নাগরিক সুবিধা পাচ্ছেন না নীলফামারী পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের সবুজপাড়ার গৌরী সরকার, সওদাগরপাড়ার রাসেল, সাগর, নিউ বাবুপাড়ার ফাতেমা বেগম, মেরিনা বেগম, কলেজপাড়ার রশিদুল ইসলাম, রাশেদা বেগম, শান্তিনগরের নুরনাহার, পশ্চিম বাবুপাড়ার সুলতানা, ছিট ইটাখোলার লোকমান হোসেন, জুম্মাপাড়ার আনোয়ারুল হোসেন, কুখাপাড়ার পারুল বেগম, নীলপ্রতিভাপাড়ার বুলবুল হোসেন, বাড়াইপাড়ার শেফালী বেগম, সরকারপাড়ার মোমেনা বেগম—কেউই বলতে পারেন না পৌরসভা থেকে তাঁরা কী কী নাগরিক সুবিধা পেয়ে থাকেন। তাঁরা জানেন না কী ধরনের সুযোগ-সুবিধা তাঁদের প্রাপ্য? তবে তাঁরা এটা বোঝেন, নাগরিক সুবিধা না পেয়েও তাঁদের পৌরকর দিতে হচ্ছে। নাগরিকসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ সালে নীলফামারী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি ‘এ’ শ্রেণীভুক্ত হয় ২০০৮ সালের ২৩ মার্চ। বর্তমানে এক লাখ পাঁচ হাজার ২০০ নাগরিক এই পৌরসভায় বসবাস করে। নাগরিকদের প্রাপ্য সেবাদানে প্রতিশ্রুতি দিয়ে পরপর চারবার নির্বাচিত হন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। এখানে নির্বাচিত হন ১২ জন কমিশনার ও সংরক্ষিত আসনে তিনজন নারী কমিশনার। ২০১০ সালে পৌর এলাকার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রায় ১৩ কোটি নয় লাখ টাকার বাজেট প্রণয়ন করা হলেও নাগরিক সুযোগ-সুবিধায় বিন্দুমাত্র ইতিবাচক প্রভাব পড়ছে না। নেই পর্যাপ্ত ডাস্টবিনা: রাস্তায় যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। রাস্তার পাশে এমন আবর্জনার স্তূপের পাশে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন শহরের আনন্দবাবুর পুল এলাকার ২ নম্বর ওয়ার্ড কমিশনার আবদুল মান্নান। তিনি জানান, ডাস্টবিন না থাকায় মানুষ এভাবে আবর্জনা ফেলছে। একটি ট্রাক দিয়ে গোটা পৌরসভার ময়লা-আবর্জনা ফেলতে গিয়েও কিছুটা সমস্যা হচ্ছে। ড্রেনের পাশে এভাবে আবর্জনা রাখায় ওই আবর্জনা ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হচ্ছে। সবুজপাড়ার গৌরী সরকার বলেন, বাড়ির কাছে ডাস্টবিন নেই। সবাই ময়লা-আবর্জনা ড্রেনে ফেলছে। ড্রেনে পানি জমা হয়ে সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, নীলফামারী পৌর এলাকায় প্রায় ২৫ হাজার পরিবার রয়েছে। এ ছাড়া স্কুল-কলেজ, হাসপাতাল-ক্লিনিক, হাট-বাজার ও সরকারি-বেসরকারি অফিসের বর্জ্য ফেলার জন্য পৌরসভায় স্থায়ী ডাস্টবিন রয়েছে মাত্র ১৮ থেকে ২০টি। অধিকাংশ স্থানেই বসতবাড়ির বর্জ্য ফেলতে হয় খোলা জায়গায় কিংবা রাস্তার পাশে। আর এসব ময়লা-আবর্জনা কুকুর-বিড়াল রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে ফেলে। সবুজপাড়ার মিল্লাদুর রহমান জানান, এলাকায় কোনো স্থায়ী ডাস্টবিন না থাকায় এলাকার প্রত্যেকে নিজেদের বাড়ির সামনের রাস্তায় বা ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে। পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. আব্বাস আলী জানান, শহরে যে পরিমাণ আবর্জনার সৃষ্টি হয়, তা অপসারণ করতে যে পরিমাণ জনবল দরকার পৌরসভায় সে