নাগরিক জীবন মনোযোগে বিঘ্ন ঘটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক জীবন মানেই হইচই, কোলাহল আর অবিরাম ছুটে চলা। দুদণ্ড স্থির সময় পার করার ফুরসত শহুরে মানুষ কদাচিত্ পেয়ে থাকে। এই কোলাহলপূর্ণ ব্যস্ত নাগরিক জীবন মানুষের মনোযোগে বিঘ্ন ঘটায় বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। আজ বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে গোল্ডস্মিথ কলেজের একদল গবেষক দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের হিমবা আদিবাসী গোষ্ঠী ও লন্ডনের তরুণ প্রজন্মের ওপর এ বিষয়ে গবেষণা চালান। গবেষণায় উঠে এসেছে, গ্রামের মানুষের তুলনায় কাজে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয় শহুরে মানুষকে। গবেষক দলের দাবি, শহুরে জীবনের উত্তেজনা, আলো ও শব্দের আধিক্য মানুষের দৃষ্টি ও শ্রবণক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ফলে তাদের মনোযোগী হতে অসুবিধা হয়।ওই দলের একজন গবেষক কারিনা লিনেল জানান, শহুরে কর্মজীবী মানুষকে একই সঙ্গে একাধিক কাজ করতে হয়। তারা তাদের ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি কাজ করেন। সে কারণে তারা ক্যাফেইনের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। মনোযোগে বিঘ্ন ঘটার এটি অন্যতম কারণ।অন্যদিকে, নামিবিয়ার প্রত্যন্ত এলাকায় হিমবা জনগোষ্ঠীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, শান্ত ও স্থির জীবন অতিবাহিত করার কারণে যেকোনো কাজে তারা তুলনামূলক বেশি মনোযোগ দিতে সক্ষম। তবে এ গোষ্ঠীটির যেসব মানুষেরা শহরে পাড়ি জমিয়েছেন তাদের ওপর গবেষণা করে দেখা গেছে, তারা তাদের জীবন নিয়ে অসন্তুষ্ট ও অসুখী।লিনেলের মতে, যেহেতু এখন বিশ্বের অধিকাংশ দেশের মানুষই নগরমুখী হচ্ছে, তাই মানুষের জীবনে নাগরিক জীবনের একটি সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। মনোযোগহীন ও অসুখী জীবন থেকে শহুরে মানুষকে কীভাবে রেহাই দেওয়া যায়, তা নিয়ে এখন থেকেই ভাবতে হবে।