নাজমুল হুদা বিএনপি থেকে বহিষ্কার
বিএনপির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নাজমুল হুদাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ তা সাংবাদিকদের জানিয়েছেন।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থায়ী কমিটির প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন।রাতেই বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল হুদা দীর্ঘদিন ধরে গণমাধ্যমে দলের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দিয়ে আসছেন। এ বিষয়ে তাঁকে বারবার সতর্ক করার পরও তিনি তা থেকে বিরত হননি। বরং একই ধারায় সংগঠনবিরোধী তত্পরতা চালিয়ে আসছিলেন। এটা দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী নাজমুল হুদাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির মামলা পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিএনপির আইনজীবীদের সমালোচনা করে গতকাল শনিবার সংবাদমাধ্যমে বক্তব্য দেন নাজমুল হুদা। এ ছাড়া বাড়ি ছাড়ার পর গণমাধ্যমের সামনে খালেদা জিয়ার কান্নায় ভেঙে পড়াটা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন এই সাবেক মন্ত্রী।দলীয় সূত্র জানায়, শনিবার রাতেই বিএনপির আইনজীবীরা খালেদা জিয়ার কাছে নাজমুল হুদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।এর আগে চলতি বছরের শুরু থেকে নাজমুল হুদা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এবং নগরে পোস্টার সাঁটিয়ে দুই নেত্রীকে এক হওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন। এমনকি তিনি নিজে দুই নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নিচ্ছেন বলেও গণমাধ্যমে প্রচার করেছেন।