নাচের দায়ে প্রাণ গেল চার নারীর!
বিয়ের অনুষ্ঠানে পুরুষদের সঙ্গে নাচার দায়ে শেষে প্রাণই দিতে হলো সেই চার নারীকে। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের কোহিস্তান জেলায় এ ঘটনা ঘটে। তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির সংবাদভিত্তিক জিয়ো টিভি গতকাল রোববার জানিয়েছে। এনটিভির খবরেও এ কথা জানানো হয়।পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবশ্য খবরটি ভিত্তিহীন বলে নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।জিয়ো টিভির খবরে বলা হয়, বিয়ের অনুষ্ঠানে পুরুষদের সঙ্গে নাচার দায়ে ওই চার নারীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ‘জিরগা’ বলে বলে পরিচিত স্থানীয় উপজাতীয় পরিষদ। বিচারকেরা ফতোয়া দেন, ওই চার নারী পুরুষদের সঙ্গে নেচে ও ভিডিওতে সে দৃশ্য ধারণের সুযোগ দিয়ে পরিবারের মর্যাদাহানি করেছেন। এ জন্য মৃত্যুদণ্ডই তাঁদের যথাযোগ্য শাস্তি। পরে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরও করা হয়। ভিডিওতে অংশ নেওয়া দুজন পুরুষেরও মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারকেরা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে অবশ্য একই ঘটনায় পাঁচজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়েছে।খাইবার-পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী মঈন ইফতেখার হুসেইন এই সংবাদকে পুরোপুরি ভুল ও ভিত্তিহীন বলে নাকচ করেছেন।