নাগরিক-সুবিধা পাচ্ছে না ঝিনাইদহ পৌরবাসী
ঝিনাইদহ পৌরসভা গঠিত হয় ১৯৫৮ সালের ১১ মার্চ। ১৯৮১ সালে এটি খ শ্রেণীতে এবং ১৯৯১ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। মোট ৩২ দশমিক ৪২ বর্গকিলোমিটার আয়তনের ২৬টি মহল্লা নিয়ে এই পৌরসভা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০০৮ সালের হিসাব অনুযায়ী এখানে ১৩ হাজার ৫৩০টি পরিবারে এক লাখ ২৮ হাজার ২৯২ জন মানুষ বসবাস করছে।ঝিনাইদহ পৌরসভাবাসী নাগরিক-সুবিধা থেকে অনেকাংশেই বঞ্চিত। পৌরসভার বয়স ৫২ বছর পেরিয়ে গেলেও আজও সব এলাকার রাস্তা পাকা করা সম্ভব হয়নি। পৌর এলাকায় পাকা নর্দমা আছে ৩৪ কিলোমিটার, আর কাঁচা ৪০ কিলোমিটার। পৌর এলাকার সাড়ে ১৩ হাজার পরিবারের মধ্যে এ পর্যন্ত পানি সরবরাহ পেয়েছে মাত্র সাড়ে চার হাজার পরিবার। পৌর এলাকার বিভিন্ন হাটবাজারের অবস্থাও নাজুক। শহরে কোনো রিকশা-ভ্যানের স্ট্যান্ড না থাকায় যানজট লেগেই থাকে।পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এলাকার নাগরিকেরা সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ভাঙাচোরা রাস্তাগুলোয় চলাচল করা যায় না। রাতে পৌর এলাকার পাড়াগুলো অন্ধকারে থাকে। রাস্তায় বাতি নেই, থাকলেও ঠিকমতো জ্বলে না। পৌর এলাকার আদর্শপাড়া, কালিকাপুর, মহিলা কলেজপাড়া, পার্কপাড়া, মডার্নপাড়া ও ষাটবাড়িয়া এলাকা নিয়ে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে আদর্শপাড়া এলাকার বাসিন্দা শাহীনুর আলম জানান, তাঁদের এলাকার রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় সামান্য বৃষ্টি হলে আর চলাচল করা যায় না। উপজেলা সংযোগ সড়ক থেকে ৩ নম্বর পানির ট্যাঙ্কপাড়া পর্যন্ত রাস্তায় হাঁটুসমান পানি জমে। নর্দমা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। বেশির ভাগ নর্দমা নির্মাণ করা হয়েছে স্থানীয় প্রভাবশালীদের পছন্দমতো জায়গায়। নদী-নালার সঙ্গে এসব নর্দমার সংযোগ নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই নর্দমা উপচে পানি রাস্তায় ঢুকে পড়ে। এ পাড়ায় এক বছর আগে যে নর্দমা তৈরি করা হয়েছিল, এরই মধ্যে তা ভেঙে গেছে।পানি সরবরাহের ব্যবস্থা খুবই নাজুক: ভুটিয়ারগাতি, পবহাটি আর উদয়পুর নিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা আবু জাফর জানান, তাঁদের গ্রামের রাস্তা খুবই খারাপ। পাকা রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়ে যায়। এ ছাড়া রাস্তার বাতি ঠিকমতো জ্বলে না। এ গ্রামের বাসিন্দা পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ক্ষমতায় থাকাকালে কিছু কাজ হয়েছিল। বর্তমানে ভাঙাচোরা রাস্তা আর বাতি ছাড়াই অন্ধকারে চলতে হচ্ছে। পবহাটি এলাকার লিটন হোসেন জানান, পৌরসভায় পানি সরবরাহের ব্যবস্থা খুবই নাজুক। পৌরসভায় বসবাসকারীদের অর্ধেকও পানি পায় না। যেখানে পানির লাইন আছে, সেখানেও ঠিকমতো সরবরাহ নেই। শুষ্ক মৌসুমে পানি পাওয়া কষ্টকর হয়ে যায়।