নাটক-চলচ্চিত্রের দৃশ্য বাস্তবে
পাহাড়ের জঙ্গলময় নির্জন পাদদেশ। সেখানে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেছে এক যুবক। শিশুটিকে হত্যা করলে সে পাবে ১০ হাজার টাকা। হঠাৎ সেখানে দৌড়ে হাজির হলো এক রাখাল। সে যুবককে ঘুষি মেরে জাপটে ধরে চিৎকার দিল। চিৎকার শুনে ছুটে এল লোকজন। প্রাণে বেঁচে গেল শিশুটি, ধরা পড়ল ভাড়াটে হত্যাচেষ্টাকারী। এটি নাটক-চলচ্চিত্রের কোনো দৃশ্য নয়, একেবারে বাস্তব ঘটনা। যা গতকাল সোমবার ঘটেছে চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের (এসপি) বাংলো যে পাহাড়ের ওপর, সেই পাহাড়ের পাদদেশে। এটি মহানগরের রেলওয়ে সদর দপ্তরের (সিআরবি) পাশে।বাস্তরের এই বেঁচে যাওয়া ওই শিশুর নাম ফখরুদ্দিন ওরফে শাহীন। তাকে হত্যাচেষ্টাকারী যুবকের নাম নুরুল হক (২০)। আর সাহসিকতা দেখিয়ে শিশুটির প্রাণ রক্ষা করা রাখালের নাম স্বপন দত্ত (৩০)। এ কাজের জন্য তাঁকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার। নুরুলকে পুলিশ আটক করেছে।পুলিশ সূত্র জানায়, শিশু শাহীনের বাবা রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি ভোলা। তারা নগরের মাঝিরঘাট এলাকায় বসবাস করে। নুরুল কর্ণফুলী মাছঘাটের কুলি। তার বাড়ি কুমিল্লায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাঝিরঘাট থেকে শাহীনকে হাঁটিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে এসপির বাংলোর পাদদেশে নিয়ে আসে নুরুল। নির্জন এলাকা দেখে সে শাহীনের গলাটিপে ধরে। দূরে গরু চরাতে ব্যস্ত স্বপন দত্ত তা দেখে দ্রুত এগিয়ে গিয়ে নুরুলকে পেছন থেকে ঘুষি মারেন। এতে নুরুল শিশুটিকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্বপন তাকে জাপটে ধরে চিৎকার দেন। চিৎকার শুনে লোকজন ছুটে এসে নুরুলকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার ও নুরুলকে আটক করে। পরে তাদের কোতোয়ালি থানায় নেওয়া হয়। স্বপন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।প্রসঙ্গত, এসপির বাংলোর পেছনে গোয়ালপাড়ায় প্রচুর গরু পালা হয়। এসব গরু চরায় স্বপনের মতো বেশ কয়েকজন রাখাল।দুপুরের দিকে কোতোয়ালি থানায় গিয়ে দেখা যায়, থানা ভবনে শাহীন খেলছে। প্রশ্ন করলে সে জানায়, তার নাম ফখরুদ্দিন ওরফে শাহীন, গ্রামের বাড়ি ভোলা। পরে পুলিশ কর্মকর্তারা তাকে একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে খেলতে বলেন।নুরুল প্রথম আলোকে জানায়, ‘শাহীনকে হত্যার জন্য আমি ১০ হাজার টাকায় জনৈক জাকিরের সঙ্গে চুক্তিবদ্ধ হই। চুক্তির শর্ত অনুযায়ী আমাকে ২০০ টাকা অগ্রিম দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর বাকি টাকা দেওয়ার কথা ছিল।’ তবে কী কারণে শাহীনকে হত্যা করতে বলা হলো তা নুরুল জানায়নি। টাকার লোভে সে এ কাজ করার চেষ্টা করে বলে দাবি করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ দাশ বলেন, ‘শিশুটির বাবা-মা এবং জাকিরকে খুঁজে পাওয়া গেলে আমরা আসল রহস্য উদ্ঘাটন করতে পারব। তবে আমরা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছি, টাকার বিনিময়ে শাহীনকে হত্যার চেষ্টা করে নুরুল। সে তা স্বীকারও করেছে। জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’মহানগর পুলিশের উপকমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, রাখালের বিচক্ষণতা ও সাহসিকতায় শাহীন বেঁচে গেছে। পুলিশ কমিশনার মহোদয় ওই রাখালকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।