দেশের প্রায় সবগুলো নৌপথ নাজুক অবস্থায় পৌঁছেছে। চারটি প্রধান নৌপথ সংকটাপন্ন (ক্রিটিক্যাল) হয়ে পড়েছে। আরও সাতটি বিশেষ গুরুত্বপূর্ণ পথ চালু রাখতে ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ’ করতে হচ্ছে। আর সামগ্রিকভাবে দেশে নৌপথের দৈর্ঘ্য ও মান অনেক কমে গেছে।এই মূল্যায়ন দেশের নৌপথ সংরক্ষণ ও পরিচালনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। নদ-নদীর নাব্যতাসংকট নিরসনে সরকারের পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নে বিলম্বই এই নাজুক পরিস্থিতির প্রধান কারণ। এ ছাড়া আছে সংশ্লিষ্ট একাধিক সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ও ব্যবস্থাপনায় অদক্ষতা। ফলে নৌপরিবহনে প্রায়ই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।তবে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, এ ধরনের পরিস্থিতির সৃষ্টি সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত (স্যাবোটাজ) কি না, তা দেখা দরকার।ফেরি চলাচলের সাম্প্রতিক সমস্যা সম্পর্কে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান দাবি করেন, নাব্যতাসংকট প্রতিবছর হয়। কিন্তু তাতে ফেরি চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয় না। এবার তা হচ্ছে, বিশেষ করে গত শনিবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তা হয়েছে ফেরিচালকদের অদক্ষতার কারণে।আবদুল মালেক বলেন, ওই নৌপথের বিভিন্ন চ্যানেলে পাঁচটি খননযন্ত্র (ড্রেজার) সার্বক্ষণিকভাবে কাজ করছে। খননযন্ত্রগুলো যখন যেখানে কাজ করে, তখন সেখানে ৫০০ মিটারের মতো পথ ফেরিগুলোকে একমুখী চলাচল করতে হয়। কিন্তু চালক দক্ষ না হলে সরু চ্যানেলে প্রবল স্রোত মোকাবিলা করে তা করা যায় না।ট্রাক পারাপার নিয়ন্ত্রণ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলের বর্তমান সমস্যা মোকাবিলায় ট্রাক পারাপারে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। সরকারি সূত্রগুলো জানায়, অন্তত দুই সপ্তাহ ওই পথে ট্রাক পারাপার কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হতে পারে। যেসব ট্রাক বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে গন্তব্যে যেতে পারবে, সেগুলোকে আপাতত ওই নৌপথ পরিহার করতে বলা হবে। মাত্রাতিরিক্ত মালবোঝাই ট্রাকগুলো ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ বলে বিআইডব্লিউটিএর পর্যবেক্ষণ। আগামী দুই সপ্তাহ নৌপথটিতে রক্ষণাবেক্ষণ ড্রেজিং চালানো হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তাঁদের আশা।‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ’: বিআইডব্লিউটিএ যে সাতটি নৌপথ চালু রাখতে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার কথা বলে, সেগুলো হচ্ছে—পাটুরিয়া-দৌলতদিয়া, পাটুরিয়া-বাঘাবাড়ী, ঢাকা-বরিশাল, মাওয়া-চরজানাজাত, আলুবাজার-হরিণাঘাট (চাঁদপুর), লাহারহাট-ভেদুরিয়া (ভোলা) এবং বরিশাল নৌবন্দরের টার্মিনাল এলাকা।যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এই নৌপথগুলোর দীর্ঘমেয়াদি সংস্কারের কার্যক্রম কখনো নেওয়া হয়নি। সব সময়ই জরুরি অবস্থা মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে।সরকারের অঙ্গীকার: দেশের নদ-নদীর প্রবাহ ঠিক রাখার জন্য ক্যাপিটাল ড্রেজিংসহ প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণের লক্ষ্যে প্রায় দুই বছর আগে ক্যাপিটাল ড্রেজিংয়ের (বড় ও গুরুত্বপূর্ণ নদ-নদী খনন করে প্রস্থ ও গভীরতা বাড়ানো) কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে দেশের মোট ৫৩টি নদীতে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পও তৈরি করা হয়। এর পাশাপাশি ‘১২টি গুরুত্বপূর্ণ নৌপথ ড্রেজিং’ নামে আরও একটি প্রকল্প নেওয়া হয়। এগুলোর বাস্তবায়ন সরকারের অঙ্গীকার পূরণের জন্য অপরিহার্য।