৬ নম্বর ওয়ার্ডে মশার সমস্যা: শহরের থানাপাড়া, কলাবাগান, এইচএসএস রোড, কাঞ্চননগর ও গীতাঞ্জলি সড়ক নিয়ে ৬ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের এইচএসএস সড়কের বাসিন্দা নাজিম উদ্দিন জানান, তাঁদের এলাকার প্রধান সমস্যা মশা। পৌরসভা কর্তৃপক্ষ পাঁচ থেকে ছয় মাস পর ঢাকঢোল পিটিয়ে মশার ওষুধ ছিটিয়ে থাকে। কিন্তু মশার প্রজনন সময়ে না ছেটানোয় এটা কোনো কাজে আসে না। নর্দমার পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেখানে পানি জমে মশার জন্ম হয়। এই ওয়ার্ডটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় রাস্তা কিছুটা ভালো আছে। তার পরও পাড়া-মহল্লায় ভাঙাচোরা রাস্তা রয়েছে। তবে রাস্তায় বাতি ঠিকমতো জ্বলে না। বর্তমানে এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পৌরসভায় যে নর্দমা নির্মাণ করা হয়েছে, তার কোথাও ঢাকনা দেওয়া হয়নি। এতে করে মাঝেমধ্যে নর্দমায় পড়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে।নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না: খাজুরা, আরাবপুর, মদনমহন পাড়া ও চাকলাপাড়ার আংশিক নিয়ে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা হারুন-অর রশিদ জানান, তাঁদের গ্রামের আংশিক পানির লাইন দেওয়া হয়েছে। আজও গোটা গ্রামে পানির সংযোগ দেওয়া হয়নি। তাঁদের নলকূপের পানি ব্যবহার করতে হয়। ওই এলাকার বিশ্বাসপাড়ার বাসিন্দা নবাব মুন্সি জানান, তাঁদের পাড়ার নর্দমাগুলো সব ভেঙে পড়েছে। সব নর্দমায় পানি জমে আছে। পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। বর্তমানে নর্দমার মধ্যে জমে থাকা পানিতে মশার জন্ম হচ্ছে। মদনমহন পাড়ার বাসিন্দা নিজাম জোয়ার্দার জানান, কেসি কলেজের পাশ থেকে তাঁদের পাড়ায় যে রাস্তাটি রয়েছে, বর্ষা মৌসুমে সেখানে পানি জমে যায়। ফলে ওই সময় তাঁদের চলাচলে খুবই কষ্ট হয়।কাঁচা বাজারে কাদা: ঝিনাইদহ পৌরসভার কাঁচা বাজারের জায়গা কম হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বেশির ভাগ সময় বাজারে কাদা জমে থাকে। দোকানগুলোও ঠাসাঠাসি করে গড়ে ওঠায় ক্রেতাদের চলাচল করতে কষ্ট হয়।। শহরের হামদহ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, মহিলা কলেজপাড়া এলাকার রাস্তা দিয়ে চলাচল করা যায় না। কালিকাপুর, ভড়ুয়াপাড়া, কোটপাড়া, চাকলাপাড়া, খাজুরা, ব্যাপারীপাড়া, পবহাটিসহ বেশির ভাগ মহল্লার রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পিচঢালা রাস্তাগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে, যা সংস্কারের কোনো উদ্যোগ নেই।গণশৌচাগার নেই: শহরের পুরাতন কোটপাড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, পৌর এলাকায় গণশৌচাগারের অভাব রয়েছে। এখানে নর্দমা নেই। যেখানে-সেখানে ময়লা ফেলে রাখা হয়, যা দুর্গন্ধ ছড়ায়। সম্প্রতি কয়েকটি স্থানে প্লাস্টিকের ডাস্টবিন বসানো হলেও সেগুলো অপরিকল্পিতভাবে বসানো হয়েছে, যে কারণে এগুলো কোনো কাজে আসছে না। শহরের আদর্শপাড়ার রফি উদ্দিনের মিলের পাশে একটি ডাস্টবিন বসানো হলেও কেউ সেটা ব্যবহার করত না, যে কারণে সেটা সরিয়ে নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। তাঁর ভাষায়, ময়লা বেশি জমে, এমন জায়গায় না বসিয়ে যেখানে-সেখানে ডাস্টবিন বসানো হয়েছে।