মিলনায়তনের বাইরে সন্ধ্যার অন্ধকার দূর করার চেষ্টা করছে কিছু মিটি মিটি প্রদীপ। এমন আবহে গতকাল বুধবার নাচে-গানে মুখরিত হয়েছিল ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তন। গতকাল ছিল কবিগুরুর জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন।গতকাল পরিবেশিত হয় কবিগুরুর প্রকৃতি ও প্রেমের গান। শুরুতে সুরতীর্থ সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘মোর সন্ধ্যায় তুমি’। এরপর ‘আমার এ ঘরে আপনার করে’ গানটি পরিবেশন করেন তাঁরা। সমবেত গানের পরে ‘তুমি খুশি থাক’ গেয়ে শোনান শিল্পী তৃপ্তি খান। এরপর ‘মনে রয়ে গেল’ ও ‘শেষ বেলাকার শেষের গানে’ গান দুটি পরিবেশন করেন নূর-ই-রেজিয়া ও বাবুল চক্রবর্তী। গানের পর ‘স্বপ্নে আমার মনে হল’ গানের সঙ্গে ছায়ানটের শিল্পীদের নৃত্য মুগ্ধ করে দর্শকদের। ‘মধ্যদিনে বিজন বাতায়নে’ ও ‘এলেম নতুন দেশে’ গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন গীতাঞ্জলির শিল্পীরা। ‘আকাশভরা সূর্য-তারা’ ও ‘এসো শ্যামল সুন্দর’ গেয়ে শোনান সুরের ধারার শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন ইফ্ফাত আরা দেওয়ান, মিতা হক, লাইসা আহমেদ, শামা রহমান, রোকাইয়া হাসিনা, আজিজুর রহমান, সাজেদ আকবর, রীমা সাহা, সেঁজুতি বড়ুয়া প্রমুখ।একক রবীন্দ্রসংগীতের মধ্যে ছিল ‘তবু মনে রেখো’, ‘ দিনের বেলায় বাঁশি তোমার’, ‘বাজিল কাহার বীণা’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘আজি গোধূলিলগনে’, ‘ডেকো না আমারে’সহ বেশ কিছু গান। আবৃত্তি করেন ইশরাত ফেরদৌসী, তাপস মজুমদার ও সুমনা বিশ্বাস। বরিশাল, শেরপুর ও শ্রীমঙ্গলে বিশ্বকবির জন্মবার্ষিকী উদ্যাপিতবরিশাল অফিস জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় অশ্বিনী কুমার হলে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের কণ্ঠে বেজে ওঠে মঙ্গল-আহ্বান, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা আয়োজন করে ‘সকল রসের ধারা’ শীর্ষক তিন দিনের এ অনুষ্ঠান। সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার শিশু শিল্পীরা পরিবেশন করে কয়েকটি গান। এরপর ‘আজি খেলা ভাঙার খেলা’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্য বিভাগের শিল্পীরা। দ্বিতীয় দিন গতকাল বুধবার সন্ধ্যায় ছিল আলোচনা ও আবৃত্তি।শেরপুর প্রতিনিধি জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী ও ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এতে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ মিলনায়তনে গত মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী ও ১৫১তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার শিল্পীরা সমবেত সংগীত, আবৃত্তি ও নৃত্য দিয়ে সাজিয়ে তোলেন অনুষ্ঠান।