নাচোল পাইলট বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পাল্টাপাল্টি সভা আহ্বানকে কেন্দ্র করে আজ সোমবার ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া আক্তার রুমী জানান, বিদ্যালয় মাঠে একই সময়ে দুই পক্ষ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা বলবত্ থাকবে।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেক মিঠু চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এজাহারুল হক সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরে। দুই পক্ষের মধ্যে এর আগেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে মামলা-মোকদ্দমাও আছে। আজ দুপুরে বিদ্যালয়ের শিক্ষাপরিস্থিতি নিয়ে অভিভাবকদের সঙ্গে পরামর্শক সভা আহ্বান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এজাহারুল হক। অভিভাবকের চিঠি দিয়ে এবং মাইকিং করে বিষয়টি জানানো হয়। এদিকে একই সময়ে একই স্থানে মিঠু চৌধুরীর পক্ষে সাইদুর রহমানও সভা আহ্বান করেন। এ নিয়ে উত্তেজনা ছড়ালে ১৪৪ ধারা জারি করা হয়। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।