নাজমুল হুদার নতুন দল বিএনএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি থেকে পদত্যাগ করা নাজমুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে।আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাজমুল হুদা নতুন দল হিসেবে বিএনএফের নাম ঘোষণা করেন। এর আগে জাতীয়তাবাদী ফ্রন্ট নামে একটি সংগঠন ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ সংগঠনটি গড়ে তোলেন।নাজমুল হুদা বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপি সরকারের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কমিটিতে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে ওই পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। বিএনপি ও নেতৃত্ব নিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়ে তিনি আলোচিত হন। এ জন্য দল থেকে তিনি দুবার বহিষ্কৃত হন বলে জানা গেছে।আজ বিকেলে নতুন এই দলের নাম ঘোষণাকালে টাঙানো ব্যানারেও ছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি। বিএনপির বিরুদ্ধে দল গঠন করে জিয়াউর রহমানের ছবি ব্যবহারে আইনগত কোনো সমস্যা নেই বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন নাজমুল হুদা। নতুন এই দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানান তিনি।নতুন দলের আত্মপ্রকাশের দিন তেমন কোনো নেতাকে তাঁর সঙ্গে দেখা যায়নি। প্রথমে মঞ্চে ১৫ থেকে ২০টি চেয়ার রাখা হলেও পরে তা সরিয়ে নেওয়া হয়। রাখা হয় দুটি চেয়ার। এ দুটিতে বসেন নতুন দলের আহ্বায়ক নাজমুল হুদা ও সমন্বয়কারী আবুল কালাম আজাদ। হাজার খানেক সমর্থক উপস্থিত থাকলেও বিএনপি থেকে সরে আসা বড় কোনো নেতাকে দেখা যায়নি। সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, বিএনপিতে আর ফিরবেন না। ফ্রন্ট নিয়ে তিনি এগিয়ে যেতে চান।তাঁর দল কিংস পার্টি হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিংসটা কে?’ এ সময় একজন সাংবাদিক তাঁকেই কিং বললে তিনি হেসে বলেন, ‘আমি কোনো কিং নই। আমি একটি দলের উদ্যোক্তা।’