নাগরিক সুবিধা পাচ্ছে না পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌরসভার বয়স ১০০ বছর পার হয়েছে। ১৮ দশমিক ৬৪ বর্গকিলোমিটারের এই পৌরসভায় ১৫টি ওয়ার্ড ও ৩৪টি মহল্লা রয়েছে। ট্যাক্স হোল্ডার রয়েছে ২৬ হাজার। সময়ের বিবর্তনে পৌর এলাকার কিছুটা পরিবর্তন হলেও সত্যিকারের নাগরিক-সুবিধা এখনো পাচ্ছে না পৌরবাসী। যানজট, ডাস্টবিন-সংকট, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, লাইটবিহীন লাইটপোস্ট, মশা-মাছির উপদ্রপ এবং শিশু-বৃদ্ধদের বিনোদনের ব্যবস্থা ছাড়াই পৌরবাসীকে নিয়মিত পৌরকর দিতে হচ্ছে। পৌর মেয়র ও কাউন্সিলররা এসব সমস্যা সমাধানের অঙ্গীকার করে পৌরবাসীর ভোটে নির্বাচিত হলেও তাঁরা তাঁদের অঙ্গীকার সম্পূর্ণভাবে রক্ষা করতে পারেননি বলে অভিযোগ রয়েছে।পৌর কর্তৃপক্ষ বলছে, পৌর এলাকার উন্নয়নে তাদের কোনো অবহেলা ছিল না। উন্নয়ন কর ও রাজস্ব আয় থেকে যতটুকু সম্ভব কাজ করা হয়েছে।যানজট সমস্যা: পাবনা পৌর এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। নিয়ন্ত্রণহীনভাবে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লাইসেন্সবিহীন রিকশা বৃদ্ধির ফলে এই যানজট তৈরি হচ্ছে। প্রতিদিন তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে উঠছে পৌরবাসী। কিন্তু যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার মোট আয়তন ১৮ দশমিক ৬৪ বর্গকিলোমিটার। পাবনা সদর থানা থেকে ইন্দারা মোড়, নিউমার্কেট ও জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত এলাকা নিয়ে পাবনা শহর। ছোট্ট এই শহরে লাইসেন্সধারী রিকশা রয়েছে আট হাজার। এর বাইরে লাইসেন্সবিহীন রিকশা রয়েছে আরও প্রায় সাড়ে ছয় হাজার। নতুন করে শহরে যোগ হয়েছে প্রায় ৮০০ ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩০০ সিএনজিচালিত অটোরিকশা। কিন্তু এসব যানবাহনের জন্য পৌরসভা শহরে কোনো নির্দিষ্ট স্টেশন তৈরি করেনি। ফলে এলোমেলোভাবে অতিরিক্ত যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত পাবনা শহরে যানজট তৈরি হচ্ছে।এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী এহসান বলেন, ‘অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। ইতিমধ্যেই নির্দিষ্ট স্ট্যান্ডের দাবিতে আমরা পৌরসভা কার্যালয় ঘেরাও কর্মসূচিও পালন করেছি। কিন্তু এখনো পৌর কর্তৃপক্ষ অটোরিকশার জন্য কোনো নির্ির্দষ্ট স্ট্যান্ড তৈরি করেনি।’এদিকে লাইসেন্সবিহীন অবৈধ রিকশা বন্ধে পৌর কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। মাঝেমধ্যে লোকদেখানো মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ রিকশা আটক করা হলেও পরে আবার তা ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে শহরে রিকশার জন্য কিছু নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও অবৈধ দখলদারেরা তা দখল করে রেখেছে। ফলে শহর যানজটমুক্ত করতে আন্দোলন শুরু করেছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন। যানজটমুক্ত শহর গড়তে পাঁচ দফা দাবিতে ১৯ অক্টোবর তারা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে। দাবিগুলো হচ্ছে, লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধ, পৌরসভার সব রিকশা স্ট্যান্ড অবৈধ দখলমুক্তকরণ, আবদুল হামিদ সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শহরে ভারী যানবাহন প্রবেশ বন্ধ ও যত্রতত্র অটোবাইক দাঁড়ানো বন্ধ করা।