নাঙ্গলকোট পৌরসভার এক কেন্দ্রে সংঘর্ষে আহত ১০
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শিশু নিকেতন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামসুদ্দীন ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ কে এম নুরুল আবছারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে লাঠির আঘাতে পাঁচ বিএনপির কর্মী গুরুতর আহত হয়। তাঁরা হলেন—নিজামউদ্দীন (৫০), আবুল কালাম (৫২), গেদু মিয়া (৩৫), আবদুল ওয়াহাব (২৮) ও নূরুন্নবী (২৪)। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানসহ সেনাবাহিনী সেখানে যায়। এক নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জোহরা বেগম জানান, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রে ঢুকে দেয়াল ঘড়ির প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দিতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে বিএনপির প্রার্থী এ কে এম নুরুল আবছার জানান, বাতুপাড়া, ধাতীশ্বর, খান্নাপাড়া ও কেন্দ্রা—এই ভোট কেন্দ্রগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শামসুদ্দীন জানান, নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী হেরে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।