১৮৬৪ সালের ১ আগস্ট যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৪ দশমিক ৭২ বর্গ কিলোমিটারের পৌর এলাকায় মোট দুই লাখ ৪৫ হাজার মানুষ বাস করে। এর মধ্যে নারী এক লাখ ১৫ হাজার ৬৭৫ জন ও পুরুষ এক লাখ ২৯ হাজার ৩২৫ জন। মোট ভোটারের সংখ্যা এক লাখ ১৬ হাজার। যশোর পৌরসভা প্রতিষ্ঠার ১৪৬ বছর পেরিয়ে গেলেও শহরে আধুনিকতার তেমন কোনা ছোঁয়া লাগেনি। নানা সমস্যার বেড়াজালে আটকে পড়ে আছে পৌরবাসী।বেহাল সড়ক, জনদুর্ভোগ চরমে: পৌর এলাকার ২৫টি সড়কের ৮৪ কিলোমিটারের মধ্যে ১২ কিলোমিটার এখনো কাঁচা। ৭২ কিলোমিটার পাকা সড়কের মধ্যে অন্তত ৬৫ কিলোমিটারের পিচের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে শহরের অন্তত ১৫টি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়।পৌরসভা সূত্রে জানা গেছে, চলাচল অনুপযোগী ৬৫ কিলোমিটার ভাঙা সড়কের বিপরীতে মাত্র নয় কিলেমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের জন্য এক কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ টাকার মধ্য থেকে ঘোপ এলাকার একটি কবরস্থানেরও উন্নয়ন করা হবে। শহরতলির নয়টি সড়কের কাজ করার জন্য দরপত্রের মাধ্যমে তিনজন ঠিকাদারকে নির্বাচন করে চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে চিঠি পাঠানো হয়েছে। নয়টি সড়কের মধ্যে রয়েছে শংকরপুরের ইসহাক, স্টেডিয়াম, লালদীঘি, বারান্দিপাড়া ২ নম্বর কলোনি, কাজীপাড়ার আবদুল আজিজ, ঘোপের পিলু খান বাইলেন, কাঠের পুল ও বেজপাড়ার একটি সড়কের অংশবিশেষ। সংস্কারের তালিকায় শহরের অতি গুরুত্বপূর্ণ চৌরাস্তা-বাস টার্মিনাল, এম এম (মাওলানা মোহাম্মদ) আলী, জেল, কেশবলাল, গুরুদাস বাবু লেন, হরিনাথ দত্ত লেন, বসন্ত কুমার, শহীদ সড়ক ও দড়াটানা মোড়ের নাম নেই।সম্প্রতি নাগরিক ফোরামের ব্যানারে শহরের সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে চৌরাস্তা-বাস টার্মিনাল সড়কে এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর উদ্যোগে স্টেডিয়াম সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে তারা স্মারকলিপি দিয়েছে। এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী কবির হাসান প্রথম আলোকে বলেন, ‘চলাচলের অনুপযোগী সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য ১৩ কোটি টাকার একটি প্যাকেজ প্রকল্প প্রস্তাবনা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। কিন্তু সেখান থেকে মাত্র এক কোটি ২৩ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে।’পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজির আহমেদ (সদ্য অবসরপ্রাপ্ত) প্রথম আলোকে বলেন, ‘শহরের মধ্যে সাত থেকে ১০ টন ওজনের যানবাহন ধারণ ক্ষমতাসম্পন্ন সড়ক নির্মাণ করা হয়। অথচ ২২ থেকে ৩০ টন ওজনের যানবাহন হরহামেশা শহরের মধ্য দিয়ে যাতায়াত করছে। এ জন্য সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিবছর সংস্কার করেও কোনো লাভ হচ্ছে না। জেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি অনেকবার উত্থাপন করা হয়েছে। কিন্তু তাতে কোনো ফল হয়নি।’বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে: শহরের চৌরাস্তা মোড়ের কোতোয়ালি থানার সামনে মণিহার চত্বর ও ষষ্টীতলাপাড়ায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এসব এলাকায় কোনো ডাস্টবিন নেই। এক থেকে দেড় মাস পর পর ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একটু বৃষ্টি হলেই পানিতে এসব ময়লা-আবর্জনা ভেসে বাড়িঘরে উঠে যায়। শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ১৭৮ কিলোমিটার নর্দমার (ড্রেন) মধ্যে ৪৪ কিলোমিটার এখনো কাঁচা। ৭৪ কিলোমিটার পাকা নর্দমা থাকলেও এর অধিকাংশ ভেঙেচুরে গেছে। তা আবার নিয়মিত পরিষ্কার করা হয় না। সামান্য বৃষ্টি হলেই পৌর শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নর্দমার নোংরা পানি ও ময়লা-আবর্জনায় জম্মাচ্ছে মশা। ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চা-বিক্রেতা কবির হোসেন বলেন, ‘মাসের পর মাস নর্দমা পরিষ্কার করা হয় না। নিজেদের টাকা দিয়ে পরিষ্কার করাতে হয়। না হলে মশার উপদ্রব বেড়ে যায়।’ শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, মণিহার এলাকার বিজয়স্তম্ভের পাশে ময়লা-আবর্জনা ফেলায় চলাচলের পথই বন্ধ হয়ে গেছে। বসন্ত কুমার সড়কের ময়লার স্তূপ দেখে বোঝা যায়, কয়েক মাস সেখানকার ময়লা পরিষ্কার করা হয় না। ডাস্টবিনের পাশের মুদি দোকানদার আবদুল কাদের বলেন, ‘এক থেকে দেড় মাস ধরে সুইপাররা এখান থেকে ময়লা সরায় না। দুর্গন্ধে দোকানে বসা কষ্টকর হয়ে যায়। তার ওপর একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। তখন সব ময়লা ভেসে যায়। এতে দূষিত হয় গোটা এলাকার পরিবেশ।’ চৌরাস্তায় থানার সামনে ফলমূলের বাজার বসে। ডাস্টবিন না থাকায় বাজারের পাশে ময়লার স্তূপ জমে গেছে। বর্জ্য পচে যাওয়ায় মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে। এ ব্যাপারে পরিচ্ছন্নতা পরিদর্শক (কনজারভেনসি ইন্সপেক্টর) হারুন-অর-রশীদ বলেন, ‘পৌরসভার নয়টি ওয়ার্ডের ময়লা ফেলার জন্য মাত্র ছয়টি গাড়ি আছে। এর মধ্যে দুই থেকে তিনটি গাড়ি প্রায় সময় নষ্ট থাকে। অথচ নিয়মিত ময়লা ফেলার জন্য ১০টি গাড়ির দরকার হয়। তা ছাড়া ফলের মৌসুমের কারণে এখন ময়লা-আবর্জনা একটু বেশি হচ্ছে।’কেন্দ্রীয় বাস টার্মিনালে অব্যবস্থাপনা: যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে দিনের বেলায় জুয়া ও মাদকের আড্ডা বসে। এ ছাড়া স্থানীয় প্রভাবশালীরা টার্মিনাল চত্ব্বরে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে টাকা আদায় করছেন। এ রকম অন্তত দুই শতাধিক দোকান রয়েছে। এ খাত থেকে টার্মিনাল কর্তৃপক্ষ কোনো টাকা পায় না বলে জানা গেছে। এ ব্যাপারে টার্মিনালের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ পরিদর্শক (সিনিয়র সুপারভাইজার) সৈয়দ মোহাম্মদ আলী বলেন, ‘টার্মিনালের অবৈধ দোকান উচ্ছেদের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তেমন কোনো ফল হয়নি।’ যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের ইটের সলিং ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই টার্মিনালের ছাদ চুইয়ে পানি পড়ে এবং হাঁটুপানি জমে যায়। শৌচাগারে দরজা নেই। তার পরও শৌচাগার ব্যবহারের জন্য যাত্রীদের কাছ থেকে দুই থেকে পাঁচ টাকা করে নেওয়া হয়। এ ব্যাপারে টার্মিনালের মধুমতি কাউন্টারের পঙ্কজ কুণ্ডু জানান, টার্মিনালে যাত্রীসেবার মান অত্যন্ত খারাপ। শহরে যানজট, চলাচলে ভোগান্তি: যত্রতত্র ব্যাটারিচালিত ইজি বাইকের চলাচল ও ফুটপাত না থাকায় শহরে চরম জনজটের সৃষ্টি হচ্ছে। শহরের মুজিব, রবীন্দ্রনাথ, হাজী মোহাম্মদ মহসীন, এম এম আলী, জেলসহ কোনো সড়কে ফুটপাত নেই। তার ওপর সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে ছোট ছোট দোকানঘর। এ জন্য সড়কগুলো অত্যন্ত সরু হয়ে গেছে। ফলে শহরের মধ্যে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি মুজিব সড়কের দুই পাশ (কালেক্টরেট মার্কেট এলাকা) থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ড্রেনের ওপর চৌকি বসিয়ে এসব দোকান স্থাপন করা হয়েছিল। উচ্ছেদের পর ফুটপাত নির্মাণ না করে ফেলে রাখার কারণে আবার তা দখল হয়ে যাচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় সাড়ে ৭০০ ব্যাটারিচালিত ইজি বাইক চলাচলের লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ চলাচল করছে চার থেকে সাড়ে চার হাজার। তিনটি ইজি বাইকের স্ট্যান্ড থাকলেও তা কার্যকর নেই। শহরের দড়াটানা, চৌরাস্তা, চিত্রা মোড়সহ প্রতিটি সড়কে সব সময় যানজট-জনজট লেগেই থাকে। এ ব্যাপারে পৌরসভার সচিব খন্দকার ফিরোজ ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘পুরোনো শহর হওয়ায় শহরে সড়কের পাশে ফুটপাত নেই। তবে নতুন পরিকল্পনায় সড়কে ফুটপাত রাখা হবে। শহরে বর্তমানে চার হাজার ইজি বাইক চলাচল করছে। তবে রিকশা অনেক কমে গেছে। ১০ হাজার রিকশা থেকে কমে দুই-আড়াই হাজারে নেমে গেছে।’বিনোদনের সুযোগ নেই, ছুটির দিনে বিমানবন্দর বাইলেনে আড্ডা: পৌর পার্কে দিনের বেলায় বখাটে নেশাখোরদের আড্ডা বসে। সেখানে বেড়াতে গিয়ে মেয়েদের ইভ টিজিংয়ের শিকার হতে হয়। বছরখানেক আগে নয় লাখ টাকা ব্যয়ে পার্ক সংস্কার করা হয়েছে। টিকিটের মাধ্যমে পার্কের পুকুরে সৌখিন মৎস্যজীবীরা মাছ শিকার করতে আসেন। কিন্তু সাধারণ মানুষের চিত্তবিনোদনের কোনো সুযোগ না থাকায় সরকারি ছুটির দিনে শহরের কোলাহল থেকে একটু স্বস্তির জন্য মানুষ বিকেলে ছুটে যায় বিমানবন্দর বাইলেন সড়কে। এ ব্যাপারে পৌরসভার সচিব জানান, ১০ একর সীমানার বিশাল পৌর পার্কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একজন প্রহরী যথেষ্ট নয়। পার্কের বখাটেদের নিয়ন্ত্রণের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ বিভিন্ন সময় পার্কে অভিযানও চালায়। পার্কটি পারিবারিক বিনোদনকেন্দ্রে পরিণত করার জন্য চিন্তা-ভাবনা করা হচ্ছে। মেয়রের বক্তব্য: পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যশোরকে আধুনিক শহরে পরিণত করার জন্য ‘শহর উন্নয়ন পরিকল্পনা’ নেওয়া হয়েছে। সম্প্রতি ১৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে কিছুটা বরাদ্দও পাওয়া গেছে।’