দাবি না মানা হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন রিকশাশ্রমিক নেতারা।এ বিষয়ে রিকশাশ্রমিক ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন বলেন, অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বৃদ্ধি ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকায় পাবনা শহরে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া পৌরসভার সব রিকশা স্ট্যান্ডও অবৈধ দখলদারেরা দখল করে রেখেছে। কিন্তু প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ডাস্টবিন-সংকট: ডাস্টবিনের অভাবে পৌরবাসীকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলতে হচ্ছে। ফলে ময়লার স্তূপে একদিকে নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে একটু বৃষ্টি নামলেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে যেখানে-সেখানে ময়লা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। ময়লা-আবর্জনার দুর্গন্ধে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।পৌরসভা সূত্রে জানা গেছে, পাবনা পৌর এলাকায় প্রায় ২৬ হাজার পৌর কর দেওয়া পরিবার রয়েছে। যেসব পরিবার থেকে নিয়মিতভাবে সকাল-বিকেল গড়ে প্রায় দুই ব্যাগ বর্জ্য বের হয়। এর বাইরে একটি জেনারেল হাসপাতাল, ছোট-বড় প্রায় ১১টি কাঁচাবাজার, ৪৩টি ক্লিনিক, শতাধিক ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান, জেলখানা ও প্রায় এক হাজার ৫০০ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস থেকে নিয়মিত বর্জ্য বের হচ্ছে। কিন্তু এসব বর্জ্য ফেলার জন্য পৌরসভায় সিমেন্টের তৈরি স্থায়ী ডাস্টবিন রয়েছে মাত্র ১২০টি। ড্রামের তৈরি ডাস্টবিন রয়েছে ১০০টি। কিন্তু এসব ডাস্টবিনের একটিও ভালো নেই। এগুলোর অধিকাংশই ভেঙে গেছে। ফলে ময়লা-আবর্জনা ডাস্টবিনের ভেতর থাকে না। কুকুর-বিড়াল তা ছড়িয়ে-ছিটিয়ে রাখে।অন্যদিকে যেসব এলাকায় ডাস্টবিন নেই সেসব এলাকার মানুষ পৌরসভার পানি নিষ্কাশন নালা এবং খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখে। এতে একদিকে নালা আটকে পানি নিষ্কাশন যেমন বন্ধ হয়, তেমনই খোলা আবর্জনায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়।পৌরসভার হিসাব অনুযায়ী শহরে এই খোলা ডাস্টবিন রয়েছে ৮৫টি। পৌর এলাকার দিলালপুর, শালগাড়ীয়া, রাধানগর, যুগীপাড়া, গোবিন্দা, ময়নামতি, বাংলাবাজার, অনন্ত বাজার, বসাকপাড়া, মহসিন সড়কসহ বেশ কিছু এলাকার মানুষ এই খোলা ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলছে। পৌরসভার কনজারভেন্সির পরিদর্শক মো. আবদুর রহিম জানান, কোনো এলাকাতেই সড়কের পাশে ডাস্টবিন করার মতো পৌরসভার নিজস্ব জায়গা নেই। ফলে ডাস্টবিন তৈরিতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও জায়গার অভাবে তা তৈরি করা সম্ভব হচ্ছে না। এতে ময়লা-আবর্জনায় নালা আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় পৌরসভাকে অতিরিক্ত অর্থ ব্যয় করে নালা পরিষ্কার করতে হচ্ছে।