অবশ্য পৌরসভার সচিব আজমল হোসেন জানান, এগুলো কাউন্সিলরদের দেখানো জায়গায় বসানো হয়েছে। গোটা পৌর এলাকায় ৬০টি ডাস্টবিন বসানো হয়েছে, আরও পাঁচটি বসানো হবে। তিনি বলেন, ‘বর্তমানে শহরে ইজি বাইকের সংখ্যা বেড়েছে। তা ছাড়া রয়েছে ভ্যান-রিকশা। এদের দাঁড়াবার নির্ধারিত কোনো স্থান না থাকায় শহরের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। এতে শহরে যানজট বৃদ্ধি পাচ্ছে।গরুর বাজার ও কসাইখানার অবস্থা নাজুক: পৌর এলাকার পুরাতন হাটখোলা এলাকায় গড়ে ওঠা গরুর বাজার ও কসাইখানার নাজুক অবস্থা। গরুর হাটের পাশের দোকানি সাইফুল ইসলাম জানান, হাটের দুরবস্থা অনেক দিনের। এখানে সব সময় পানি ও কাদা জমে থাকে। মাঝেমধ্যে পৌরসভা কর্তৃপক্ষ পোড়া মাটি ছিটিয়ে রোলার করে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। জায়গার সমস্যার কারণে বর্তমানে গরুর কেনাবেচা কমে গেছে। এখানে গরু ব্যবসায়ীরাও আসতে চান না। এ ব্যাপারে হাটের খাজনা আদায়ে নিয়োজিত আশরাফ হোসেন বলেন, ‘এই অবস্থার মধ্যে কেনাবেচা করা সম্ভব নয়। তার পরও অর্থ লগ্নি করে এখন খাজনা আদায় করছি।’গরুর হাটের পাশে রয়েছে ঝিনাইদহ পৌরসভার কসাইখানা। গন্ধে সেখানে প্রবেশ করা যায় না। পাশের মাছ দোকানি আলী হোসেন জানান, মাঝেমধ্যে পাউডার ছিটিয়ে দিলেও তা পরিমাণে খুবই সামান্য। এ কারণে কসাইখানার গন্ধে তাঁরাও কাজ করতে পারেন না।পৌরসভার সচিবের বক্তব্য: এসব বিষয়ে পৌরসভার সচিব আজমল হোসেন বলেন, ‘বর্তমানে পৌর এলাকায় ৭২ দশমিক ৩০ কিলোমিটার পাকা আর ৭৪ দশমিক ৬১ কিলোমিটার কাঁচা রাস্তা আছে। এ ছাড়া সড়কে এক হাজার ৫২০টি টিউবলাইট দেওয়া হয়েছে। আর বাল্ব আছে ৪৫০টি। ফলে রাতে অন্ধকার থাকার বিষয়টি ঠিক নয়। পৌর এলাকায় ৩৮ কিলোমিটার পানির লাইন রয়েছে। গ্রাহকের সংখ্যা রয়েছে চার হাজার ৫৮২। পৌরসভা স্যানিটেশনে শতভাগ সফলতা অর্জন করেছে। গরুর হাটের চারপাশে মানুষ বাড়ি করার সময় জায়গা উঁচু করে নিয়েছে। সে কারণে ওই স্থানের পানি সরে না। আর পানি সরানো সম্ভব না হলে কাদা থাকবে। মানসম্মত কসাইখানা নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অপরিকল্পিতভাবে নর্দমা নির্মাণ করা হয়েছে। এর কারণ, অনেক সময় স্থানীয় লোকজন দাবি করেন, তাঁর বাড়ির সামনে নর্দমা নির্মাণ করতে হবে।’মেয়রের বক্তব্য: পৌরসভার মেয়র আবদুল মালেক বলেন, ‘পৌরসভা এলাকায় যথেষ্ট নাগরিক সুযোগ-সুবিধা রয়েছে। কিছু এলাকায় রাস্তা নষ্ট হয়েছে সত্য, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। এডিবির সহযোগিতায় নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের মাধ্যমে পৌরসভায় অনেক কাজ হবে। তিন পর্যায়ে ২৫ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে। আশা করি, এতে পৌর এলাকার মানুষের নাগরিক-সুবিধা দিতে যা যা করা প্রয়োজন, তা করতে সক্ষম হব। রাস্তা উন্নয়নের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।’