নাগরিকদের একযোগে টয়লেট ফ্লাশের আহ্বান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়ের নগর কর্তৃপক্ষ শহরবাসীকে একটি নির্দিষ্ট সময়ে টয়লেট ফ্লাশ করার আহ্বান জানিয়েছেন। টানা কয়েক দিন পানি সরবরাহ কমিয়ে দেওয়ার পর পয়োনিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক করতে কর্তৃপক্ষ এ আহ্বান জানায়।‘দ্য গার্ডিয়ান’-এর খবরে আজ শনিবার বলা হয়, শহরের ১০ লাখের বেশি নাগরিককে বুলাওয়ে সিটি কাউন্সিল আহ্বান জানায়, তারা যেন সন্ধ্যায় পানি সরবরাহ চালুর পর সাড়ে সাতটায় একযোগে টয়লেট ফ্লাশ করে। সিটি কাউন্সিলের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিন ওই শহরে পানির সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছিল। ফলে পয়োনিষ্কাশন লাইনে প্রচুর আবর্জনা জমে গেছে। একযোগে ফ্লাশ করলে এসব আবর্জনা পরিষ্কার করতে সুবিধা হবে। জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খরা পরিস্থিতির কারণে বুলাওয়ে শহরে পানি সরবরাহের জন্য নির্মিত বাঁধ দুটি শুকিয়ে যাচ্ছে। নভেম্বরে বর্ষা মৌসুম শুরুর আগে পানির সংকট বেড়ে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।