কিন্তু এখন পর্যন্ত এই দুটি প্রকল্প সরকারের চূড়ান্ত অনুমোদন পায়নি। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, নানা রকম সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর এখন প্রকল্প দুটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপনের অপেক্ষায় আছে। এর মধ্যে ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রকল্পটি প্রথম পর্যায়ে ৫৩টির পরিবর্তে ২৪টি নৌপথে বাস্তবায়ন করা হবে।চারটি সংকটাপন্ন পথ: ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য সরকার যে ২৪টি নৌপথ প্রকল্পভুক্ত করেছে, তার মধ্যে চারটিকে বিআইডব্লিউটিএ চিহ্নিত করেছে সংকটাপন্ন (ক্রিটিক্যাল) হিসেবে। এই নৌপথগুলো হচ্ছে—চট্টগ্রাম থেকে কক্সবাজার ও সেন্ট মার্টিন হয়ে টেকনাফ পর্যন্ত ২৪৭ কিলোমিটার। চাঁদপুর থেকে চরপ্রকাশ ও হিজলা হয়ে বরিশাল পর্যন্ত ৮৮ কিলোমিটার। ঘাসিয়াখালী থেকে বরিশাল, কালিগঞ্জ ও চাঁদপুর হয়ে আরিচা পর্যন্ত ২৯৫ কিলোমিটার এবং বরিশাল থেকে ঝালকাঠি ও বরগুনা হয়ে পাথরঘাটা পর্যন্ত ১২০ কিলোমিটার।এর মধ্যে প্রথম তিনটি নৌপথের প্রতিটি ৯০ মিটার প্রস্থ ও ৪ দশমিক ৩০ মিটার গভীর করে খনন করার কথা। আর চতুর্থটি ৬০ মিটার প্রস্থ ও ৩ দশমিক ৭০ মিটার গভীর করে খনন করার কথা।সরকারি সূত্র জানায়, এই চারটিসহ ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের অন্তর্ভুক্ত নৌপথগুলো যাত্রী ও মালামাল পরিবহনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু অবিলম্বে এগুলোর খননকাজ শুরু না হলে এসব পথে নৌচলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হবে।১২টি গুরুত্বপূর্ণ নৌপথ: দেশের বিভিন্ন এলাকার মধ্যে আন্তযোগাযোগে এই পথগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন এসব পথের নাব্যতাসংকট নিরসনের কাজ, সংস্কার উপেক্ষিত হয়েছে। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, এখন এসব নৌপথ রক্ষায় নজর পড়েছে। তবে কাজ শুরু হয়নি।এই ১২টি নৌপথের প্রায় এক হাজার কিলোমিটার খনন করতে হবে। এই খননের কাজ চলবে পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতী, আড়িয়াল খাঁ, তেঁতুলিয়া, ডাকাতিয়া, তুরাগ, শীতলক্ষ্যা, কালীগঙ্গা, মধুমতী, গোমতী প্রভৃতি নদীতে।প্রস্তুতির অভাব: বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, প্রকল্পগুলো একনেকে অনুমোদিত না হওয়ায় দীর্ঘমেয়াদি এসব প্রকল্পের খনন পরিকল্পনা বাস্তবায়নে হাত দেওয়া যায়নি। পরিকল্পনা কমিশনের একটি সূত্র জানায়, প্রকল্পগুলো শিগগিরই একনেকের অনুমোদন পাবে। কিন্তু তার পরও এর কাজ শুরু হতে অনেক সময় লাগবে। কারণ এত বড় দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য বাস্তবায়নকারী সংস্থা ও সরকারের যে প্রস্তুতি দরকার, তা নেই।ওই সূত্র জানায়, প্রয়োজনীয় ড্রেজার নেই। নদী প্রশস্ত করার জন্য অনেক জমি হুকুমদখল করতে প্রচুর সময় লাগবে। অর্থসংস্থানেও সমস্যা হবে।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, তাঁদের এখন ১০টি ড্রেজার আছে। বেসরকারি খাত থেকে ভাড়ায় পাওয়া যাবে আরও প্রায় ১৫টি। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের কাছে চারটি ড্রেজার চাওয়া হয়েছে। আর সংস্থার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এসব প্রকল্প শুরু করার সুযোগ রাখা হয়েছে।