নাগরিক সুবিধা বৃদ্ধির ঘোষণা দিলেন সৌদি বাদশা
চিকিত্সার জন্য তিন মাস বিদেশে অবস্থানের পর দেশে ফিরেই নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা আবদুল্লাহ। বিবিসি অনলাইন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, গৃহায়ণ, বিদেশে পড়াশোনা ও সামাজিক নিরাপত্তার জন্য অতিরিক্ত তহবিল গঠন করার কথা বলেছেন বাদশা আবদুল্লাহ। এ জন্য বাদশা এক হাজার ৭০ কোটি ডলারের উন্নয়ন তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। এ তহবিল থেকে সৌদি নাগরিকদের গৃহনির্মাণ এবং বিয়ে বা ক্ষুদ্র ব্যবসার জন্য সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এ ছাড়া সরকারি কর্মচারীদের বেতন ১৫ শতাংশ বাড়ানোর কথাও বলেছেন তিনি।বাদশা আবদুল্লাহ গত বছরের ২২ নভেম্বর চিকিত্সার উদ্দেশে নিউইয়র্কে যান। সেখানে তাঁর মেরুদণ্ড ও অন্ত্রে দুটি অস্ত্রোপচার করা হয়। তিনি বিদেশে অবস্থান করার সময় মধ্যপ্রাচ্যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। গণবিক্ষোভের মুখে তিউনিসিয়া ও মিসরের প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। লিবিয়া, বাহরাইন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই চলছে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ। এ সময় সৌদি আরবেও বেশ কিছু বিক্ষোভের ঘটনা ঘটে।সৌদি আরবে বর্তমানে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৪০ শতাংশ। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে এই বেকার তরুণেরা সৌদি আরবেও সরকারবিরোধী আন্দোলনে নেমে পড়তে পারে।