ইছামতি নদী: পাবনার ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের বাহক ঐতিহ্যবাহী ইছামতি নদী অবৈধ দখলদারদের দখলে মৃত নদীতে পরিণত হয়েছে। নদীতে জমা ময়লা-আবর্জনার দুর্গন্ধ, মশার উপদ্রব আর জলাবদ্ধতায় পাবনাবাসী দুর্বিষহ দিন কাটাচ্ছে। নদীর দুই পার ঘিরে নির্মাণ করা হয়েছে পাকা বাড়ি ও মিলকারখানা। ফলে নদীর আকার সরু হতে হতে ১৫-২০ ফুটে এসে দাঁড়িয়েছে। আবার পৌরসভার প্রতিটি নালার মুখও নামানো হয়েছে এই নদীতে। যেসব নালা দিয়ে প্রতিদিন পৌর এলাকার সব বর্জ্য এসে ইছামতিতে পড়ছে। কিন্তু পানিপ্রবাহ না থাকায় ভাগাড়ে পরিণত হচ্ছে ইছামতি নদী। এতে একদিকে যেমন পৌর এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। কিন্তু পৌর কর্তৃপক্ষ এই নদী খনন বা পরিচ্ছন্ন রাখতে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।পৌরসভা সূত্রে জানা গেছে, সম্প্রতি ইছামতি নদী খননের জন্য পৌরসভা কিছু নগদ অর্থ বরাদ্দ পেয়েছিল। তা দিয়ে পুরো নদীর খনন কাজ করা সম্ভব হয়নি। যতটুকু খনন করা হয়েছিল, তাও আবার ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে গেছে।সংস্কৃতিকর্মী ও পাবনা ড্রামা সার্কেলের সভাপতি গোপাল সান্যাল বলেন, ‘মুরব্বিদের মুখে শুনেছি, বহমান ইছামতি নদীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পাংসী চরে ঘুরে বেড়াতেন, কবিতা লিখতেন। এখন সেই ইছামতি নর্দমা। এটা আমাদের জন্য খুবই কষ্টের। বহু রাজনৈতিক দল পাবনাবাসীর কাছে ইছামতি নদী খননের প্রতিশ্রতি দিয়ে ভোট নিয়েছে। কিন্তু তারা পরে আর এদিকে নজর দেয়নি।’মশার উপদ্রব: ইছামতি নদীর অপরিচ্ছন্ন অবস্থা থেকেই পৌর এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পৌরসভার নালাগুলোতে ঢাকনা না থাকায় সেখান থেকেও মশার বিস্তার ঘটছে সমানভাবে। ফলে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে পাবনা পৌরবাসী। কিন্তু এই মশা নিধনে পৌর কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পৌর এলাকার গোপালপুর মহল্লার বাসিন্দা স্বাধীন মজুমদার বলেন, সন্ধ্যা নামলেই ঝাঁকে ঝাঁকে মশা এসে ঘর ভরে যায়। মশার কয়েল দিয়েও এগুলো দূর করা যায় না। বাধ্য হয়ে অতি গরমের সময়ও মশারি টানিয়ে ঘুমাতে হয়।এডওয়ার্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসলে মশার আক্রমণের শিকার হই। অনেক ছাত্র প্রতিদিন মশার কয়েল কেনার ক্ষমতা রাখে না। ফলে মশার কামড় খেয়েই পড়ালেখা চালাতে হয়।’ জলাবদ্ধতা: ‘বৃষ্টি নামলে হাঁটুপানি, রোদ উঠলে ভাঙাচোরা রাস্তা। নিজেদের আর পৌর এলাকার বাসিন্দা বলে মনে হয় না। মনে হয় কোনো অজপাড়াগাঁয়ে বসবাস করছি।’ কথাগুলো বলেন পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান সিরাজ। ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতা নিয়ে চরম সমস্যার মধ্যে থাকায় তিনি আক্ষেপ করে এ কথা বলেন। এ আক্ষেপ শুধু তিনি একাই করেননি। পৌর এলাকার ছোট শালগাড়ীয়া, সাধুপাড়া, আটুয়া, হাউসপাড়াসহ বেশ কিছু এলাকায় একটু বৃষ্টি নামলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।