নাচ, গান ও চিত্রপ্রদর্শনীতে মুখর সিলেটের সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন মেস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায়...’ বাউলসম্রাট শাহ আবদুল করিমের লেখা বহুশ্রুত এ গানটি অসাধারণ আবেগ আর দরদ দিয়ে গাইলেন সিলেটবাসীর ‘মাসিমা’খ্যাত চন্দ্রাবতী রায়বর্মণ। বাউলসম্রাটের ছাড়াও সিলেটের রাধারমণ, হাসন রাজা, শিতালং শাহ, আরকুম শাহ, দুর্বিন শাহসহ বেশ কয়েকজন লোকশিল্পীর লেখা ১৫টি গান একে একে গেয়ে শোনান। ফাঁকে ফাঁকে তিনি নিজের শৈশব, কৈশোর ও গানের প্রতি প্রেমের কথা শোনান।৭ মে সিলেটের উপশহর এলাকার শাহ আলম আর্ট গ্যালারিতে সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবীণ লোকসংগীত শিল্পী চন্দ্রাবতী রায়বর্মণের ‘চন্দ্রাবতী সন্ধ্যা’ পিনপতন নীরবতায় উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও শ্রোতারা। ৮০ বছর বয়স্কা এই শিল্পী সিলেট অঞ্চলের বিস্মৃত ও অতিশ্রুত গানগুলো নান্দনিকভাবে উপস্থাপন করেন। পাশাপাশি গাইলেন নিজের লেখা ও সুর করা ‘যাবো আমি বহু দূরে/বিলম্ব সহে না প্রাণে/ মনমাঝি ভাই গলুইতে নাওয়ের পাল তোল...’ গানটি। কথা ও গান বিনিময়ের এ লোকগানের আসরের আয়োজন করেছে শাহ আলম গ্যালারি ও সাংস্কৃতিক সংগঠন প্রান্তিক পর্ষদ। প্রান্তিক পর্ষদের সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতে চন্দ্রাবতী রায়বর্মণের বর্ণাঢ্য ও সুরেলা জীবনী পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি হেমচন্দ্র ভট্টাচার্য। সংগীতসন্ধ্যা উপলক্ষে দেবাশীষ সম্পাদিত চন্দ্রাবতী নামে একটি লোকসংস্কৃতিবিষয়ক ছোট কাগজ প্রকাশিত হয়।রবীন্দ্র জয়ন্তী: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবর্ষ পালন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এবং স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন পিদিম। সিলেট অডিটরিয়ামে ৮ মে আলোচনা, গান ও আবৃত্তির মাধ্যমে রবীন্দ্র-বন্দনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। ওই দিন আইনজীবী সুদীপ্ত অর্জুনকে আহ্বায়ক এবং বাপ্পা ঘোষ চৌধুরীকে সদস্যসচিব করে পিদিমের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই দিন পুষ্পহাসি খেলাঘর আসরের উদ্যোগে মিরাবাজার এলাকার মডেল হাইস্কুলে কবিগুরুর জন্মবার্ষিকী পালন করা হয়। সংগঠনের সভাপতি তাপসী চক্রবর্তীর সভাপতিত্বে ও শংকর চৌধুরীর সঞ্চালনে আলোচনায় প্রধান অতিথি ছিলেন খেলাঘর সিলেট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙালি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি তুষার কর। স্বাগত বক্তব্য দেন অভিনন্দন ধর চৌধুরী এবং সূচনা বক্তব্য দেন ফাহিম শাহরিয়ার খান। অনুষ্ঠানে ‘আলো আমার আলো ওগো আলোর ভুবন ভরা’ গানের আবহে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন মুক্তিযোদ্ধা তোলা মিয়া ও মুক্তিযোদ্ধা আমির হোসেন। শিল্পী বাইশ কাদিরের চিত্রপ্রদর্শনী: সিলেটের উপশহর এলাকার শাহ আলম আর্ট গ্যালারিতে শিল্পী বাইশ কাদিরের ‘জীবন যেখানে যেমন’ শীর্ষক ১২তম একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে স্কুল অব আর্ট ও মিডিয়া গাইড কমিউনিকেশন। প্রদর্শনীটি গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ১৪ মে। ৪৭টি নিরীক্ষাধর্মী ছবি স্থান পাওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। ৩০ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাইছ মিয়া। বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া গাইডের কর্ণধার ফয়সল আহমদের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হ্যারল্ড রশীদ। নৃত্যের জন্য ভালোবাসা: বৈশাখের সন্ধ্যাবেলা। সিলেট অডিটরিয়ামের চারপাশে লিলুয়া বাতাসে লেগেছিল মিষ্টি আমেজ। সন্ধ্যা সাতটা বাজতে না বাজতেই নৃত্যপ্রেমীদের আনাগোনায় মুখ হয়ে ওঠে পুরো মিলনায়তন। হঠাৎ নিভে যায় পুরো মিলনায়তনের আলোকসজ্জা। নূপুরের রিনিঝিনি ছড়িয়ে পড়ে মিলনায়তনজুড়ে। আর এ নৃত্যানুষ্ঠান ঘিরেই উৎসবে মেতে ওঠে নৃত্যপ্রেমী দর্শক ও নৃত্যশিল্পীরা। এভাবেই গত ২৫ এপ্রিল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট শাখার উদ্যোগে নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটরিয়ামে হয়ে গেল আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন। সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। এতে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লায়লা হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। সংগঠনের সিলেট শাখার সভাপতি অনিল কৃষন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কত্থক শিল্পী সাজু আহমেদ। চিত্রপ্রদর্শনী: শিশু চারু বিদ্যালয় চারুকলির উদ্যোগে ২ মে শেষ হয়েছে তিন দিনব্যাপী অষ্টম বার্ষিক চিত্রপ্রদর্শনী। নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় বিদ্যালয়টির কার্যালয়ে শেষ দিনে আয়োজন করা হয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত।