নাগরিক সুবিধা পাচ্ছেন না ঠাকুরগাঁও পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের হলপাড়ার রমজান আলী, বসিরপাড়ার আলিম উদ্দীন, হাজিপাড়ার আবদুল কাইয়ুম, কলেজপাড়ার তাজউদ্দীন, ইসলাম নগরের আবদুল বাসেদ কেউই বলতে পারেন না, পৌরসভা থেকে তাঁরা কী কী নাগরিক সুবিধা পেয়ে থাকেন। জানেন না, কী ধরনের সুযোগ-সুবিধা তাঁদের প্রাপ্য? তবে তাঁরা এটা বোঝেন, নাগরিক সুবিধা না পেয়েও তাঁদের পৌরকর দিতে হচ্ছে। ১৯৫৮ সালের ১ মার্চ ঠাকুরগাঁও পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি ‘এ’ শ্রেণীভুক্ত হয় ১৯৯৭ সালের ২৩ ফেব্রুয়ারি। বর্তমানে এক লাখ ২০ হাজার নাগরিক এই পৌরসভায় বসবাস করে। নাগরিকদের প্রাপ্য সেবাদানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন একজন মেয়র, দুজন কমিশনার ও সংরক্ষিত আসনে তিনজন নারী কমিশনার। ২০১০ সালে পৌর এলাকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রায় ১২ কোটি টাকার বাজেট প্রণয়ন করা হলেও নাগরিক সুযোগ-সুবিধায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। নেই পর্যাপ্ত ডাস্টবিন: হলপাড়ার শেফালী রানী বাড়ি থেকে ময়লার একটি পলিথিন ব্যাগ নিয়ে বের হয়ে ছুড়ে দিলেন রাস্তার পাশে। সেখানে কোনো ডাস্টবিন না থাকায় ময়লার ব্যাগটি পড়ল ড্রেনের মধ্যে। তাঁর মতে, ডাস্টবিন না থাকায় তাঁদের ড্রেনেই ময়লা ফেলতে হয়। শুধু হলপাড়ার শেফালী রানী নন, ঠাকুরগাঁও পৌর এলাকায় ডাস্টবিনের অভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলতে হচ্ছে শহরবাসীকে। ফলে ময়লার স্তূপে এবং ড্রেনের পানিপ্রবাহ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই পানি উপচে গিয়ে রাস্তায় চলে আসে। হলপাড়ার হেলাল উদ্দীন জানান, এলাকায় কোনো স্থায়ী ডাস্টবিন না থাকায় প্রত্যেকে নিজেদের বাড়ির সামনের রাস্তা বা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে। যখন দুর্গন্ধ ছড়াতে থাকে, তখন পৌরসভার গাড়ি এসে সেগুলো নিয়ে যায়। পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. মনসুর আলম জানান, শহরে যে পরিমাণ আবর্জনার সৃষ্টি হয়, তা অপসারণ করার মতো জনবল পৌরসভায় নেই। এ ছাড়া পৌরবাসী নিজেদের বাড়ির সামনে স্থায়ী ডাস্টবিন বসাতে দেয় না বলে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। পৌরসভার বর্জ্য পরিবহনের ট্রাকটি নষ্ট থাকায় মাত্র তিনটি ভ্যানের মাধ্যমে পৌর এলাকার বর্জ্য অপসারণ করা হচ্ছে। দিনে মাছি রাতে মশা: পৌর এলাকার অধিকাংশ নর্দমা ও ডোবা দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে আবর্জনায় ভরে গেছে। এসব নর্দমা ডোবা মশা-মাছির প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে ঠাকুরগাঁও পৌরবাসী। মাছির উৎপাত সম্পর্কে সুরুচি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী প্রাণতোষ কুমার দে বলেন, নর্দমাগুলো বারবার পরিষ্কার ও ফিনাইল দিয়ে হোটেলের মেঝে পরিষ্কার করার পরও মাছির উপদ্রব বেড়েই চলছে। এ নিয়ে খদ্দেরদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও করার কিছু নেই। অন্যদিকে দীর্ঘ সময় মশক নিধন কর্মসূচি বন্ধ থাকায় মশার উৎপাত অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বসিরপাড়ার বাসিন্দা মনোয়ারা বেগম জানান, সারা দিন মশার জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সন্ধ্যায় যখন বাচ্চারা লেখাপড়া করতে বসে তখনই ঘরের মধ্যে ঝাঁকে ঝাঁকে মশা ঢুকে লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছে। তাই একরকম বাধ্য হয়ে অনেকেই ঘরে মশার কয়েল জ্বালিয়ে অথবা মশারি ব্যবহার করছেন। একটু বৃষ্টিতেই হাঁটুপানি: একটু বৃষ্টি হলেই শহরের জলাবদ্ধতা এখন নিত্যদিনের ঘটনা। অভিযোগ রয়েছে, পয়োনিষ্কাশন ব্যবস্থা না রেখেই বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ এ জলাবদ্ধতার প্রধান কারণ। ঠাকুরগাঁও কালেক্টরেট বিদ্যালয়ের ছাত্রী ফেরদৌস আরা নাজনীন জানায়, সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান রাস্তার নর্দমাগুলো ভরে যায়। আর নর্দমার নোংরা-দুর্গন্ধ পানিতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরের নর্থ সার্কুলার সড়কের গোওসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. বারেকাল্লাহ বলেন, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা জমে সেগুলো ভরে গেছে। তাই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি রাস্তায় চলে আসে। আর সে পানি প্রায় রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। নিরূপায় হয়ে সে সময় বিক্রি বন্ধ করে দিতে হয়। চৌরাস্তার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, শহর নিয়ে পৌরসভার কোনো মাস্টার প্ল্যান নেই, যে কারণে অধিবাসীরা যে যেভাবে পারছে, জায়গা দখল করে নিচ্ছে। আবার অনেকেই পৌরবিধির বাইরে স্থাপনা নির্মাণ করে চলছে। সেসব জায়গায় পয়োনিষ্কাশনের জন্য অবকাঠামো নির্মাণ করা যাচ্ছে না।রাস্তার বেহাল অবস্থা: সংস্কারের অভাবে পৌর এলাকার রাস্তাগুলো ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গেছে, রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও জমেছে পানি। এ ভাঙা রাস্তা পার হতে পথচারীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। জানা যায়, শহরের পৌর এলাকায় ৫০ কিলোমিটার পাকা রাস্তা, ৫৬ কিলোমিটার কাঁচা ও ২২ কিলোমিটার এইচবিবি রাস্তা রয়েছে। এসব রাস্তায় দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। শহরের প্রাণকেন্দ্র নর্থ সার্কুলার সড়কের মৌচাক সুপার মার্কেটের সামনে ড্রেনের স্লাব ভেঙে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেরিয়ে এসেছে দুটি লোহার রড। পৌর কর্তৃপক্ষ সেখানে লাল কাপড় বেঁধে দিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছে। নর্থ সার্কুলার সড়কের ব্যবসায়ী শ্যামল সরকার বলেন, দেড় বছর আগে এই স্লাবটি নির্মাণ করা হলেও হঠাৎ ভেঙে পড়ে রাস্তার ওপর গর্ত সৃষ্টি হয়। এখানে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিষয়টি পৌরসভাকে জানালেও রাস্তা সংস্কারে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পৌরসভার পানিতে ময়লা: পৌরসভার সরবরাহ করা পানি ঘোলা ও ময়লাযুক্ত। সেই সঙ্গে অধিকাংশ সময় সরবরাহ করা পানির তেমন চাপ থাকে না। ২০ লিটারের এক বালতি পানি পূর্ণ হতে অনেক সময় ২০-৩০ মিনিট পেরিয়ে যায়। আশ্রমপাড়ার গৃহিণী নাসরীন আকতার বলেন, অনেক সময় পাইপলাইনের পানি একেবারে ঘোলা পাওয়া যায়। যা ব্যবহারের অনুপযোগী। বাজারপাড়ার মো. সিরাজুদৌল্লা বলেন, পানির মান ভালো করার জন্য এলাকার কাউন্সিলরকে বলেও কোনো লাভ হয়নি। পৌর পানি সরবরাহ শাখার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সহকারী প্রকৌশলী তারিক রেজা বলেন, পাইপলাইনগুলো পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় মাঝেমধ্যে পানির লাইনে ময়লা ঢুকে পড়ে। পাইপলাইন সংস্কার করলে এ সমস্যার সমাধান সম্ভব।যত্রতত্র বাসস্ট্যান্ড: পৌরসভার নির্দিষ্ট বাস টার্মিনাল থাকলেও মাত্র কয়েকটি বাস সেখানে অবস্থান করে। বাকি বাসগুলো তাদের পছন্দের জায়গায় বাসস্ট্যান্ড বানিয়ে যাত্রীদের পরিবহন করছে। বিশেষ করে ঢাকার বাসগুলো শহরের ভেতরে কাউন্টার খুলে বসেছে। ফলে বাসগুলো শহরে থামার করার কারণে সৃষ্টি করছে যানজটের। ঢাকা থেকে মাল পরিবহন করে আসা এক ট্রাকের ড্রাইভার মো. আবদুর রহমান বলেন, ‘প্রতিটি শহরে আলাদা ট্রাকস্ট্যান্ড থাকে। এখানে নেই বলে যেখানে জায়গা পাই, সেখানেই গাড়ি রেখে যাই। নির্দিষ্ট স্ট্যান্ড থাকলে এভাবে গাড়ি রাখতাম না।’ নেই জলাতঙ্কের প্রতিষেধক: ইসলামনগরের শ্রমিক মোতালেব আলীর পাঁচ বছরের ছেলে সজীবকে সম্প্রতি একটি কুকুরে কামড়ায়। সদর হাসপাতালের চিকিৎসক সজীবকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা দেওয়ার পরামর্শ দেন। এরপর স্থানীয় একটি ওষুধের দোকানে গিয়ে টিকার দাম শুনে মোতালেব বিপাকে পড়েন। এত টাকার ওষুধ কেনার সামর্থ্য তাঁর নেই। পৌরসভায় গিয়েও জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা পাননি। অবশেষে তিন হাজার টাকা ঋণ করে ছেলের জন্য জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা কেনেন। পৌরসভায় এ রোগের টিকা না থাকায় এলাকার দরিদ্র মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। পৌরসভার সচিব মজিবর রহমান বলেন, কুকুরে কামড়ানো অসচ্ছল পরিবারের রোগীরা প্রায়ই টিকা নিতে এখানে আসে। টিকার সরবরাহ না থাকায় তাদের ফিরিয়ে দিতে হয়। পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী বলেন, আগে ঢাকা থেকে ১৪ ডোজের টিকা সরবরাহ করা হতো। এখন কোনো মজুদ নেই। তবে বেওয়ারিশ কুকুর নিধনে অভিযান চলছে। লাইটপোস্ট থাকলেও বাতি নেই: পৌর এলাকার লাইটপোস্টগুলোতে রাতের বেলায় বাতি জ্বলে না। হলাপাড়ার রেহানা বেগম বলেন, দীর্ঘদিন এই রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে আলোর ব্যবস্থা নেই। অন্ধকারে মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পায়। বাতির জন্য এলাকার কমিশনারের সঙ্গে যোগাযোগ করে বাতি লাগানোর ব্যবস্থা করলেও আবার তা নষ্ট হয়ে যায়। ওয়ার্ড কমিশনার প্রদীপ চক্রবর্তী বলেন, বরাদ্দ পাওয়া বাতি চাহিদামতো বণ্টনের ব্যবস্থা করা হচ্ছে। বাতি লাগানোর পর সেগুলো ঘন ঘন নষ্ট হয়ে যায় বলে তা পরিবর্তন করতে অনেক সময় বিলম্ব হয়। শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই: শহরে নেই শিশুদের কোনো বিনোদনের ব্যবস্থা। এখানে নেই কোনো উদ্যান বা চিড়িয়াখানা। তাই এলাকার অভিভাবকেরা তাঁদের শিশুদের নিয়ে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে অথবা সেনুয়া নদীর ধারে বসে অবসর সময় কাটান। সরেজমিনে দেখা যায়, শহরের আশ্রমপাড়ায় শিশুদের বিনোদনের জন্য একটি শিশুপার্ক স্থাপন করা হলেও সেটি নামসর্বস্ব। এখানে খেলার সরঞ্জাম তেমন একটা নেই। শিশুদের উপস্থিতিও তেমন নজরে পড়ে না। পার্কটির এক পাশজুড়ে রয়েছে শহীদ মিনার। আর এক অংশে দড়ি টানিয়ে শুকানো হয় এলাকার বিভিন্ন বাড়ির কাপড়-চোপড়। বেসরকারি সংস্থার উন্নয়ন কর্মকর্তা মো. সহিদুজ্জামান বলেন, ‘শহরে শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই বলে সময় পেলেই সেনুয়া নদীর ধারে ছেলেমেয়ে নিয়ে ঘুরতে যাই। শিশুদের বিকাশের জন্য পৌর এলাকায় একটি শিশুপার্ক স্থাপন করা জরুরি।’ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মমতাজ আলী জানান, পার্কটির কাজ কবে নাগাদ শেষ হবে, তা নির্ভর করছে অর্থ বরাদ্দের ওপর। মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেলে বাকি কাজ শুরু করা হবে। পৌর কর্তৃপক্ষ যা বলে: পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী জানান, এলাকার অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সেবা নিশ্চিত করতে যে পরিমাণ রাজস্ব প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। এ ছাড়া রয়েছে জনবল সংকট। পৌরসভার ময়লা পরিষ্কারে নিয়োজিত কর্মীরা যে বেতন পান, তাতে তাঁদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। ফলে তাঁরা ময়লা পরিষ্কার করতে আগ্রহ হারিয়ে ফেলছেন। কোনো এলাকাতেই রাস্তার পাশে ডাস্টবিন স্থাপন করার মতো পৌরসভার নিজস্ব জায়গা নেই। ফলে ডাস্টবিন তৈরির বরাদ্দ থাকলেও জায়গার অভাবে তা করা যাচ্ছে না। কোনো এলাকায় ডাস্টবিন স্থাপন করতে গেলে যাঁর বাড়ির সামনে পড়ে, তিনি তা স্থাপন করতে দেন না। পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করছে, আবার ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে পৌরসভাকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ড্রেন ও রাস্তা পরিষ্কার করতে হচ্ছে। তবুও সামর্থ্যের মধ্যে পৌরসভার শহর পরিষ্কার রাখা, রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কার ও রাতে রাস্তায় আলোর ব্যবস্থা করে নাগরিকসেবা নিশ্চিত করতে চেষ্টা করা হচ্ছে। পৌর এলাকায় বিভিন্ন অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নের জন্য মাস্টার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।