নাচ-গান-কবিতা-নাটকের মুগ্ধতা
নাচ-গান-কবিতা আর নাটকে যেন পূর্ণ সংস্কৃতির ষোলোকলা। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে গত এক পক্ষ ছিল অন্য রকম মুগ্ধতা। নৃত্যশৈলীর প্রতিষ্ঠাবার্ষিকী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক আবৃত্তি সংগঠন মাভৈঃ-এর দেড় দশক পূর্ণ এবং নাটক সংগঠনের পথনাটক আর নাট্যমঞ্চের উৎসব শুরুর মুখরতায় সাংস্কৃতিক অঙ্গন ছিল সরব।নৃত্যশৈলীর গীতিনৃত্যনাট্য: চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে গীতিনৃত্যনাট্য চণ্ডালিকা। ৪ নভেম্বর সন্ধ্যা সাতটায় এই পরিবেশনা দেখতে হাজির হয়েছিলেন নৃত্যপ্রেমী অসংখ্য দর্শক-শ্রোতা। পরিবেশনায় অংশ নেন নীলাঞ্জনা দাশ জুঁই, বিপুল শর্মা, সুবর্ণা সাহা, বর্ষণ, জসীম, দুর্জয়, নিপা, সোনিয়া, ফাম্মি, সাথী, দেবী, শারমিন, দৃষ্টি, সাদিয়া, স্বর্ণা, কবির, খলিল, রাজীব, নাহিয়া, হুসাইন। নির্দেশনায় ছিলেন সাজু আহমেদ। গীতিনৃত্যনাট্যে সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের শিল্পীরা। এঁরা হচ্ছেন প্রতীক এন্দ টনি, কুন্তলা চক্রবর্তী, মির্জা মালিহা, মৃণালকান্তি বৈষ্ণব, প্রত্যাশা পাল, শ্রাবণী দাস, স্বর্ণা ব্যানার্জি ও সুদীপ্তা পাল। এর আগে বিপুল শর্মার নির্দেশনায় ‘বাজে বাজে রঙ্গবীণা’ গানের ছন্দে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।সন্ধ্যা পৌনে সাতটায় সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোমা মুমতাজ। আমন্ত্রিত বক্তা ছিলেন নৃত্য গবেষক শেখ মেহেদী হাসান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল শর্মার সম্পাদনায় নটরাজ নামের একটি স্মরণিকা বের হয়েছে। এটির প্রচ্ছদ করেছেন বিপ্লব কর। ‘ভাগের মানুষ’ মঞ্চায়ন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার সাস্ট ভাগের মানুষ নাটক মঞ্চায়ন করেছে। মান্নান হীরা রচিত নাটকটি নির্দেশনা দেন এ কে এম আতিকুর রহমান। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি ঘিরে আবর্তিত হয়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহফুজ, আশরাফ, ইসতিয়াক, সিপন, মামুন, রাশেদ, শিবলী, মিল, মুন্না, আতিক, রবিন, তুষার, সজীব, অপু, তুহিন ও রাজন।নবশিখা নাট্যদলের মতবিনিময় সভা: সিলেটের নবশিখা নাট্যদল সাত দিনব্যাপী ‘নবশিখা জাতীয় নাট্যোৎসব ২০১০’ পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছে। গত ১০ নভেম্বর রাত আটটায় নগরের রিকাবীবাজার এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে এ সভা হয়। প্রথমেই নাট্যোৎসব আয়োজনের বিস্তারিত বিষয় তুলে ধরেন সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি দে।আজ মুক্তমঞ্চ পরিবেশিত পথনাটক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় ইভ টিজিং-বিরোধী পথনাটক প্রদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আজ মুক্তমঞ্চ’ পরিবেশিত নাটকটির নাম ছিল এখনো দুঃস্বপ্ন। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মঞ্চায়িত নাটকটি রচনা করেছেন আহমেদ রনি এবং নির্দেশনা দিয়েছেন শাকিব খান। এর আগে ‘তারুণ্য দীপ্ত শক্তিতে হও বলীয়ান, শেষ হোক তবে ইভ টিজিং উপাখ্যান’ স্লোগান নিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মোড়ক উন্মোচন: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগীতবিষয়ক সাংস্কৃতিক সংগঠন নোঙর প্রকাশ করেছে প্রতিচিত্র। প্রকাশিত সংখ্যায় বাউলসম্রাট শাহ আবদুল করিম এবং পপসম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে প্রবন্ধ ছাপা হয়েছে। এ ছাড়া বাংলার রক সংগীতের বিকাশ-বিবর্তন ও মূল্যায়নসহ রয়েছে স্বনামধন্য সংগীতজ্ঞদের সাক্ষাৎকার। গত ৩১ অক্টোবর বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন চত্বরে প্রকাশিত সংগীতবিষয়ক কাগজ প্রতিচিত্র-এর মোড়ক উন্মোচন করা হয়। সংগঠনটির সভাপতি আশিকুর রহমান জানান, সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রকাশিত সংগীতবিষয়ক কাগজ হচ্ছে প্রতিচিত্র। এটি এখন থেকে নিয়মিত প্রকাশিত হবে।নাট্যমঞ্চের উৎসব লোগো উন্মোচন: ১ ডিসেম্বর থেকে নাট্যমঞ্চ সিলেটের উদ্যোগে শুরু হচ্ছে ‘নাট্যমঞ্চ জাতীয় নাট্যোৎসব ২০১০’। ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্য উৎসবে দেশের সাতটি বিভাগের নাট্য সংগঠন অংশ নেবে। ‘চেতনার মন্ত্রে মুক্ত হোক শৃঙ্খল’ স্লোগানে নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটোরিয়ামে এ উৎসব হবে। নাট্যোৎসব সফল করতে ২ নভেম্বর সন্ধ্যা সাতটায় জিন্দাবাজারের নজরুল একাডেমিতে সিলেটের নাট্য সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নাট্যোৎসবের উৎসব লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। নাট্যোৎসবের আহ্বায়ক রজতকান্তি গুপ্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক অরিন্দম দত্ত, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি সৈয়দ মনির হেলাল, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, নাট্যনির্দেশক বাবুল আহমেদ, আমিরুল ইসলাম, মোস্তাক আহমেদ, পার্থ সারথি রায়, কমলজিৎ শাওন, রুবেল আহমেদ, চৌধুরী নাঈম বিন আতিক, রকিবুল ইসলাম, দুর্জয় পুরকায়স্থ, সালেহ আহমদ, জুয়েল দেব, অপুকুমার সেনাপতি, রাজু ইসলাম প্রমুখ।