পরিমাণ জনবল ও যানবাহন নেই। মাত্র একটি ট্রাকে করে গোটা পৌরসভার আবর্জনা সরাতে হয়। এ ছাড়া পৌরবাসী কেউ নিজেদের বাড়ির সামনে স্থায়ী ডাস্টবিন বসাতে দেয় না বলে পৌরসভার ইচ্ছা থাকা সত্ত্বেও ডাস্টবিন করা যাচ্ছে না। দিনে মাছি-রাতে মশা: পৌর এলাকার অধিকাংশ ড্রেন, নর্দমা ও ডোবা দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্ন না করার কারণে আবর্জনায় ভরে গেছে। এসব নর্দমা ও ডোবায় মশা-মাছির প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। ঝাঁকে ঝাঁকে মশা-মাছি ছুটে আসে ওই নর্দমা ও ডোবার আবর্জনার স্তূপ থেকে। মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। কলেজশিক্ষক আমীর আলী বলেন, দীর্ঘ সময় মশক নিধন কর্মসূচি বন্ধ থাকায় মশার উৎপাত অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মশক নিধন কার্যক্রম না থাকায় এখন শুধু রাতে নয়, দিনেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। অনেক বাসাবাড়ি, অফিস-আদালতে দিনের বেলায়ও কয়েল জ্বালানো হচ্ছে। মশার উৎপাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। মশার কামড়ে তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।একটু বৃষ্টিতেই হাঁটুপানি: একটু বৃষ্টি হলেই শহরের জলাবদ্ধতা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পয়োনিষ্কাশন ব্যবস্থা না রেখেই বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌরসভার নকশা ছাড়াই অপরিকল্পিত এসব স্থাপনা নির্মাণের কারণে শহরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।পৌরসভা কর্তৃপক্ষ এ সমস্যার দায় স্বীকার করে জানায়, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে জনসচেতনতার প্রয়োজন বলে তারা মনে করে।শহরের সওদাগরপাড়া, নিউ বাবুপাড়া, পশ্চিম বাবুপাড়ার কিছু এলাকার প্রায় প্রতিটি বাড়িতে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদের বাড়ির নিত্যদিনের ব্যবহার করা পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নিউ বাবুপাড়ার শহিদুল ইসলাম বলেন, ড্রেন নেই, বাড়ির পানি রাস্তার ওপর দিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটা-চলা করা মুশকিল। পশ্চিম বাবুপাড়ার সুলতানা বেগম বলেন, বাড়ি যাওয়ার রাস্তাও নেই। অন্যের বাড়ির ওপর দিয়ে চলাচল করতে হয়। প্রায় দু-তিনটি বাড়ির আঙিনা ডিঙিয়ে তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল তাঁর বাড়ির আঙিনার পানি ঘরের মাচার নিচে জমে আছে। আর সেখানেই তাঁরা বসবাস করছেন। তিনি বলেন, এ অবস্থায় থাকার কারণে পরিবারের সবার পায়ে ঘা হয়েছে। বাচ্চাদের প্রায় প্রত্যেকের ডায়রিয়া জ্বরসহ নানা ধরনের রোগ হচ্ছে। এ সময় দশম শ্রেণীর ছাত্র সাগর জানায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তা ও নর্দমাগুলো ভরে যায়। আর নর্দমার নোংরা-দুর্গন্ধ পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বেহাল রাস্তা: দীর্ঘদিন সংস্কারের অভাবে নীলফামারী পৌর এলাকার রাস্তাগুলো ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তার কার্পেটিং