। প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসক ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। জেলা কমিটির সুপারিশে কেউ সংক্ষুব্ধ হলে তিনি ৬০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে আপিল করতে পারবেন।প্রস্তাবিত আইন অনুসারে অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, স্থানীয় একজন সাংসদসহ সাত সদস্যের জেলা কমিটি গঠনের কথা বলা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি করে আট সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। কারও দাবি যথার্থ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট অর্পিত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হবে। সরকারি সম্পত্তি সরকার বিবেচনামতো বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবে। এ ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী বা ইজারা সূত্রে ভোগদখলকারী অগ্রাধিকার পাবেন।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পরিপ্রেক্ষিতে ডিফেন্স অব পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অব পাকিস্তান রুলস জারি করে জরুরি অবস্থা ঘোষণা করে। ওই বিধান অনুসারে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর হতে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক পাকিস্তান ছেড়ে ভারত চলে গেছেন, তাঁদের ফেলে যাওয়া সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। সরকার ২০০১ সালে সর্বশেষ অর্পিত সম্পত্তি (শক্র সম্পত্তি) প্রত্যর্পণ আইন ২০০১ জারি করে। ২০০২ সালে এটি আবার সংশোধন করা হয়। তবে আইনটি এখনো বাস্তবায়ন করা হয়নি। এ ছাড়া অর্পিত সম্পত্তি আইন ২০০১ দ্বারা অর্পিত সম্পত্তিকে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তি এবং প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির বহির্ভূত সম্পত্তি (ব্যক্তির দখলে থাকা) এই ২ ভাগে ভাগ করা হয়।গত বছরের ৭ ডিসেম্বর ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে স্পিকার এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান। কমিটি বিলটি স্পর্শকাতর বিবেচনায় সংশ্লিষ্টদের মতামতও নিয়েছে।