বাহারি সব নাগরিক সংগঠনের নামে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন রাজশাহীর সম্ভাব্য মেয়র প্রার্থীরা। কারও আছে নাগরিক কমিটি, কারও বা ফোরাম। আবার সচেতন নাগরিক সমাজ কিংবা বিপ্লবী নাগরিক সমাজের নামেও গড়ে উঠেছে নাগরিক কমিটি। নগরবাসী বলছেন, সিটি করপোরেশ নির্বাচন নির্দলীয় হওয়ায় রাজনৈতিক দলগুলো এখানে নাগরিক কমিটির বিভিন্ন নামে কাজ করে। প্রধান রাজনৈতিক দলগুলোর চেতনায় বিশ্বাসী বিশিষ্ট নাগরিকদের নিয়ে এসব কমিটি গঠিত হয়। তবে নির্বাচন শেষ হয়ে গেলে এসব কমিটির আর কোনো কার্যক্রম থাকে না।নগরবাসী জানিয়েছেন, রাজশাহী সিটি করপোরশনে নির্বাচনে এবার আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য গঠিত হয়েছে নাগরিক কমিটি। গতবারও এই নামেই কমিটি হয়েছিল। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখেই আবার কাজ শুরু করেছে এই নাগরিক কমিটি। এদিকে গতবার বিএনপির কোনো নাগরিক কমিটি না থাকলেও এবার তারাও গঠন করেছে নাগরিক ফোরাম। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাজশাহীর দৈনিক বার্তা ভবনে নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নাগরিক কমিটির আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন ও সদস্যসচিব সৈয়দ সাফিকুল আলমসহ রাজশাহীর নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ১২০ ব্যক্তি উপস্থিত ছিলেন। বৈঠকে এইচ এম খায়রুজ্জামানের পক্ষে নির্বাচনী কৌশল নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ওই বৈঠক চলে। বৈঠকের শেষ পর্যায়ে মেয়র পদপ্রার্থী এইচ এম খায়রুজ্জামান নিজেও যোগ দেন।বৈঠকের বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির সদস্য নিজামুল হুদা বলেন, ‘আমরা রাজশাহীর প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ লোকজন একসঙ্গে বসেছিলাম। আমরা এইচ এম খায়রুজ্জামানের পক্ষে কাজ করার জন্য নির্বাচনী কৌশল নির্ধারণ করেছি।’তবে বিএনপির দুজন প্রার্থী নির্বাচনে থাকায় নাগরিক ফোরাম এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ, যুবদলের মহানগরের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে প্রার্থী হয়েছেন। আর বিএনপির মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হকও ফোরামের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এর বাইরে জামায়াতও আলাদাভাবে নির্বাচন করতে চাইছে। ফলে বিএনপি-জামায়াতের বুদ্ধিজীবীরা আছেন দ্বিধাদ্বন্দ্বে। জানতে চাইলে সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখনো ফোরামের কমিটি করতে পারেনি। কমিটির সদস্যসচিব কে হবেন, কারা সদস্য হবেন, সে বিষয়ে আমরা এখনো কিছু ঠিক করতে পারিনি। তবে সব শ্রেণী-পেশার মানুষকে নিয়েই আমরা এই ফোরাম করব।’ একাধিক প্রার্থীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত প্রার্থী কে হবেন, সেটি ঠিক হয়ে আছে। সময় এলেই আমরা সেটি জানাব।’প্রধান দুই ফোরামের বাইরে রাজশাহী সচেতন নাগরিক সমাজ (রাসনাস) নামে আরেকটি নাগরিক সংগঠন গড়ে উঠেছে এ বছরের ২৬ মার্চ। এই সংগঠন স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে কাজ করছে। এই সংগঠনের সদস্যসচিব সোয়াইব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা সমাজ উন্নয়নকর্মী হাবিবুর রহমানের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই সমাজসেবক হিসেবে তিনি সবার কাছে পরিচিত হোন।’ স্বতন্ত্র আরেক প্রার্থী মীর মোজাম্মেল আলীও এবার মেয়র পদে নির্বাচন করছেন। রাজশাহী বিপ্লবী নাগরিক সমাজ নামে তাঁরও একটি নাগরিক কমিটি আছে। তবে ওই নাগরিক সমাজের আহ্বায়ক কে, সদস্য কারা, সে বিষয়ে কিছুই জানে না নগরবাসী। জানতে চাইলে মোজাম্মেল আলীও কিছু বলতে রাজি হননি। নিজেকে মহানগর বিএনপির উপদেষ্টা দাবি করে তিনি বলেন, ‘আমি একই সঙ্গে জিয়া পরিষদেরও সহসভাপতি। কিন্তু বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই আমি বিদ্রোহী প্রার্থী হয়েছি। ১ শতাংশ ভোট পেলেও আমি নির্বাচন করব।’ ১৮-দলীয় জোটের শরিক জামায়াতের রাজশাহী মহানগরের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর মেয়র পদে নির্বাচন করলেও কোনো ফোরাম গঠন করেননি।