নাচ গান মউজ মাস্তিতে মাতিয়ে দিলেন শাহরুখ
অভিনয়, সংলাপ বলার নিজস্ব রীতি আর নৃত্য দিয়ে সারা বিশ্বের কোটি কোটি দর্শকের হূদয় জয় করেছেন শাহরুখ খান। শুধু তরুণ প্রজন্মেরই স্বপ্নের নায়ক নন তিনি, শিশু থেকে বৃদ্ধ—বিভিন্ন বয়সী অগণিত অনুরাগী তাঁর। গতকাল শুক্রবার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে তাঁর সেই চোখ ধাঁধানো নাচ ও বুদ্ধিদীপ্ত সরস আলাপচারিতায় মাতালেন ঢাকার দর্শকদের। তাঁর উপস্থাপনা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেছেন সবাই। শাহরুখ বলেছেন, ‘বঙ্গবন্ধুর এই দেশে ভারতবর্ষ থেকে শুভেচ্ছা এনেছি।’ স্মরণ করেছেন, এ দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লিকবি জসীমউদ্দীন, শিল্পী রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যার মতো ব্যক্তিত্বদের।শাহরুখ বাংলাদেশে আসছেন—গত বছর থেকেই চলছিল এই জল্পনা-কল্পনা। ঢাকা সফর উপলক্ষে একটি টিভি বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন তিনি। এতে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের দর্শকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘নাচ গান মউজ মাস্তিতে মাতিয়ে দিতে আসছি আমি। আর্মি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর দেখা হবে।’ কথা রেখেছেন বলিউডের কিং খান। গতকাল রাতে সত্যিকার অর্থেই, নাচ আর কথার ফুলঝুরিতে মাতিয়ে রেখেছেন তিনি। শাহরুখের পাশাপাশি বলিউড নায়িকা রানী মুখার্জি ও ইশা কোপিকার, নায়ক অর্জুন রামপাল, কাঁটা লাগা খ্যাত শেফালি জরিওয়ালা, সংগীতশিল্পী নিরাজ শ্রীধরসহ অন্যদের পরিবেশনাও ছিল জমকালো।শাহরুখ খান সহশিল্পীদের নিয়ে শুক্রবার বেলা সোয়া দুইটায় নিজস্ব ব্যবস্থাপনায় বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর পরই র্যাব ও পুলিশের দেড় শতাধিক সদস্য তাঁর নিরাপত্তার দায়িত্ব নেন। সঙ্গে ছিলেন শাহরুখের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা। তিনি স্টেডিয়ামে আসেন বিকেল চারটায়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে তিনি স্টেডিয়ামের মঞ্চে সহশিল্পীদের নিয়ে সংক্ষিপ্ত মহড়া করেন। এক ফাঁকে নেমে পড়লেন আলোকচিত্রীর ভূমিকায়। ছবি তুলতে শুরু করেন দর্শকদের।রাত পৌনে আটটায় শুরু হয় অনুষ্ঠান। রাতে স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। হাজার হাজার উৎসুক চোখ অপেক্ষা করছিল শাহরুখ খানের জন্য। শুরুতেই মঞ্চে আসেন বাংলাদেশের গায়ক পারভেজ। তিনি শোনান কয়েকটি গান। সঞ্চালক দেবাশীষ বিশ্বাস ও প্রান্তর চৌধুরীর ঘোষণায় ‘কাঁটা লাগা’ গানের সঙ্গে ছিল শেফালি জরিওয়ালার জমকালো নৃত্য। পর পর দুটি গানের সঙ্গে তিনি নৃত্য পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন নায়িকা ইশা কোপিকার। এরপর হঠাৎ করে মঞ্চে দেখা যায় একটি মোটরবাইক। নায়ক অর্জুন রামপাল সেখানে। অর্জুন রামপাল মঞ্চে এলে তরুণ-তরুণীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।পশ্চিমবঙ্গের মেয়ে রানী মুখার্জিও বলিউড জয় করেছেন অনেক আগে। তাঁর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন দর্শকেরা। পুরোদস্তুর বাঙালি মেয়ের মতো তাঁর সম্বোধন, ‘বললেন, কেমন আছেন আজগে? আমি আপনাদের্ররানী...।’ বেশ কয়েকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করলেন তিনি।এর পরই সেই মাহেন্দ্রক্ষণ। রাত তখন আটটা ৫০ মিনিট। কালো জামা পরিহিত শাহরুখ যখন মঞ্চে এলেন, তখন দর্শকের হর্ষধ্বনির বিরাম নেই। তিনি বললেন, ‘আমার ছোটবেলায় মা বলতেন সোনার বাংলা। তখন আমি বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি, এ দেশের মানুষ, তাঁদের মন, মাটি, আকাশ—সবই সোনার।’‘আজা মেরি’ আর ‘মারজানি মারজানি’ গানের সঙ্গে নাচেন তিনি। শাহরুখ খান একেকটা গানের পর নেচে যাচ্ছেন, অন্যদিকে স্টেডিয়াম-ভর্তি দর্শক উল্লাসে ফেটে পড়ছেন। একপর্যায়ে মঞ্চে বেশ কয়েকজন তরুণ-তরুণীকে ডেকে আনেন তিনি। তাঁদের সঙ্গে জমিয়ে তোলেন আলাপচারিতা। অবশ্য হিন্দি সিনেমায় তাঁর নাচ, গান, সংলাপ ও সাবলীল অভিনয় বাংলাদেশের দর্শকদের খুব চেনা। সেসবই বাস্তবে খুঁজে পাচ্ছিলেন তাঁরা মঞ্চে শাহরুখের পরিবেশনায়।এরপর শাহরুখের সঙ্গে আবারও মঞ্চে এলেন রানী মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘তওবা তুমহারে ইশারে’, ‘ক্যোয়ি মিল গ্যায়া’, ‘মিতুয়া’সহ বেশ কিছু পরিচিত গানের সঙ্গে নাচলেন সদলবলে।রাত বাড়ছিল, চলছিল অনুষ্ঠানও। তবু শেষ হলো একসময়। শাহরুখ এবার বাংলা বলেন, এই স্নেহ, এই আশীর্বাদ কখনো ভুলব না। আবার আসব।’ সবাই মিলে ‘ওম শান্তি ওম’ গানটির সঙ্গে নেচে শেষ করলেন আয়োজন। অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ।অব্যবস্থাপনার নিন্দা ও প্রতিবাদঅনুষ্ঠানে দর্শকদের ব্যাপক আগ্রহ-উদ্দীপনা থাকলে কিছু অব্যবস্থাপনা ছিল দৃষ্টিকটু, বিশেষ করে হাজার হাজার টাকা খরচ করে প্রবেশপত্র নিয়ে অনেকে বসতে পারেননি। নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠান শুরু নিয়েও ক্ষোভ ছিল দর্শকদের। এ ছাড়া মঞ্চে শাহরুখকে ধূমপানরত অবস্থায় টিভিতে দেখানোর মধ্য দিয়ে বাংলাদেশের ২০০৫ সালের ‘তামাক নিয়ন্ত্রণ আইন’ লঙ্ঘিত হয়েছে বলেও নিন্দা জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। জনপ্রিয় শাহরুখ খানের ধূমপানের দৃশ্য দেখে বাংলাদেশের তরুণ সমাজের এ নেশায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন।