নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক আছেন চারজন
নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন চিকিত্সকের পদ থাকলেও চারজন চিকিত্সক দিয়ে চলছে উপজেলার দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগেশচন্দ্র রায় বলেন, ‘বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট অবেদনবিদ ও দুজন চিকিত্সা কর্মকর্তা দিয়ে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী চিকিত্সা নিতে আসে। তাদের চিকিত্সাসেবা দিতে আমাদের হিমশিম খেতে হয়।’আবাসিক চিকিত্সা কর্মকর্তা আ. মতিন সরদার জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের অবস্থা খুবই বেহাল। বিশেষ করে নার্সদের বসার জায়গার অবস্থা খুবই খারাপ, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এখানে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চালু হয়েছে। এই স্কিমের আওতায় এখানে অস্ত্রোপচার করা হয়। প্রতিটি অস্ত্রোপচার শেষে নবজাতককে ৫০০ টাকার উপহারসামগ্রী এবং তার মাকে দুই হাজার টাকা মূল্যের খাবার দেওয়া হয়।