নাচে, গানে কবিতায় অনন্য
ঋতুরাজ বসন্তের আগমনে রিক্ত প্রকৃতি যেমন নব আনন্দে সুশোভিত হয়েছে, তেমনি বসন্ত শুরুর সন্ধিক্ষণে গণিত উৎসবের খুদে গণিতবিদদের পদচারণে মুখর হয়ে উঠেছিল উৎসব প্রাঙ্গণ। ওরা শুধু গণিতেই নয়, গান, নাচ, কবিতায়ও পারদর্শী। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই চট্টগ্রামের কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী কাজী মরিয়ম আক্তার রবীন্দ্রনাথের ‘এসো শ্যামল সুন্দর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। সুকান্ত ভট্টাচার্যের ‘দুর্মর’ কবিতাটি আবৃত্তি করে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুপ্রভা হক। রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাদিয়া তাহসীনের নজরুলসংগীত আর বগুড়া জেলা স্কুলের ছাত্র তা-সীন আল রাফিদের ভাষার গান বিকেলকে নিয়ে যায় অন্য উচ্চতায়। বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট অভিনয় করে দেখায় কুমিল্লা সূর্যমুখী কিন্ডার গার্টেনের নুসরাত জাহান ভূঁইয়া। নদীমাতৃক দেশ বাংলাদেশ। এ দেশের মাটি, জল ও বায়ু মিশে আছে আমাদের প্রাণে। আমাদের গানে আর প্রাণে তাই মিশে থাকে আমার দেশই। আর তারই প্রমাণ পাওয়া যায় বিদ্যাময়ীর ছাত্রী ঐশ্বর্য নিয়োগী, খুলনার ছাত্রী নূরে আয়শা রাহী এবং খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রান্ত প্রতীকের কণ্ঠে। সারা দিনের আনন্দ ধরে রাখতেই শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটি গাইল সিলেটের শুভাশীষ কুন্ডু। ফোক গান ‘তোমার ঘরে বসত করে কজনা’ পরিবেশন করে ফরিদপুর রাজেন্দ্র কলেজের কুণ্ডল বিশ্বাস। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মেহজাবিন মাহমুদ ‘ডাকে পাখি খোলো আঁখি’ গানটি গেয়ে ঊষার রক্তিম সূর্য, সোনালি সকাল, নীল আকাশের টুকরো মেঘের ভেলা ভাসানো সবুজ সুন্দর প্রকৃতির দেশ বাংলাদেশে আগামী নতুন সৃজনশীল ও সাবলীল সুন্দর ভোরের আহ্বান জানায়। বরিশালের তাহমিদ-উল ইসলামের কৌতুক আর সমবেত নাচের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা ও সার্বিক দায়িত্বে ছিলেন রুহুল আমিন, শুভ্রা রায় ও বর্ষা।ভাষা ও মুক্তিযুদ্ধের গান‘মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে’। যে ভাষার ইতিহাস অশ্রুতে লেখা, যে ভাষার জন্য এত প্রাণ গেল, এত আত্মত্যাগ করতে হলো, সেই ভাষা ও মুক্তিযুদ্ধের গান দিয়েই শুরু হলো গণিত জাতীয় উৎসবের সমাপনী দিনটি। শুরুতেই প্রথম আলোর ঢাকা বন্ধুসভা ভাষার গান দিয়ে সবাইকে বিমোহিত করে। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি দেশের প্রতি আমাদের শ্রদ্ধায় অবনত করে, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানটি আমাদের উজ্জীবিত করে নতুন করে জেগে উঠতে এবং ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতার লাইনগুলো আমাদের নিয়ে যায় সেই একাত্তরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা’র দেশের গান এভাবেই সবাইকে মুগ্ধ করে। এই সময় খালি গলায় গণিত উৎসবের গান ‘আয় আয় আয় গণিতের আঙিনায়’ গেয়ে শোনান এর গীতিকার ও সুরকার নওরীন হাসান চমক। এ ছাড়া অলিভ ইসলামের নির্দেশনায় মিরপুর বন্ধুসভার বন্ধুরা পরিবেশন করেন দেশাত্মবোধক গানের সঙ্গে প্রাণবন্ত নাচ।গণিতের পটগানগণিত অলিম্পিয়াড মানে কী? গণিতের উৎসব। আর উৎসব মানে শুধু আনন্দ আর আনন্দ। গণিতপ্রেমীদের এই মিলন উৎসবে সব সময় চেষ্টা করা হয় সবাইকে নিরঙ্কুশ আনন্দ দিতে। আর এ জন্য সবাই সহযোগিতাও করে বেশ। এই যেমন গণিতবিদদের একটু ভালোবাসা, শুভেচ্ছা ও আনন্দ দিতে সুদূর খুলনা থেকে ছুটে আসে রূপান্তর। ‘রূপান্তরের কর্মী আমরা মানুষকে ভালোবেসেছি’ রূপান্তরের এই থিম গান দিয়েই সবাইকে ভালোবাসা জানিয়ে দেয় তারা। প্রাচীন পটগানকে একুশ শতকে ধরে রেখেছে এই সংগঠন। উৎসবে ছিল তাদের গণিতের পটগান ‘অঙ্ক শেখো, স্বপ্ন দেখো, যদি সোনার বাংলা চাও, গণিতে দক্ষতা বাড়াও’। এই গানের কথা ও আঁকা ছবির পরিবেশনা স্পষ্ট করে গণিত এবং গণিত উৎসবের বিভিন্ন দিক। তারা নাচ ও গানের সমন্বয়ে মুখরিত করে তোলে সবাইকে। রুহুল আমিন ও শর্মিলা সিনড্রেলা