উঠে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। একটু বৃষ্টিতেই গর্তে যেমন পানি ভরে থাকে, তেমনি শুষ্ক মৌসুমে ধুলাবালিতে সয়লাব হয়ে থাকে। সূত্র মতে, পৌর এলাকায় ৫২ দশমিক ৫০ কিলোমিটার পাকা রাস্তা, ১১০ কিলোমিটার কাঁচা, ছয় কিলোমিটার সিসি, ১১ কিলোমিটার সোলিং, ১ দশমিক ৫ কিলোমিটার হেরিংবোন রয়েছে। এসব রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। সরেজমিনে দেখা গেছে, শহরের ডিসি অফিস সড়ক, কলেজ স্টেশন সড়ক, কুখাপাড়া সড়ক, শ্মশানঘাট সড়ক, বাড়াইপাড়া সড়ক, বাবুপাড়া সড়ক, বোচারধার সড়ক, বাজার থেকে উকিলের মোড় পর্যন্ত সড়ক, খানসামা সড়কসহ বিভিন্ন সড়কের কার্পেটিং উঠে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম সরকার রাস্তাঘাটের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, রাস্তা, ড্রেন সংস্কার ও নির্মাণে ইতিমধ্যে চারটি গ্রুপে দরপত্র নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে কাজগুলো করা হবে। নেই কসাইখানা: শহরে কোনো কসাইখানা নেই। তাই যত্রতত্র জবাই করা হচ্ছে গরু-ছাগল। এতে শহরের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এখানে পৌসভার নির্দিষ্ট মাংস বিক্রয়ের শেড করা হলেও কসাইরা যত্রতত্র মাংস বিক্রি করছেন। কলেজশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, নীলফামারী পৌরসভায় কোনো কসাইখানা না থাকার কারণে কসাইরা তাঁদের বাড়িতে পশু জবাই করে বাজারে আনছেন। এতে করে গরুর রক্ত ও ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পরিবেশ দূষিত হচ্ছে। মাংস বিক্রেতা ফজলু বলেন, ‘কসাইখানা না থাকার কারণে আমরা আমাদের গরু জবাইয়ের আগে পৌরসভায় পশুর স্বাস্থ্য পরীক্ষার পর আমাদের বাড়িতে গরু জবাই করতে বাধ্য হচ্ছি।’পৌরসভার পানিতে ময়লাধ: পৌরসভার সরবরাহ করা পানি প্রায় সময় ঘোলা ও ময়লাযুক্ত থাকে। সেই সঙ্গে অধিকাংশ সময় সরবরাহ করা পানির তেমন চাপ থাকে না। পৌরসভা পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রায় ৩৩ কিলোমিটার পানির পাইপলাইন রয়েছে। প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনবারে সাত ঘণ্টা পানি সরবরাহ করা হয়।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাইপলাইনে মাঝেমধ্যেই ঘোলা ও ময়লাযুক্ত পানি আসে, যা ব্যবহার করা যায় না।কলেজপাড়ার রশিদুল ইসলাম বলেন, অনেক সময় পাইপলাইনের পানি একেবারে ঘোলা পাওয়া যায়। কখনো কখনো পানির চাপ থাকে না। দিনে তিনবার পানি দেয়। যে সময় পানি দেওয়ার কথা, সে সময় বিদ্যুৎ না থাকলে পরে আর পানি দেয় না। সবুজপাড়ার রিয়াত আরা প্রধান বলেন, পানি দেওয়ার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তবে নতুন করে বিদ্যুৎ আসার পরও পানি পাওয়া যায় না। পৌরসভার পানি সরবরাহ শাখার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সহকারী প্রকৌশলী দুদু মিঞা বলেন, মাঝেমধ্যে পানির ট্যাংকে আয়রণ জমা হওয়ার কারণে ট্যাং পরিষ্কার করতে হয়। তখন ময়লা পানি যায়। এ ছাড়া প্রধান লাইন থেকে যে পাইপে বাসাবাড়িতে লাইন দেওয়া হয়েছে, সেগুলোতেও ময়লা জমা হয়ে পানির চাপ কম হতে পারে এবং ময়লাযুক্ত পানি যেতে পারে। শহরে চারটি পাম্প দিয়ে একসঙ্গে পানি দেওয়া হয়। যেদিকে লোডশেডিং থাকে সেদিকে এ সমস্যাটা হয়। লোডশেডিংয়ের পর ওই লাইনে পানি না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তখন সেখানকার দায়িত্বরত ব্যক্তি চলে যাওয়ার কারণে এ সমস্যাটা হয়। তবে বিষয়টি তাঁরা দেখবেন বলে জানান।