নাজেহাল রাক্ষস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতেন বাহিনীর আছে ৬২টি চায়নিজ রাইফেল আর ১৫টি এলএমজি। তাঁরা এতগুলো অস্ত্র নিয়ে শত্রুর কোনো ক্ষতি করতে পারছেন না। কারণ ফোটানোর মতো গুলি নেই।এ সময় গোয়েন্দা মারফত বাহিনীপ্রধান খন্দকার আবদুল বাতেন একটি সংবাদ পেলেন, আনন্দিত হওয়ার মতোই। মানিকগঞ্জের জাবরা ব্রিজের উত্তরের এক গ্রামে ১৭ পেটি চায়নিজ রাইফেলের গুলি আছে। সাহস করে একটু সন্ধান করলেই হদিস পাওয়া সম্ভব।বাতেন দুই কোম্পানি সেনা নিয়ে জাবরা ব্রিজের দিকে চললেন।মুক্তিফৌজের নসিব প্রসন্ন। ১৭ পেটি গুলির পুরোটাই পাওয়া গেল। সেই সঙ্গে ১০০টি তাজা গ্রেনেড। গুপ্তধন পাওয়ার মতো ব্যাপার। রাইফেল আর এলএমজিগুলো প্রাণ ফিরে পাবে। আর সময় নষ্ট করা যাবে না। মুক্তিফৌজ জাবরা ছাড়ার জন্য গোছগাছ করছে।ইতিমধ্যে গ্রামে বার্তা রটে গেছে, মুক্তিবাহিনী এসেছে। গ্রাম ভেঙে সবাই জাবরা ব্রিজে ভিড় জমাচ্ছে। গ্রামের মানুষের অতিশয় বিপদ। পাকিস্তানি বাহিনী ফি-হপ্তায় অস্ত্রশস্ত্র নিয়ে গানবোটে করে উত্তর দিকে যায়। যাওয়ার সময় জাবরা ব্রিজ থেকে কয়েক মাইল দূরের একটা ঘাটে থামে। সেখানে ফুর্তি করতে নামে। বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। লুটপাট করে। গ্রামের সহায়হীন নারীদের ধর্ষণ করে। পছন্দমতো যুবতী মেয়ে ধরে নিয়ে যায় সঙ্গে। এখন পর্যন্ত ১০-১২ জন যুবতী মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে।মুক্তিফৌজকে ঘিরে ধরেছে অসহায় গ্রামবাসী। এ যেন আরব্য রজনীর গল্প। সপ্তাহে এক দিন রাক্ষস আসবে। গ্রাম ছারখার করবে। জনপদবাসী তাই সিনবাদের কাছে মিনতি করছে। সিনবাদ ওদের রক্ষা করুক। জাবরা ব্রিজের কাছে খোলা আকাশের নিচে হাউমাউ করে কাঁদছে মানুষ। তাঁদের কেউ স্বজন হারিয়েছেন, কারও মেয়েকে ধর্ষণ করেছে খান সেনা। যেসব যুবতী হারিয়ে গেছেন, তাঁদের মা-বাবা বুক চাপড়াচ্ছেন। খুবই হূদয়বিদারক দৃশ্য। কয়েকজন বুড়ো-বুড়ি পথের মধ্যে কাঁদছে, মুক্তিবাহিনী ওঁদের পাশে থাকুক।বাতেন বাহিনী মে মাসে সিঙ্গাইর থানা আক্রমণ করে সফল হয়েছে। এরপর দৌলতপুর থানা, ঘিওর থানা, সাটুরিয়া থানা, নাগরপুর থানা আক্রমণসহ অনেকগুলো সফল অভিযান পরিচালনা করেছে।আবদুল বাতেন ঠিক করলেন, তিনি ওদের পাশে দাঁড়াবেন। পাকিস্তানি সেনারা যে ঘাটে নোঙর করে, তা রেকি করা হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, নদীর দুই ধারে দুই কোম্পানি সেনা পজিশন নেবে। যুদ্ধের সব পরিকল্পনা ঠিক হয়ে গেল। গোটা এলাকায় সাজ সাজ রব।নভেম্বর মাস চলছে, একটু একটু শীত।মুক্তিবাহিনী পজিশন নিয়ে বসে আছে। বাতেন নদীর পশ্চিম পাশে অবস্থান নিলেন। পাকিস্তানি বাহিনীর গানবোটের অপেক্ষায়। রাত দুইটার সময় গ্রামবাসী এসে খাবার দিয়ে গেল। সারা রাত মুক্তিফৌজ অ্যামবুশ পেতে রইল। কোনো গানবোট দেখা গেল না। দিনের বেলায়ও মুক্তিফৌজ অপেক্ষায় থাকল। সূর্যাস্ত হলো। কাউকে দেখা গেল না। মুক্তিফৌজ কিছুটা হতাশ। এখানে দিনের পর দিন বসে থাকা যাবে না, জানাজানি হয়ে যাবে, গ্রামবাসীর ভয়ানক ক্ষতি হবে।সেদিন রাত দুটোর সময় তিন ব্যাটারির টর্চের আলোয় মুক্তিফৌজ সংকেত পেল, গানবোট আসছে। রাত তিনটার সময় গানবোট মুক্তিফৌজের পজিশন থেকে চার-পাঁচ শ গজ দূরে ঘাটের দিকে এগোচ্ছে। ঘাটের ৫০ গজের মধ্যে গানবোটটি ঢুকতেই বাতেন বাহিনীর মারণাস্ত্রগুলো ভয়াল গর্জন করে উঠল। গুলি ফুটছে। কিন্তু গানবোটে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। গুলি কার্যকর হচ্ছে না।বাতেন সিদ্ধান্ত নিলেন, কৌশল খাটিয়ে গুলি ছুড়তে হবে। সবাইকে বলা হলো, ‘গানবোটের ফোকাস-হোল ও চেইন লক্ষ্য করে গুলি চালাও’। এবার ফল পাওয়া গেল। গানবোটের হালের চেইন গুলি লেগে ছিঁড়ে গেছে। গানবোট সরে যাচ্ছে নদীর পুব পাড়ে। এবার ওই পাড়ের পজিশন থেকে গুলি শুরু করেছে মুক্তিবাহিনী। রাত সাড়ে চারটায় আবার সংকেত পাওয়া গেল। গানবোট উত্তর দিকে সরে যাচ্ছে। মুক্তিবাহিনী নিশানা ঠিক রেখে গুলি চালিয়ে যাচ্ছে।গানবোট বেশি দূর এগোতে পারল না। মুক্তিফৌজের প্রচণ্ড আক্রমণে টালমাটাল হয়ে নদীর কিনারে আটকে গেল। পাকিস্তানি সেনাদের খুবই নাজেহাল অবস্থা। গানবোটের মধ্যে ১৮ জন খান সেনার লাশ পড়ে আছে। বেকায়দা রকম আহত হয়েছে আরও ২৫ জন।বিপরীতে একজন মুক্তিযোদ্ধার গায়েও কোনো আঁচ লাগেনি। যুদ্ধ হয়েছে পুরো একতরফা।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-দুই)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।