নাঙ্গলকোট পৌরসভার স্থগিত হওয়া কেন্দ্রে নির্বাচন ১৬ এপ্রিল
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার স্থগিত হওয়া ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ করা হবে ১৬ এপ্রিল শনিবার। গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যালট পেপারে সিল মারা, প্রিসাইডিং অফিসারকে মারধর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।আজ বুধবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রেহানউদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গত ১৮ জানুয়ারি ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল নয়টা ও দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নেতা-কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারেন এবং ব্যালট বাক্স ছিনতাই করেন। ওই সময়ে তাঁরা প্রিসাইডিং অফিসার উপজেলা মত্স্য কর্মকর্তা মো. খোরশেদ আলমকে মারধর করেন। পরে রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।নাঙ্গলকোট পৌরসভার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টির ফল ঘোষণা করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. সামছুদ্দিন পেয়েছেন পাঁচ হাজার ৪২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এ কে এম নুরুল আফছার পেয়েছেন পাঁচ হাজার ১০৯ ভোট। এতে আওয়ামী লীগ প্রার্থী ৩২০ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন। স্থগিত হওয়া ওই ভোটকেন্দ্রে ৫৭৩ জন ভোটার রয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, ‘নির্বাচন কমিশন থেকে গতকাল মঙ্গলবার চিঠি এসেছে। ওই চিঠিতে ১৬ এপ্রিল শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করার জন্য বলা হয়েছে।’