নাচে-গানে মুখরিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বলো বীর, বলো উন্নত মম শির’—কাজী নজরুল ইসলামের বিখ্যাত বিদ্রোহী কবিতার এই পঙিক্তর সঙ্গে চমৎকার লীলায়িত নৃত্যঝংকারে মাতিয়ে তুলেছিল হুমায়রা নৌশিন। মণিপুরি ছন্দের নাচে মেরিলিন ত্রিপুরা ফুটিয়ে তুলেছিল মণিপুরি সংস্কৃতি। শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার ষষ্ঠ দিনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় নৃত্য ও অভিনয় প্রতিযোগিতা। এতে অংশ নেয় অর্ধশতাধিক প্রতিযোগী। তাদের মধ্যে উচ্চাঙ্গনৃত্যে ১০ জন, সাধারণ নৃত্যে ৪০ জন ও অভিনয়ে অংশ নেয় ২৭ শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা ইমপিরিয়াল কলেজের ১১ জন শিক্ষার্থীর দলগত অভিনয় বিচারকসহ উপস্থিত সবার মন কাড়ে। প্রতিযোগিতায় উপস্থিত নটর ডেম কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা কমিটির আহ্বায়ক ফাদার বেঞ্জামিন ডি কস্তা বলেন, ‘শিক্ষা ও নৈতিকতার দায়বোধ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এটি খুবই আনন্দের।’শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ১২ জানুয়ারি শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন। ২৬ জানুয়ারি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।