নাগরিক জীবনে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ চৈত্রসংক্রান্তি। শেষ হচ্ছে বাংলা ১৪১৮ সন। কাল শুরু হবে নতুন বছর ১৪১৯। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। কাল বর্ষবরণের মূল আকর্ষণ ভোরবেলা ছায়ানটের আয়োজন। রমনা বটমূলে ভোর সোয়া ছয়টায় সকালের সুরের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। দুই ঘণ্টার এই আয়োজনে থাকবে প্রকৃতি, দেশ ও মাটির গান আর আবৃত্তি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার। ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজের গান শুরু হবে কাল সকাল সাড়ে সাতটায়, শাহবাগে শিশুপার্কের নারকেল বীথি চত্বরে। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের আরেকটি বড় আয়োজন হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আয়োজন করেছে সুরের ধারা ও চ্যানেল আই। আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং কাল ভোর ছয়টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই।কারুমেলা, ছবিমেলা, বাংলা গানের আসর, আবৃত্তি, পুতুলনাচ নিয়ে কামাল আতাতুর্ক এভিনিউর বনানী মাঠে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে দুই দিনের ‘বেঙ্গল বৈশাখী উত্সব’। আজ সকাল সাড়ে নয়টা এবং কাল সকাল সাড়ে আটটায় শুরু হবে এই উত্সব। সরাসরি দেখাবে দেশ টিভি। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে দুই দিন অনুষ্ঠান করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ সূর্যাস্ত থেকে শুরু হবে চৈত্রসংক্রান্তি এবং কাল বিকেল চারটা থেকে হবে বর্ষবরণ অনুষ্ঠান।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে, আজ সন্ধ্যা ছয়টায়।সংগীতশিল্পীদের সংগঠন সংক্রান্তি অ্যালায়েন্স আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চৈত্রসংক্রান্তি উত্সব করবে ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্র মাঠে। বৈশাখী টিভি সরাসরি প্রচার করবে আয়োজনটি।রবিরাগ বর্ষবরণের আয়োজন করবে ধানমন্ডি ২/এ সড়কের লেকপাড়ে। শুরু হবে কাল সকাল সাড়ে ছয়টায়। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে সকাল সাড়ে ছয়টায় আয়োজন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। বৈশাখী কনসার্ট হবে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে, সকাল ১০টা থেকে। আজ সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এবং কাল একই সময়ে গুলশানের স্যাফরনে লাইভ স্কয়ার কনসার্টে গান করবে নরওয়ের ব্যান্ড ওকে ওয়ার্ল্ড ও বাংলাদেশের চিরকুট।এ ছাড়া চট্টগ্রামের ডিসি হিলে, খুলনার হাদিস পার্ক মাঠে, সিলেটে ব্লু-বার্ড বিদ্যালয় ও মীরের ময়দান, ময়মনসিংহে শহীদ মিনার এলাকার টাউন হলে, রাজশাহী শহরে এবং যশোর জেলা পরিষদ মিলনায়তনে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করছে বাংলালিংক।