রংপুর পৌরসভা সিটি করপোরেশন হওয়ায় নগরবাসীর জন্য নতুন করে করারোপ করা হচ্ছে। ৩৮৬ ধরণের ব্যবসায় নতুন কর বসবে। সেই সঙ্গে বাসা-বাড়ির করও বেড়ে যাবে। কিন্তু নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্টজনেরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরই মধ্যে জমি বিক্রির ক্ষেত্রে আগের চেয়ে কর দ্বিগুণ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশন সূত্র জানায়, এক শতাংশ জমির ভূমি কর ছিল সাত টাকা। সিটি করপোরেশন হওয়ায় তা বেড়ে দাঁড়াবে ২০ টাকায়। আগে একতলা পাকা ভবনের কর ছিল প্রতি বর্গফুট পাঁচ টাকা। সিটি করপোরেশন হওয়ায় তা দিগুণের বেশি হবে। পর্যায়ক্রমে আধাপাকা বাড়ি থেকে আট তলা পাকা বাড়ির ক্ষেত্রে নতুন এই করারোপ হবে। বিভিন্ন ধরনের ৩৮৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রকারভেদে কর রয়েছে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত। এখন ১২ হাজার টাকার কর গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ ৩০ হাজার টাকায়। সিটি করপোরেশন, ভূমি কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, সাবেক পৌর এলাকার চেয়ে সিটি করপোরেশনের সীমানা অনেক বেড়েছে। ১৫টি ওয়ার্ড নিয়ে ছিল পৌরসভা। এখন সিটি করপোরেশনের ওয়ার্ড হচ্ছে ৩৩টি। এর মধ্যে নতুন ১৮টি ওয়ার্ড এখনো গ্রাম। এসব ওয়ার্ডের অধিকাংশ জমি হলো কৃষি। সিটি করপোরেশন হওয়ায় কোনো জমিই এখন কৃষিজমি হিসেবে গণ্য হবে না। শহরের জমির সঙ্গে এসব জমিরও ভূমি কর দিতে হবে। এ ছাড়া সদ্য বিলুপ্ত হওয়া পৌরসভার বর্তমান কর প্রয়োগ করা হবে বর্ধিত এলাকায়। সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার ১০টি ইউনিয়নের (সিটি করপোরেশনের আওতাভুক্ত) সড়ক যোগাযোগ অধিকাংশই কাঁচা। জমিগুলো আবাদী। সড়কে বাতি নেই। পয়োনিষ্কাশনব্যবস্থাও নেই। এসব এলাকার উন্নয়ন হয়নি। কিন্তু সিটি করপোরেশন হওয়ায় এখন প্রতিটি এলাকার মানুষকে একই কর দিতে হবে। কিন্তু নাগরিক সুবিধার ক্ষেত্রে ওইসব বর্ধিত এলাকার লোকজন এখন বৈষম্যের শিকার হবেন বলে অনেকের অভিমত।কাপড় ব্যবসায়ী কাজী মো. আদম বলেন, মানুষ সিটি করপোরেশন ঠিকই চায়। এ নিয়ে আন্দোলনও করল। কিন্তু কর যে বাড়বে তা আবার চান না। ধাপ শিমুলবাগ এলাকার আমদানিকারক শাহীনুর রহমান বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করে করারোপ করার নিয়ম থাকলেও বাস্তবে তা করা হয় না। তাঁর মতে, বিভিন্ন ক্ষেত্রে কর ঠিকই বাড়ানো হবে। কিন্তু নাগরিক সুবিধা বাড়ার কোনো লক্ষণ নেই।কর বাড়ানো নিয়ে নগরের সাতগাড়া মিস্ত্রিপাড়ার আনোয়ার হোসেন গত তিন বছর আগে একটি মামলা করেন। মামলাটি বিচারাধীন। আনোয়ার বলেন, আগের কর দিতেই লোকজন হিমশিম খাচ্ছেন। আবার নতুন করে করের বোঝা বাড়বে। কিন্তু নাগরিকদের সুযোগ-সুবিধা না বাড়িয়ে কর বাড়ানো ঠিক হবে না। সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মলয় কিশোর ভট্টাচার্য বলেন, যাঁরা নির্বাচন দাঁড়াবেন, সিটি করপোরেশন নিয়ে তাঁদের আগ্রহ ছিল বেশি। তাঁরা এর জন্য আন্দোলন করেছেন। কিন্তু নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে তাঁদের কোনো পদক্ষেপ নেই।জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত না করে কর চাপিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না। জেলা সাব-রেজিস্ট্রার মকবুল হোসেন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে জমি বিক্রির ওপর নতুন নির্ধারিত কর নেওয়া হচ্ছে। জমি বিক্রির ক্ষেত্রে এর আগে শতকরা এক টাকা কর ছিল। তা এখন দুই টাকা করে নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের প্রশাসক কাজী হাসান আহমেদ প্রথম আলোকে বলেন, এ অর্থবছর পার হওয়ায় আপাতত কর বাড়ছে না। ভবিষ্যতে হয়তো বা কর বাড়বে বলে তিনি মন্তব্য করেন।