নাজমুল আবার বহিষ্কৃত, ফিরতে চান বিএনপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আহ্বায়ক পদ থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে অধ্যাপিকা জাহানারা বেগম দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাজমুল হুদা বলেন, ‘আমার সংসদীয় এলাকার লোকজন চায় আমি বিএনপির সঙ্গে থাকি। জনগণ যেহেতু চায়, তাদের সেই চাওয়া তো মানতে হবে।’গত শনিবার সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক কমিটির এক মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন জাহানারা বেগম, সদস্যসচিব আরিফ মাইনুদ্দিন ও প্রধান সমন্বয়কারী এস এম আবুল কালাম আজাদ। জানতে চাইলে নাজমুল হুদা প্রথম আলো ডটকমকে বলেন, ‘ফ্রন্টে থাকার ব্যাপারে আমার আর সে রকম আগ্রহ নেই। আমার সংসদীয় এলাকার লোকজন চায় আমি বিএনপির সঙ্গে থাকি। আমার পদত্যাগপত্র বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রহণ করেননি। জনগণ যেহেতু চায়, তাদের সেই চাওয়া তো মানতে হবে। এ জন্য নিজ এলাকায় ফ্রন্টের কোনো কার্যক্রম করিনি। বিএনপির নেতা হিসেবেই তাদের সঙ্গে আছি।’ এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘এটা সত্য, ফ্রন্ট গঠনের ব্যাপারে একটি বিশেষ জায়গার ভূমিকা ছিল। তাঁদের চাপে ফ্রন্টকে সংগঠন থেকে দলে পরিণত করি। কিন্তু এ নিয়ে এখন আর কোনো আগ্রহ নেই।’ সভায় দুটি অভিযোগের ভিত্তিতে নাজমুল হুদাকে আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়েছে। নাজমুল হুদার বিরুদ্ধে যে অভিযোগ দুটি তোলা হয়েছে তা হলো, দলের অনুমতি ছাড়া নাজমুল হুদা গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের একটি ধারা নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেখানে রিটকারী হিসেবে বিএনএফের আহ্বায়ক বলে নিজেকে উল্লেখ করেছেন। এতে বিএনএফ সমস্যায় পড়েছে। দ্বিতীয়ত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিন তিনি জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করেছেন। এর পরিপ্রেক্ষিতে দলের সভায় তাঁকে দলীয় কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।নাজমুল হুদা বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ কমিটিতে তিনি ভাইস চেয়ারম্যান হন। তাঁর শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের জন্য বিএনপি থেকে তাঁকে দুবার বহিষ্কার করা হয়। আবার ফিরিয়েও নেওয়া হয়। সর্বশেষ তিনি নিজেই পদত্যাগ করে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন।