পুলিশের জিজ্ঞাসাবাদ
নাজিমের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কথা স্বীকার করলেন বসুন্ধরার মালিক
পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিনের সঙ্গে জমিজমার ব্যবসার কথা স্বীকার করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। তবে তিনি আহাম্মদ হত্যার ঘটনায় কোনোভাবে জড়িত নন বলে দাবি করেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ ওই খুনের মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার রাত সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় নাজিম চেয়ারম্যানের দেওয়া বিভিন্ন তথ্যের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।জিজ্ঞাসাবাদে নাজিম জানিয়েছিলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তিনি কেরানীগঞ্জে বসুন্ধরা গ্রুপের আবাসন প্রকল্পের জন্য ১২৫ কোটি টাকার জমি কিনে দিয়েছিলেন। তাতে নাজিমের নিজেরও ২৫ কোটি টাকা লাভ হয়। এ ছাড়া কেরানীগঞ্জের হাসনাবাদে নাজিম উদ্দিন, নিহত কাউন্সিলর আহাম্মদ হোসেন ও তাঁর ভাইদের মালিকানাধীন এলপি গ্যাসের সিলিন্ডার তৈরির কারখানাটি নাজিমের মধ্যস্থতায় বসুন্ধরা গ্রুপ কেনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আহাম্মদ ও তাঁর ভাইয়েরা পাক বাংলা হাউজহোল্ড (ম্যানু.) লিমিটেড নামের কারখানাটি বিক্রি করতে রাজি হননি। এ নিয়ে নাজিমের সঙ্গে আহাম্মদের বিরোধ হয় বলেও নাজিম জানান।পুলিশ সূত্র জানায়, রোববার রাতে জিজ্ঞাসাবাদে শাহ আলম স্বীকার করেছেন যে তাঁর সঙ্গে নাজিমের ব্যবসায়িক সম্পর্ক আছে। নাজিম কত কোটি টাকার জমি বসুন্ধরাকে কিনে দিয়েছে, তা ওই মুহূর্তে বলতে পারেননি তিনি। এলপি গ্যাসের সিলিন্ডার তৈরির কারখানা কেনার প্রস্তাব দেওয়ার কথাও স্বীকার করেছেন বসুন্ধরার চেয়ারম্যান। তবে তিনি পুলিশের কাছে দাবি করেন, কাউন্সিলর আহাম্মদ হোসেনের সঙ্গে তাঁর কখনো কোনো ব্যবসায়িক সম্পর্ক বা লেনদেন ছিল না। নাজিমের প্রস্তাব পেয়ে তিনি ওই কারখানাটি কেনার আগ্রহ দেখান।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শাহ আলম খুব ধীরস্থিরভাবে প্রতিটি প্রশ্নের জবাব দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে বলা হয়েছে, ভবিষ্যতে মামলার তদন্তের স্বার্থে দরকার হলে আবার তাঁকে ডাকা হতে পারে।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁরা নিশ্চিত হয়েছেন যে নাজিমের সঙ্গে ব্যবসায়িক বিরোধের জের ধরেই আহাম্মদ খুন হন। এ ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করতে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়।আহাম্মদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে পুলিশ নোটিশ পাঠায় ৩ এপ্রিল। চিঠিতে তাঁকে ১১ এপ্রিল বেলা ১১টায় ডিবি কার্যালয়ে তদন্ত কর্মকর্তার কক্ষে হাজির হতে বলা হয়। কিন্তু তিনি হাজির হন রাত সাড়ে ১০টার দিকে।নাজিম চেয়ারম্যান কারাগারে: আহাম্মদ হোসেন হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে নাজিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুই দফায় তাঁকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালত সূত্র জানায়, তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে রোববার নাজিম চেয়ারম্যানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা নতুন করে নাজিমের রিমান্ড চাননি। তবে ভবিষ্যতে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাঁকে আবার রিমান্ড চাওয়া হবে বলে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়।২৮ মার্চ নাজিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের একজন শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে তিনি বলেন, আহাম্মদকে খুন করতে নাজিম চেয়ারম্যান ভারতে অবস্থানকারী শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন।প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি পুরান ঢাকার আলু বাজারে ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি আহাম্মদ হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।সহিদ কমিশনারের প্রতিবাদ: ১১ এপ্রিল প্রথম আলোতে ‘আহাম্মদ কাউন্সিলর হত্যা মামলা, ভূমিদস্যুতা করে কোটিপতি, পুঁজি খুনিদের সাহচর্য’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছেন সাইদুর রহমান সহিদ ওরফে সহিদ কমিশনার। এতে তিনি দাবি করেন, তিনি অপরাধজগতের সঙ্গে জড়িত নন। তাঁর হাত ধরে বিতর্কিত নাজিম চেয়ারম্যানের উত্থান ঘটেনি এবং কোনো ধরনের ভূমিদস্যুতায়ও তিনি জড়িত নন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় কুচক্রী মহল তাঁর মানসম্মান ক্ষুণ্ন্ন করতে অপপ্রচারমূলক মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশে ভূমিকা রাখছে।প্রতিবেদকের বক্তব্য: খুনের মামলায় রিমান্ডে থাকা অবস্থায় নাজিম চেয়ারম্যানের দেওয়া তথ্যই প্রথম আলোতে ছাপা হয়। এ ছাড়া সহিদ কমিশনার দীর্ঘদিন হত্যা মামলায় কারাগারে ছিলেন। পুুলিশের কাছে তিনি অপরাধজগতের গডফাদার হিসেবে চিহ্নিত। তিনি আইনজীবী হাবিবুর রহমান মণ্ডল ও ৯০ নম্বর ওয়ার্ড কমিশনার শাহাদাত হত্যা মামলার আসামি।