নাচ, গান আর আনন্দে চ্যানেল আই বিজয় মেলা
বিজয়ের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার রবি ও চ্যানেল আই আয়োজন করে বিজয় মেলা। বেলা ১১টা ১০ মিনিটে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ...’ গানটির সঙ্গে ৪০টি কবুতর ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী-কলাকুশলী, নারী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, আইনজীবী, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, লেখক ও দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা।রবি ও চ্যানেল আই বিজয় মেলায় এবার আজীবন সম্মাননা দেওয়া হয় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজেয় শ্যামকে। তাঁকে উত্তরীয়, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, রবির সিএফও মাহতাব উদ্দিন আহমেদ, সিসিও মতিউল ইসলাম ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা। সুজেয় শ্যাম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘চ্যানেল আই ও রবিকে ধন্যবাদ আমাদের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের সম্মানিত করায়। কারণ, আমাদের কেউ সম্মানিত করেননি। চ্যানেল আই আমাদের শিল্পীদের মাটি থেকে তুলে এনে সম্মানিত করছে। চ্যানেল আই ও রবির কাছে আমার অনুরোধ, তারা যেন আমাদের গানগুলো সংরক্ষণ করার ব্যবস্থা নেয়।’ এ সময় সুজেয় শ্যাম তাঁর গাওয়া স্বাধীন বাংলাদেশের প্রথম গান ‘বিজয়ের নিশান উড়ছে ওই...’ গানটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের নিয়ে পরিবেশন করেন।এ সময় মুক্তিযুদ্ধের গবেষক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ভূঁইয়া মঞ্চে উপবিষ্ট বিমান বাহিনীর কয়েকজন ও যুদ্ধাহত কয়েকজন মুক্তিযোদ্ধাকে জাতির সামনে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের বীরত্ব গাথা তুলে ধরেন।মেলায় আগত চিত্রশিল্পীরা বিজয়ের স্মৃতিজড়িত বিভিন্ন চিত্র অঙ্কন করেন। এরপর ফকির আলমগীরের নেতৃত্বে ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা ‘জয় বাংলা বাংলার জয়...’ গানটি দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা শুরু করেন। এ ধারাবাহিকতায় নৃত্য, আবৃত্তি, স্মৃতিচারণা ও সংগীত পরিবেশনা চলতে থাকে দিনব্যাপী। মেলায় আসেন বিভিন্ন মাধ্যমের ব্যক্তিত্বরা। মেলায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের গ্রন্থ, মুক্তিযুদ্ধ জাদুঘর, হস্ত ও কুঠির শিল্প, পান-সুপারি, কেকা ফেরদৌসীর রান্নাঘরসহ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল।এ ছাড়া জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে মেলায় আগত অতিথিদের সারা দিন ফ্রি চিকিত্সাসেবা দেওয়া হয়।মেলা পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। বেলা দুইটা পর্যন্ত বিজয় মেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।