নাজমুল হুদা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।গতকাল রোববার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নাজমুল হুদাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, গতকালের বৈঠকে বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হয়। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। রাত ১১টায় বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। আজ সোমবার সন্ধ্যায় মুলতবি বৈঠক হবে। তাতে কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। রাতেই বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল হুদা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে নিজের ইচ্ছামাফিক বক্তব্য দিচ্ছেন। যা দলের স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী। দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকা এবং গঠনতান্ত্রিক বিধিবিধান মেনে চলার জন্য ইতিপূর্বে তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা অগ্রাহ্য করে তিনি সংগঠনবিরোধী অপতৎপরতা অব্যাহত রেখেছেন। এসব কার্যকলাপ দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী নাজমুল হুদাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করেছে দলের জাতীয় স্থায়ী কমিটি।এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘দলের গঠনতন্ত্র মেনে আমার ব্যাপারে এ ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে সবকিছু জেনে আমি পরবর্তী পদক্ষেপ নেব।’ তিনি জানান, আজ সোমবার সংবাদ সম্মেলনে তাঁর অবস্থান তুলে ধরবেন। প্রসঙ্গত, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মামলা পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিএনপির আইনজীবীদের সমালোচনা করে গত শনিবার সংবাদমাধ্যমে বক্তব্য দেন নাজমুল হুদা। এ ছাড়া বাড়ি ছাড়ার পর গণমাধ্যমের সামনে খালেদা জিয়ার কান্নায় ভেঙে পড়াটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন এই সাবেক মন্ত্রী।দলীয় সূত্র জানায়, শনিবার রাতেই বিএনপির আইনজীবীরা খালেদা জিয়ার কাছে নাজমুল হুদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।এর আগে চলতি বছরের শুরু থেকে নাজমুল হুদা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এবং নগরে পোস্টার সাঁটিয়ে দুই নেত্রীকে এক হওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন। এমনকি তিনি নিজে দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নিচ্ছেন বলেও গণমাধ্যমে প্রচার করেছেন।