নাজমুল হুদার পদত্যাগ (অডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আমন্ত্রণ না জানানোয় বিএনপি থেকে পদত্যাগ করলেন নাজমুল হুদা।আজ বুধবার রাজধানীর তোপখানা রোডে নিজের অফিসে এক সংবাদ সম্মেলন বিএনপির এ নেতা পদত্যাগের এ ঘোষণা দেন। সাংবাদিকদের সামনে পদত্যাগপত্র পড়ে শোনানো শেষে এটি খালেদা জিয়ার কাছে পাঠানো হবে বলে তিনি জানান।গত ২৩ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা খালেদা জিয়াকে ৫ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান তিনি। এ সময়ের মধ্যে খালেদা জিয়া এই আহ্বান না জানালে ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করবেন বলে তখন ঘোষণা দেন নাজমুল হুদা।২৩ মের সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, দেশের স্বার্থে খালেদা জিয়াকেই সংলাপের আহ্বান জানাতে হবে। আর খালেদা জিয়া যদি সংলাপের আহ্বান জানান, তাহলে শেখ হাসিনা সে আহ্বানে সাড়া দেবেন। আজকের সম্মেলনে নাজমুল হুদা বলেন, বিএনপিতে কিছু ভূত আছে, যারা খালেদা জিয়াকে ভুল পথে পরিচালিত করছে। তিনি তাদের তাড়িয়ে বিএনপিকে জিয়ার আদর্শে ফিরিয়ে আনতে চান এবং খালেদা জিয়ার পাশে থাকতে চান বলে জানান।তিনি আশা করেছিলেন, ৫ জুনের মধ্যে খালেদা জিয়া তাঁর দাবি মেনে নেবেন ও প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান জানাবেন। কিন্তু তা না হওয়ায় তিনি হতাশ হয়েছেন এবং এখন বিএনপিতে তাঁর থাকা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।নাজমুল হুদা বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন, যেমন বদরুদ্দোজা চৌধুরী, শেখ রাজ্জাক আলী—তাঁরা এখন বিএনপির সঙ্গে নেই। কিন্তু তাঁদের ফিরিয়ে আনা জরুরি।বিএনপিতে শুদ্ধি অভিযান চালিয়ে জিয়ার আদর্শ ফিরিয়ে এনে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বঞ্চিত ত্যাগী নেতাদের ঐক্যবদ্ধ করে বিএনপিতে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নাজমুল হুদা।একই সঙ্গে বর্তমান সরকারের ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিএনপি যে প্রক্রিয়ায় আন্দোলন করছে, এটাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন নাজমুল হুদা।নাম না উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের প্রতি ইঙ্গিত করে নাজমুল হুদা বলেন, জাতীয় পার্টির নেতৃত্বাধীন বিএনপিতে রাজনীতি করার আগ্রহ বা ইচ্ছা তাঁর নেই।