সরেজমিন পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ছোট শালগাড়ীয়া, তালবাগান ও আটুয়া এলাকা সবচেয়ে বেশি জলাবদ্ধতায় রয়েছে। একটু বৃষ্টি নামলেই এসব এলাকার সড়কগুলোতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। পাঁচ থেকে সাত দিনের কমে জলাবদ্ধতা দূর হচ্ছে না। তালবাগান মহল্লার বাসিন্দা শহিদুর রহমান জানান, পানি নিষ্কাশন করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে শহর বাইপাস সড়কে একটি কালভার্ট করা হয়, যে কালভার্ট দিয়ে এত দিন বৃষ্টির পানি বাইরে চলে যেত। কিন্তু সম্প্র্রতি ওই কালভার্টের পানিপ্রবাহ মুখে কিছু স্থাপনা তৈরি হওয়ায় এখন আর পানি নিষ্কাশন হচ্ছে না। এ ছাড়া পানি নিষ্কাশনের জন্য এলাকায় কোনো নালা তৈরি করা হয়নি। ২৫ বছর আগে যে নালাগুলো তৈরি করা হয়েছিল, তাও ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গেছে। ফলে একটু বৃষ্টি নামলেই পুরো এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভাঙাচোরা সড়ক: ভাঙাচোরা সড়ক পাবনা পৌরসভার ঐতিহ্যে পরিণত হয়েছে। কিছু সড়ক মেরামত করা হলেও পৌরসভার বহু গুরুত্বপূর্ণ সড়ক এখনো চলাচলের অযোগ্য।পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌরবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বাজার সড়ক, শালগাড়ীয়া তালবাগান সড়ক, স্কয়ার সড়ক, পলিটেকনিক সড়ক, রাধানগর মহিদুল ডাক্তার সড়ক, দিলালপুরের কিছু অংশসহ শহরের বহু সড়কে কার্পেটিং উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব ভাঙাচোরা সড়ক দিয়েই শহরবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।এ বিষয়ে বড়বাজার এলাকার ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, পাবনা শহরবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বড়বাজার সড়ক। প্রতিদিন এই বাজারে শহরের হাজার হাজার মানুষ পণ্য ক্রয় করতে আসে। কিন্তু পৌরসভা শহরের কিছু অপ্রয়োজনীয় সড়ক মেরামত করলেও বাজার সড়কটি নিয়ে মাথা ঘামাচ্ছে না। একটু বৃষ্টি নামলেই এই সড়ক পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তখন পৌরবাসীকে অনেক কষ্ট করে বাজার করতে হয়। শিশু ও বৃদ্ধরা বঞ্চিত: পাবনা পৌর এলাকার শিশু ও বৃদ্ধদের বিনোদন বা প্রাতর্ভ্রমণের কোনো স্থান নেই। ১০০ বছরের পুরোনো এই পৌরসভায় এখনো শিশুদের বিনোদনের জন্য কোনো শিশুপার্ক তৈরি করা হয়নি। প্রতিবছর বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র শিশুপার্ক তৈরির আশ্বাস দিলেও এখনো তা তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জেলা পরিষদের আওতাধীন একটি ছোট শিশুপার্ক থাকলেও তাতে শিশুদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে শহরের শিশু ও বৃদ্ধরা তাদের মানসিক স্বস্তি থেকে বঞ্চিত হচ্ছে। অবসর সময় কাটাতে হচ্ছে ঘরে বসে।ব্যবসায়ী সুজন মাহমুদ বলেন, ‘আমরা সারা দিন কাজের মধ্যে সময় কাটাতে পারি। কিন্তু শিশু বা বৃদ্ধরা তা পারে না। দেশের সব জেলাতেই শিশু ও বৃদ্ধদের জন্য ন্যূনতম হলেও একটা ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের তা নেই। একটা প্রথম শ্রেণীর ও পুরোনো পৌরসভার বাসিন্দা হয়ে বিষয়টি নিয়ে দুঃখবোধ হয়। বিনোদনের কোনো ব্যবস্থা নেই, এটা বলতেও কষ্ট হয়।’ শহরের শালগাড়ীয়া মহল্লার বাসিন্দা ডালিম কুমার বলেন, ‘শহরে শিশুপার্ক না থাকায় নিজের দুই মেয়েকে নিয়ে ১৫ কিলোমিটার দূরে পদ্মাপারে যেতে হয়। সেখানে পদ্মার পানি ও নৌকা দেখিয়ে মেয়েদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। একটি ভালো শিশুপার্ক পাবনা শহরে খুবই প্রয়োজন।’লাইটপোস্ট আছে, বাতি নেই: পৌর এলাকার প্রতিটি মহল্লাতেই লাইটপোস্ট রয়েছে। কিন্তু অধিকাংশ লাইটপোস্টেই রাতে বাতি জ্বলে না। একটি লাইটপোস্টের বাতি নষ্ট হলে সেটা মেরামত করতে এক থেকে দুই মাস সময় লেগে যায়। তত দিনে অরও দুই-একটি বাতি নষ্ট হয়ে একই অবস্থা দাঁড়ায়। শালগাড়ী এতিমখানা মহল্লার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ১ মাস আগে আমাদের এলাকার পাঁচটি লাইটপোস্টের বাতি নষ্ট হয়েছে। কিন্তু বার বার জানানো সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ বাতিগুলো মেরামত করেনি। ফলে সন্ধ্যা নামলেই পুরো মহল্লা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকছে। সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হতে গেলেই ভয় লাগে।’বাংলাবাজার এলাকার খোরশেদ আলম বলেন, ‘আমাদের এলাকায় গ্রাম আর শহরের মধ্যে কোনো বিভেদ নেই। সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার। লাইটপোস্ট আছে কিন্তু একটি পোস্টেও বাতি নেই। পৌরসভায় বহু দিন বলতে বলতে একটি বাতি পাই। তত দিনে আরেকটি বাতি নষ্ট হয়ে যায়।’পৌর কর্তৃপক্ষের বক্তব্য: পৌর মেয়র কামরুল হাসান বলেন, পৌর এলাকার উন্নয়নে আমাদের কোনো অবহেলা ছিল না। উন্নয়ন কর ও রাজস্ব আয় থেকে যতটুকু সম্ভব কাজ করা হয়েছে। বিগত বছরগুলোতে শহরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা থাকলেও এখন তা নেই। বেশির ভাগ সড়কই মেরামত ও নতুন করে তৈরি করা হয়েছে। যেসব সড়ক এখনো ভাঙাচোরা আছে, খুব শিগগিরই সেগুলোর কাজ শুরু হবে। যানজট সমস্যা বিষয়ে তিনি বলেন, ‘পৌরসভার একার পক্ষে যানজটমুক্ত করা সম্ভব নয়। যানজটমুক্ত শহর গড়তে সবার সম্মিলিত প্রয়াস দরকার। এর পরও আমরা শহরকে যানজটমুক্ত রাখতে প্রচুর পৌর-ট্রাফিক পুলিশ মোতায়েন করেছি। ডাস্টবিন-সংকট বিষয়ে তিনি বলেন, ডাস্টবিন তৈরির জন্য পৌরসভার বরাদ্দ থাকলেও জায়গাসংকটের কারণে তা তৈরি করা সম্ভব হচ্ছে না। এর পরও আমরা অস্থায়ী ডাস্টবিন দিয়ে পৌরসভা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।’ ইছামতি নদীর বিষয়ে তিনি বলেন, ‘ইছামতি নদী খনন আমাদের সবার দাবি। কিন্তু পৌরসভার একার অর্থ ও চেষ্টা দিয়ে এই নদীখনন সম্ভব নয়। এর জন্য সরকারি সব দপ্তরকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মশার উপদ্রপ বিষয়ে তিনি বলেন, মশা নিধনের জন্য পৌরসভায় কোনো বরাদ্দ নেই। তার পরও আমরা মশা নিধনে শহর পরিচ্ছন্ন রাখাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিশুপার্কের বিষয়ে তিনি বলেন, শিশুপার্ক তৈরির জন্য আমরা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। বরাদ্দ পেলেই শিশুপার্ক তৈরির কাজ শুরু হবে। লাইটপোস্ট বিষয়ে তিনি বলেন, প্রতিদিনই পৌরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা লাইটপোস্ট মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে । এ ক্ষেত্রে লোকবল-সংকটের কারণে কাজের কিছুটা বিলম্ব হতে পারে। তবে কোনো এলাকাকেই অন্ধকারে রাখা হয় না।