নাগরিক সেবা বাড়াতে চান মনিরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান নাগরিক পরিষেবা বাড়ানোর দিকে মনোযোগ দিতে চান। নগরের প্রান্তিক মানুষ যেসব এলাকায় থাকেন, সেসব এলাকার রাস্তাঘাট, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিধন—এসব কাজ প্রথমেই শুরু করতে চান তিনি।পাশাপাশি নগরের জলাবদ্ধতা নিরসনে খালগুলোর অবৈধ দখল উচ্ছেদে দলমত-নির্বিশেষে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গতকাল সোমবার দুপুরে ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রেস ব্রিফিং শেষে মনিরুজ্জামান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।নবনির্বাচিত মেয়র বলেন, ‘নির্বাচন অবাধ হবে কি না তা নিয়ে মানুষের মধ্যে সংশয় ছিল। বিশেষ করে সরকারি দলের কিছু আচরণ আমাদের মধ্যে সংশয় তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন।’নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার ভূমিকা প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, অসম্ভব ভালো ভূমিকা ছিল রিটার্নিং কর্মকর্তার। তিনি বারবার তাঁদের অভিযোগ শুনেছেন। যখনই কোনো অভিযোগ করেছেন, তখনই তিনি কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের অনুরোধে প্রধান নির্বাচন কমিশনার খুলনা এসেছিলেন।নির্বাচন প্রসঙ্গে মেয়র আরও বলেন, এবারের সিটি করপোরেশন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনের চেয়ে অনেক ভালো হয়েছে।নির্বাচনে সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দাবি করেছিলাম। কেননা নির্বাচনের সময় যে প্রশাসন কাজ করে যেমন পুলিশ বা আনসার, তাদেরকে আপনি কিনতে পারেন। তার পরও তাদের (সেনাবাহিনী) উপস্থিতি ছাড়া নির্বাচন ভালো হয়েছে।’সিটি করপোরেশনের দুর্নীতি রোধ করতে মেয়রের উদ্যোগ কী হবে, জানতে চাইলে তিনি জানান, কাউকে লাঞ্ছিত না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের আমলনামা আগে জেনে তারপর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মো. মনিরুজ্জামান ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। বামপন্থী ছাত্রসংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন ১৯৭০ সালে। মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। মনিরুজ্জামান ১৯৯৪ সালে সিটি করপোরেশনের কমিশনার নির্বাচিত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। এবার মেয়র প্রার্থী হওয়ার আগে তিনি খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যাসন্তানের জনক। মনিরুজ্জামান ২০০৮ সালে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।