নাচ-গান-কবিতায় নাগরিক নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার চাদর বিছানো আকাশ। তখনো শিশিরভেজা গাছপালার পাতায় রোদের পরশ লাগেনি। ঢাকা বিশ্বিবিদ্যলয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এমন সময় বেজে উঠেছিল সমবেত বাদ্যযন্ত্রের সুর। গতকাল মঙ্গলবার জাতীয় নবান্ন উৎসবের শুরুটা হয়েছিল এভাবেই। জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে এই নিয়ে দ্বাদশবারের মতো অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। অগ্রহায়ণে যখন কৃষকের গোলায় নতুন ধান ওঠে, তখন গ্রামবাংলায় শুরু হয় নবান্ন উৎসব। আবহমানকাল ধরে বাঙালির এ সর্বজনীন উৎসব আনন্দের বারতা বয়ে আনে কৃষকের ঘরে ঘরে। রাজধানীতে ধানখেত নেই, নতুন ধান ওঠার পর্বও নেই। তাই বলে আনন্দ-উৎসবে তো বাধা নেই। গ্রামীণ জীবনের সেই আনন্দই নাগরিক পরিবেশে তুলে আনা হয়েছিল নানা অনুষঙ্গে গতকালের নবান্ন উৎসবে। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত ভাষাসৈনিক ও শিল্পী ইমদাদ হোসেনকে। অনুষ্ঠানে চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীর, শিল্পী মোহাম্মদ কিবরিয়া, শিল্পী আমিনুল ইসলাম, ফটোসাংবাদিক রশীদ তালুকদারসহ সম্প্রতি অকালপ্রয়াত গুণীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।উৎসবের শুরুতেই ঐহিত্যবাহী বাদ্যযন্ত্রের সুরের ইন্দ্রজাল সৃষ্টি হয় চারুকলা প্রাঙ্গণে। বেহালা, ঢোল, দোতরা আর বাঁশির এ সুর-মূর্ছনার রেশ কাটতে না-কাটতেই লায়লা আফরোজ আবৃত্তি করেন আবু জাফর ওবায়দুল্লার কবিতা। এরপর সম্মেলক কণ্ঠের গান ‘আমার সকল কথা’। নবান্নের কথামালা নিয়ে সাজানো এ গানের পরই আজিজুর রহমান গাইলেন ‘আজি নূতন রতনে ভুবন যতনে’। গানের পরে মঞ্চ মুখর হলো নূপুরের ঝংকারে। অনিক বসুর নৃত্য পরিচালনায় স্পন্দনের শিল্পীরা ‘ওপারে ওই ধানের খেতে হলদে রঙের ছোপ লেগেছে’ গানটির তালে নৃত্য পরিবেশন করেন। লোকসংগীত পরিবেশন করলেন আবু বকর সিদ্দিক। ‘কনকচাঁপা ধান’ গানটিতে তামান্না রহমানের নৃত্য পরিচালনায় নেচে ওঠেন নৃত্যমের শিল্পীরা। নাচের পরে ‘হেই সামালো ধান হো’ সম্মেলক গাইলেন উদীচীর শিল্পীরা। ‘হেমন্তে কোন বসন্তের বাণী’ গানের তালে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। রূপু খান গাইলেন ‘বন্ধুয়া বিনে নবান্নের দিনে’। ওস্তাদ মমতাজ আলী সংগীত একাডেমির শিল্পীদের সম্মেলক পরিবেশনা ছিল ‘ও মাইঝা ভাই সাইঝা ভাই কই গেলারে’। সম্মেলক কণ্ঠে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হলো: ‘আয়রে ভাই কাটি ধান’। ‘কোথায় সোনার ধান’ গানের সঙ্গে নাচ করেন নৃত্যভূমির শিল্পীরা। সফিউল আলম গাইলেন ভাওয়াইয়া ‘মনটায় মোর পিঠা খাবার চায়’। এরপর আবার ভাবনার নৃত্যশিল্পীদের সমবেত নৃত্য। উৎসব উপলক্ষে বকুলতলা চত্বর সাজানো হয় গ্রামীণ পরিবেশের আদলে। নবান্নকথনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘বিপন্ন কৃষি ও কৃষকের পাশে দাঁড়াতে হবে সবাইকে। নবান্নের পুনর্জাগরণের মধ্য দিয়ে কৃষকদেরও নতুন করে বাঁচার মন্ত্রে উজ্জীবিত করে তুলবে হবে। কেননা, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকের মুক্তিই জাতির মুক্তি।’এ সময় সাংবাদিক ফয়েজ আহমদ বলেন, ‘এ উৎসব আজকের নয়। এই বাংলায় কৃষকরা বহুকাল আগে থেকেই নবান্ন উৎসবের আয়োজন হয়ে আসছে। নিজেদের বাড়িতে দীর্ঘদিন ধরে তারা আনন্দ-উল্লাসের মাধ্যমে উদ্যাপন করে আসছে নবান্ন উৎসব। কৃষিকে ভিত্তি করেই গড়ে উঠেছে আমাদের সংস্কৃতি। তাই কৃষকের সঙ্গে মধ্যবিত্তের যোগসূত্র স্থাপনে এ নবান্ন উৎসব অপরিসীম ভূমিকা রাখবে বলে মনে করি।’ নবান্নকথনে আরও অংশ নেন চারুকলা অনুষদের ডিন শিল্পী মতলুব আলী, নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদ সেলিম, কাজী মোহাম্মদ শীশ, বুলবুল মহলানবীশ, হাসিনা মমতাজ, সংগীতা ইমাম, বাবুল বিশ্বাস, মানজারুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বের ইতি টানা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি ঢাকঢোলের বাদ্যের সঙ্গে নেচে-গেয়ে বকুলতলা থেকে টিএসসির সড়কদ্বীপ ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়।বিকেলে শুরু হওয়া দ্বিতীয় পর্বে ঢাকঢোলের বাজনা, বাউলগান, লাঠিখেলা, নৃত্য ও সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবান্ন উৎসব। চাষাবাদের সঙ্গে সম্পর্ক না থাকলেও গানের সঙ্গে গরম গরম ভাপাপিঠা আর ধোঁয়া ওঠা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে দর্শকদের নবান্নের সন্ধ্যাটি কেটেছে আনন্দেই।