নাগরিক সমাজের সম্মেলনে পাঁচ দফা দাবি ঘোষণা
মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান লড়াইয়ে অংশ নিয়ে প্রতিক্রিয়াশীল ও ধর্মব্যবসায়ী শক্তিকে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। আজ শনিবার সকালে নাগরিক সমাজের জাতীয় সম্মেলনে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, এটি দেশের অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই থেকে কারও পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। অতীতের মতো এ লড়াইয়েও সবাইকে নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হচ্ছে, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা; যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা; সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো; মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া ও মুক্তচিন্তার পথ খোলা রাখা; তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করা ও নারীর অধিকার সমুন্নত রাখা।‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ আহ্বানভিত্তিক ওই সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান। ছায়ানটের শিল্পীদের পরিবেশিত জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর সম্মেলনে একটি শোকপ্রস্তাব উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ। পাঁচ দফা দাবি সংবলিত সম্মেলনের ঘোষণা পড়েন সারওয়ার আলী।গণজাগরণ মঞ্চসহ ঢাকা ও বাইরের নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ব্যক্তিগতভাবে অনেকে সম্মেলনে যোগ দেন।অংশগ্রহণকারীদের মুহুর্মুহু স্লোগানে সম্মেলনস্থল ছিল মুখরিত। সম্মেলন চলাকালে অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও বিভিন্ন ব্যক্তি এর লক্ষ্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন।মহম্মদ এ আরাফাতের সঞ্চালনায় সম্মেলনে সূচনা বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি জামায়াত-শিবির, মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় এখন আর এ লড়াইয়ের কোনো বিকল্প নেই।’ সম্মেলনে ড. আনিসুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে অতীতের মতো মূল্য দিতেও আমরা প্রস্তুত।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে সারা দেশে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তাদের সব দাবি বর্জনের ডাক দিতে হবে।’