নাজিরদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন না করার জন্য জেলা ও দায়রা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।গতকাল শুক্রবার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের শেষ দিনে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।নিম্ন আদালতের শীর্ষ পদে আসীন বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা অনেকেই নাজিরদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন করেন। আমি স্ট্রেটকাট কথা বলি। এ রকম অভিযোগ আমার হাতে আছে। অনেকেই বদলি হওয়ার সময় ডিমান্ড করেন, “তোমরা তো আমাকে একটা কিছু দিবে, কোরআন শরিফ আর লাঠি না দিয়ে একটা ডিপ ফ্রিজ দিয়ে দিয়ো।” আমার কাছে তথ্য আছে। নাম বলতে পারি, কে চেয়েছেন। তবে সবাই নেন না। কেউ কেউ নেন। নাজিরদের কাছ থেকে তোলা নেবেন না।’ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে আসা প্রায় ১৬০ জন জেলা জজ ও সমপদমর্যাদার কর্মকর্তা অংশ নেন। গত ২২ অক্টোবর থেকে সাত পর্বে প্রতি শুক্র ও শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম এবং জেলা ও দায়রা জজসহ প্রায় দেড় হাজার বিচার বিভাগীয় কর্মকর্তা অংশ নেন। গতকাল সমাপনী দিনে বক্তৃতার শুরুতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষ আমাদের নিয়োগ দিয়েছেন। তাঁরা আমাদের ব্যাপারে সন্তুষ্ট নন। বিচার বিভাগ এখন জনগণের কাঠগড়ায়।’ তিনি বিচার বিভাগের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়া এবং আইন ও বিবেকের দ্বারা নিজেকে পরিচালনা করার আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, বিচারের সময় ব্যক্তির ঊর্ধ্বে উঠে নিজেকে বিচারক ভাবতে হবে। সামনে থাকবে আইন ও বিবেক। এর বাইরে যেতে পারেন না। বিলম্বে নথি আসার নজির তুলে ধরে এ বি এম খায়রুল হক বলেন, ‘রেকর্ড না আসার জন্য তদবির করা হয়। আজ আমি বলছি। কাল রাস্তার লোক বলবে, তার থেকে আমি বলাই ভালো। বছরের পর বছর সমন জারি না হয়ে পড়ে থাকে। সমন যাতে জারি না হয়, সে জন্য তদবির হয়।’ এসব বিষয় তদারকির জন্য জেলা জজদের সপ্তাহে অন্তত এক দিন আদালত পরিদর্শনের আহ্বান জানান তিনি।জেলা জজদের উদ্দেশে প্রধান বিচারপতি আরও বলেন, বাদীর জন্য সাক্ষী আনা কষ্টের। আজ যে সাক্ষী এসে ফিরে গেল, সে পরবর্তী তারিখে না-ও আসতে পারে। এ জন্য ধার্য তারিখে সাক্ষী এসে যাতে ফিরে না যায়, তা খেয়াল রাখতে হবে। স্বচ্ছতার স্বার্থে এজলাসেই তাৎক্ষণিক আদেশ দিতে হবে। তিনি বলেন, ‘নিজে কাজ করবেন, অন্যদের কাজে উৎসাহিত করবেন। সিআরও অনুসরণ করবেন। তাহলে মামলাজট কমে যাবে। দেখা যায় একজন বিচার শুরু করেন, সপ্তম বিচারক এসে তা শেষ করেন। ৫০টি মামলা বিচারাধীন না রেখে, পাঁচটি মামলা নিষ্পত্তি করে যান। কাজকে অর্থবহ করতে হবে। ন্যায়বিচার নিশ্চিতের দায়িত্ব আপনাদের।’গত ২০ অক্টোবর ঢাকা জজ আদালত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, দুপুর সাড়ে ১২টার মধ্যে অনেক বিচারক এজলাস থেকে নেমে যান। আবার অনেক বিচারকের পোশাকও ঠিক ছিল না। প্রচণ্ড গরম, অন্ধকার, আলো নেই। ডায়েরি ঠিক নেই। তারিখের জায়গা খালি রয়েছে। লোম বাছতে গেলে কম্বল উঠে যাবে। ১৫-২০ মিনিট বসলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। এ জন্য নতুন আদালত স্থাপন করতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্মেলনের শেষ পর্যায়ে জেলা জজরা প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা বেতন-ভাতা, অবকাঠামো ও জনবল-স্বল্পতার বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন। একই সঙ্গে তাঁরা ন্যায়বিচার নিশ্চিত করতে যথাযথভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন। প্রধান বিচারপতিও নিম্ন আদালতের এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ, ডেপুটি রেজিস্ট্রার শেখ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।