যত্রতত্র বাসস্ট্যান্ড: পৌরসভার নির্দিষ্ট বাস টার্মিনাল থাকলেও সেখানে কোনো যাত্রী ওঠানামা না করে যত্রতত্র বাস থামিয়ে শহরে যানজটের সৃষ্টি করছে বাসচালকেরা। শহরের স্টাফ কোয়ার্টারের সামনে, গাছবাড়ী, আনন্দবাবুর পুল ছাড়াও শহরের যত্রতত্র বাসস্ট্যান্ড করেছে তাদের খেয়াল- খুশিমতো। এ নিয়ে রিকশ শ্রমিকদের সঙ্গে বাসচালকদের প্রায় প্রতিনিয়ত বচসা হয়। রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব জানান, নীলফামারীতে বাস টার্মিনাল হলেও বাসচালকেরা শহরের যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছেন। এ কারণে রিকশাচালকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যানজটেরও সৃষ্টি হচ্ছে।জলাতঙ্কের প্রতিষেধক নেই: পৌরসভায় জলাতঙ্ক রোগের টিকা নেই। কুকুরের অত্যাচারে ডিউটি করা যায় না। পৌরসভায় কুকুর কামড়ের ইনজেকশনও পাওয়া যায় না। কুকুর মারা দরকার—কথাগুলো বললেন পৌরসভার কমিউনিটি পুলিশ মতিয়ার, মনসুর, আজমল হোসেনসহ অনেকে। আজমল হোসেন বলেন, ‘আমরা রাতে যখন ডিউটি করি, তখন কুকুরের অত্যাচারে ঠিকমতো ডিউটি করতে পারি না। সব সময় ভয়ে থাকি, কখন যে কামড় দেয়। আর কুকুর কামড়ালে যে ইনজেকশন দেওয়া দরকার, তা পৌরসভায় নেই। প্রতিদিন কতজন যে ওই ইনজেকশনের জন্য এসে ফেরত যাচ্ছে।’ পৌরসভার ক্যাশিয়ার আফজালুল হক বলেন, এখন জলাতঙ্ক রোগের টিকা নেই। কুকুর কামড়ানো অসচ্ছল পরিবারের রোগীরা প্রায়ই টিকা নিতে এখানে আসে। টিকার সরবরাহ না থাকায় তাদের ফিরিয়ে দিতে হয়। তিনি বলেন, ‘আমরা প্রতি মাসে তিন-চার ডোজ টিকা পাই। তা দিয়ে সমস্যা সমাধান করা যায় না।’লাইটপোস্ট থাকলেও বাতি নেই: পৌর এলাকার অধিকাংশ লাইটপোস্টে রাতেরবেলায় বাতি জ্বলে না। শহরের মূল রাস্তার লাইটপোস্টে এনার্জি সেভারের আলো জ্বললেও সংযোগ সড়কের লাইটপোস্টে বাতি নেই। ফলে অন্ধকারে অধিকাংশ পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাউন্সিলর গোলাম কিবরিয়া বলেন, কিছু মাদকসেবী ও ছিঁচকে চোর রাতেরবেলা ঢিল ছুড়ে বাল্বগুলো ভেঙে দেয়। সরেজমিনে কথা বললে শহরের বাড়াইপাড়া গ্রামের ফাতেমা বেগম বলেন, রাস্তার বাতি না জ্বলায় সন্ধ্যার পর রাস্তায় চলাচল করা যায় না। এসব অন্ধকার সড়কে নেশাখোরদের দখলে থাকে। শহরের নিউ বাবুপাড়া মহল্লার মেরিনা বেগম বলেন, ‘লাইটপোস্ট আছে, কিন্তু কোনো রাস্তায় বাতি জ্বলে না। আমরা নিজেরা বাড়ির সামনের রাস্তায় বাল্ব দিই, কিন্তু সেগুলো নেশাখোরেরা চুরি করে এবং ভেঙে দেয়।’ কুখাপাড়ার মুদি দোকানদার আবদুল মতিন বলেন, ট্যাক্সের কাগজে দেখি আলো কর, কিন্তু বাস্তবে আলো পাই না। শিশুদের বিনোদনের ব্যবস্থা নেই: শহরে নেই শিশুদের কোনো বিনোদনের ব্যবস্থা। এখানে নেই কোনো উদ্যান বা চিড়িয়াখানা। তাই এলাকার অভিভাবকেরা তাঁদের শিশুদের নিয়ে শহরের হাইস্কুল মাঠে (বড় মাঠে) নিয়ে যান।শহরের শহীদ মিনার চত্বরে বিনোদনের জন্য একটি শিশুপার্ক স্থাপন করা হলেও সেটি নামসর্বস্ব। এখানে খেলার কোনো সরঞ্জাম নেই। শিশুদের উপস্থিতিও নজরে পড়ে না। পার্কটির এক পাশজুড়ে রয়েছে শহীদ মিনার। আরেক অংশের পুকুরটিকে ভরাট করতে ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা। বেসরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, শিশুদের বিকাশের জন্য পৌর এলাকায় একটি শিশুপার্ক স্থাপন করা খুবই জরুরি। পৌর কর্তৃপক্ষ যা বলে: পৌরসভায় একাধারে চারবার নির্বাচিত পৌর মেয়র (জেলা আওয়ামী লীগের সভাপতি) দেওয়ান কামাল আহম্মেদ বলেন, নীলফামারী পৌরসভা ২০০৮ সালে ‘এ’ শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও পৌর এলাকার অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সেবা নিশ্চিত করতে যে পরিমাণ রাজস্ব প্রয়োজন তা পাওয়া যায় না। রাস্তাঘাটের দুরবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে কিছু রাস্তা ও ড্রেন করার ব্যাপারে কাজ শুরু করেছি। পৌরসভার ময়লা পরিষ্কারে একটি ট্রাক নষ্ট হওয়ার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। সেটি মেরামত করা গেলে এ সমস্যা থাকবে না। এ ছাড়া শহরের প্রধান সড়কটি সড়ক ও জনপদের। সেটি তারা মেরামত না করলে পৌরসভা করতে পারবে না। তিনি বলেন, রাস্তার পাশে ডাস্টবিন স্থাপন করার মতো পৌরসভার নিজস্ব জায়গা নেই। ফলে জায়গার অভাবে তা করা যাচ্ছে না। পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করছে। আবার ড্রেনের পয়োনিষ্কাশন বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে পৌরসভাকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ড্রেন ও রাস্তা পরিষ্কার করতে হচ্ছে। রাস্তার বাতিগুলো লাগানোর অল্প দিনের মধ্যে ঢিল ছুড়ে কে বা কারা ভেঙে দিচ্ছে। তবুও সামর্থ্যের মধ্যে পৌরসভার শহর পরিষ্কার রাখা, রাস্তা সংস্কার, ড্রেন পরিষ্কার ও রাতে রাস্তায় আলোর ব্যবস্থা করে নাগরিকসেবা নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত আছে। তিনি আরও বলেন, শিশুপার্কটি সংস্কার করে শিশুদের বিনোদন উপযোগী করতে সেখানকার পুকুরটি ভরাট করছি। শহীদ মিনারটি বর্তমান স্থান থেকে সরিয়ে পার্কের একদিকে করে পার্কটিকে আরও সম্প্রসারণ করা হবে। কসাইখানা প্রসঙ্গে তিনি বলেন, কুখাপাড়ায় একটি পতিত জমিতে এতদিন পৌরসভার আবর্জনা ফেলা হতো। সেখানে কসাইখানার জন্য জায়গা ঠিক করা হয়েছিল; কিন্তু ওই জায়গার মালিক বের হওয়ার কারণে এখন সেটি ক্রয় করে কসাইখানা করার পরিকল্পনা আছে।জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ওইসব জায়গা নিচু হওয়ার কারণে এবং অপরিকল্পিতভাবে বাসাবাড়ি নির্মাণ হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। আশা করছি, এই অর্থবছরে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘একটি ইউনিয়নে ১২ জন চৌকিদার আছেন। আমার কিছুই নেই। কোনোকিছু করতে গেলে প্রশাসনের সহযোগিতা নিতে হয়।’ সে কারণে সমস্যা সমাধানে জনসচেতনতা বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।